প্রকাশ্যে ‘টক্সিক’–এর ট্রেলার, ইয়াশকে দেখা যাবে দুই চরিত্রে
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এসেছে কন্নড় তারকা ইয়াশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’–এর ট্রেলার। শনিবার সন্ধ্যায় প্রকাশিত ট্রেলারে অ্যাকশন, রক্তপাত, বিস্ফোরণ ও প্রতিশোধের পাশাপাশি উঠে এসেছে পারিবারিক দ্বন্দ্ব এবং ক্ষমতার লড়াইয়ের নানা ইঙ্গিত। একাধিক চরিত্রে ইয়াশের উপস্থিতি সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে।
১৯৮০-এর দশকের গোয়াকে পটভূমি করে নির্মিত হয়েছে ‘টক্সিক’। ট্রেলারের শুরুতেই দেখা যায়, ইয়াশের অভিনীত একটি চরিত্রের সঙ্গে তাঁর ছেলের জটিল সম্পর্ক। এরপর একের পর এক সহিংস ও বিস্ফোরক দৃশ্যের মধ্য দিয়ে গল্পের বিভিন্ন দিক উন্মোচিত হয়।
সিনেমায় ইয়াশকে রায়া ও রুমি—দুই চরিত্রে দেখা যাবে। ট্রেলার থেকে ধারণা করা যাচ্ছে, বাবা-ছেলের আদর্শগত সংঘাত গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। একপর্যায়ে রায়া ও টক্সিককে মুখোমুখি সংঘর্ষেও দেখা যায়। ফলে তাঁদের সম্পর্কের টানাপোড়েন শেষ পর্যন্ত গল্পকে কোন দিকে নিয়ে যায়, তা নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।
‘টক্সিক’–এ ইয়াশের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, তারা সুতারিয়া, হুমা কুরেশি ও রুক্মিণী বসন্ত।
কিয়ারাকে নাদিয়া, নয়নতারাকে গঙ্গা, হুমা কুরেশিকে এলিজাবেথ, তারা সুতারিয়াকে রেবেকা এবং রুক্মিণী বসন্তকে মেলিসা চরিত্রে দেখা যাবে।
ট্রেলারের বিভিন্ন দৃশ্যে নারীবিদ্বেষ, রাগ, লোভ ও ক্ষমতার দ্বন্দ্বের মতো বিষয়ও উঠে এসেছে। ইয়াশের সঙ্গে কিয়ারা ও তারা সুতারিয়ার চরিত্রের সম্পর্কেরও নানা ইঙ্গিত পাওয়া গেছে। ফলে সিনেমার গল্প নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা।
সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘টক্সিক’–এর নতুন গান ‘মানমোহকা’। গানটিতে ইয়াশের সঙ্গে কিয়ারা ও তারা সুতারিয়াকে দেখা গেছে। তিন চরিত্রের মধ্যকার জটিল সম্পর্কের ইঙ্গিত মিলেছে গানটির দৃশ্যায়নেও।
এর আগে প্রকাশিত ‘তাবাহি’ গানটিও দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছিল। বিশেষ করে ইয়াশ ও কিয়ারার রসায়ন এবং তাঁদের ঘনিষ্ঠ দৃশ্যের উপস্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া।
গীতু মোহানদাস পরিচালিত ‘টক্সিক’ সিনেমাটি কন্নড় ও ইংরেজি ভাষায় ধারণ করা হয়েছে। পরে হিন্দি, তেলেগু, তামিল ও মালয়ালমসহ আরও কয়েকটি ভাষায় ডাব করে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
২০২৪ সালের আগস্টে সিনেমাটির শুটিং শুরু হয়। ২০২৫ সালের অক্টোবরে শেষ হয় দৃশ্যধারণ। বেঙ্গালুরু, মুম্বাই, গোয়া, তুতিকোরিন ও জয়পুরের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং হয়েছে।
ভেঙ্কট কে. নারায়ণ ও ইয়াশের প্রযোজনায় নির্মিত সিনেমাটি আগামী ২৬ আগস্ট বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array