৮০ টাকার গ্যাস পেতে ১২ ঘণ্টার অপেক্ষা, মহাসড়ক অবরোধ
চাহিদামতো সিএনজি গ্যাস সরবরাহ এবং জামালপুরে আরও একটি সিএনজি ফিলিং স্টেশন নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন অটোরিকশা চালকরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে জামালপুর শহরের বাইপাস এলাকায় জাবেদ ফিলিং স্টেশনের সামনে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কে ছোট-বড় ও দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে যায়।
চালকদের অভিযোগ, প্রায় দুই মাস ধরে গ্যাস সংকটের কারণে তারা চাহিদামতো সিএনজি গ্যাস পাচ্ছেন না। প্রতিদিন একটি অটোরিকশায় ৪০০ থেকে ৫০০ টাকার গ্যাস প্রয়োজন হলেও অনেক চালক ৮০ থেকে ১০০ টাকার বেশি গ্যাস পাচ্ছেন না। এর জন্য তাদের ১১ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লাইনে অপেক্ষা করতে হচ্ছে।
জামালপুর জেলায় বর্তমানে একটি মাত্র সিএনজি ফিলিং স্টেশন থাকায় জেলার বিভিন্ন উপজেলার চালকদের ৪০ থেকে ৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শহরে এসে গ্যাস নিতে হয়। চালকদের দাবি, দীর্ঘ পথ পাড়ি দিয়ে ফিলিং স্টেশনে এসে অল্প পরিমাণ গ্যাস পাওয়ায় বাড়ি থেকে পাম্পে আসা-যাওয়ার খরচেই সেই গ্যাস শেষ হয়ে যায়। ফলে তারা গাড়ি চালিয়ে আয় করতে পারছেন না।
অটোরিকশা চালক আকাশ বলেন, তার বাড়ি দেওয়ানগঞ্জে। সেখান থেকে জামালপুরে গ্যাস নিতে আসেন তিনি। তার গাড়িতে প্রায় ৫০০ টাকার গ্যাস প্রয়োজন হলেও ফিলিং স্টেশনে এসে ৮০ থেকে ১০০ টাকার গ্যাস পান। এত কম গ্যাসে বাড়ি থেকে পাম্পে আসা এবং বাড়ি ফেরার পথেই গ্যাস শেষ হয়ে যায়। ফলে ভাড়া মারার সুযোগ থাকে না।
চালকরা জাবেদ ফিলিং স্টেশনে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ এবং জামালপুরে আরও একটি সিএনজি ফিলিং স্টেশন নির্মাণের দাবি জানিয়েছেন। দাবি পূরণ না হলে অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
জাবেদ ফিলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক আতিকুল রহমান বাবর বলেন, ফিলিং স্টেশনের পক্ষ থেকে কোনো গাফিলতি নেই। তাদের কাছে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় চালকদের চাহিদা অনুযায়ী গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। যতক্ষণ গ্যাস সরবরাহ থাকে, ততক্ষণ তারা চালকদের গ্যাস দিয়ে থাকেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নাজমুল জান্নাত শাহ বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। চালকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array