রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদ ভবনে প্রস্তুতিমূলক বৈঠক
আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়।
জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হচ্ছে। জাতীয় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে অংশ নিয়েছেন।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ফলে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণের জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকেও বিভিন্ন প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি নিতে হচ্ছে।
বৈঠকে সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা, ভোটগ্রহণের স্থান ও সময়, অধিবেশন পরিচালনা, নিরাপত্তা এবং নির্বাচন-সংশ্লিষ্ট অন্যান্য প্রশাসনিক কার্যক্রম নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠক থেকেই রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে পরবর্তী করণীয় ও প্রয়োজনীয় দিকনির্দেশনা চূড়ান্ত হতে পারে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও তৎপরতা বেড়েছে। গত রোববার (৯ আগস্ট) রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বিএনপি।
রাষ্ট্রপতি পদে বিএনপির পক্ষ থেকে কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। এছাড়া স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়ের নামও আলোচনায় রয়েছে।
এর বাইরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। তবে বিএনপির একটি অংশ রাষ্ট্রপতি পদে দলীয় ও রাজনৈতিক নেতৃত্বের মধ্য থেকেই কাউকে বেছে নেওয়ার পক্ষে মত দিচ্ছে।
অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করেছে। সোমবার (১০ আগস্ট) জোটের একটি প্রতিনিধিদল আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে গিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন। ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে বৈঠক করে নির্বাচন আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।
কালের আলো/আরডি/এমডিএইচ

আপনার মতামত লিখুন
Array