খুঁজুন
                               
, ,
           

তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও উন্নয়নের পথে এগোচ্ছে বাংলাদেশ: এমরান সালেহ প্রিন্স

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিবেদক:
প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও উন্নয়নের পথে এগোচ্ছে বাংলাদেশ: এমরান সালেহ প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে তারেক রহমান ১৮০ দিনে দেশকে ১৮০ ডিগ্রি ঘুরিয়ে, গণতন্ত্র ও উন্নয়নের ইতিবাচক পথে যাত্রা শুরু করেছেন। দেশবাসীর সহযোগিতায় ইনশাআল্লাহ তারেক রহমান আত্মমর্যাদাশীল, কল্যাণমুখী ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবেন।’

সোমবার (১৭ আগস্ট) হালুয়াঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে হালুয়াঘাট পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল আজিজ খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আব্দুল আজিজ খান ছিলেন বিএনপির একজন ত্যাগী, পরোপকারী, মানবিক ও কর্মীবান্ধব নেতা। দলের প্রতিটি কর্মসূচি তিনি নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। বিএনপির আন্দোলন-সংগ্রামের প্রতিটি পর্যায়ে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দুঃসময়ে তিনি দলের পাশে ছিলেন এবং নেতাকর্মীদের সাহস জুগিয়েছেন।

তিনি বলেন, ‘আজিজ খান শুধু একজন রাজনৈতিক কর্মী বা নেতা ছিলেন না, তিনি ছিলেন মানুষের আপনজন। নেতাকর্মীদের বিপদে-আপদে তিনি পাশে দাঁড়াতেন। তাঁর মতো নিবেদিতপ্রাণ নেতার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। তাঁর ত্যাগ, আদর্শ ও মানবিক কর্মকাণ্ড আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবনের গুরুত্বপূর্ণ সময় ত্যাগ করেছেন, তাঁদের অবদান জাতি কখনো ভুলবে না। আব্দুল আজিজ খানও দলের দুঃসময়ে নিজের অবস্থান থেকে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর রাজনৈতিক জীবন নতুন প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুসরণীয়।

হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান স্বাধীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবির, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, কাজী ফরিদ আহমেদ পলাশ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসেনে আরা নীলু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজিকুল ইসলাম ও আনোয়ার হোসেন, জেলা যুবদলের সহ-সভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসিফ, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, শ্রমিক দলের সভাপতি আব্দুল গনি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, সদস্য সচিব আলিমুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনি, সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর এবং পৌর যুবদলের আবদুল মালেক সোহান।

পরে আব্দুল আজিজ খানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মরহুমের কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

এর আগে মরহুম আব্দুল আজিজ খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে হালুয়াঘাটে দলীয় কার্যালয়ে খতমে কোরআন অনুষ্ঠিত হয়। পরে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, বিএনপির ত্যাগী নেতা আব্দুল আজিজ খান ২০২৫ সালের ১৬ আগস্ট ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা তাঁর রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

কালের আলো/এম/এএইচ

নিউইয়র্কে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
নিউইয়র্কে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও হাইতির দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন তারা।

দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয় বৈঠকে।

এ ছাড়া বাণিজ্য, উন্নয়ন ও কূটনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও হাইতির বিদ্যমান সম্পর্ক সম্প্রসারণের নতুন সম্ভাবনা নিয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও সাইডলাইন বৈঠকে অংশ নিচ্ছেন তিনি।

কালের আলো/এমএসআইপি 

রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি, চ্যাম্পিয়ন দুর্গাপুর-গোদাগাড়ী

রাজশাহী সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি, চ্যাম্পিয়ন দুর্গাপুর-গোদাগাড়ী

রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে দুর্গাপুর থানা দল এবং নারী বিভাগে গোদাগাড়ী থানা দল চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজশাহী পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর ফাইনাল, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

চ্যাম্পিয়নশিপে জেলার আটটি পুরুষ দল ও চারটি নারী দল অংশ নেয়। ফাইনালে পুরুষ বিভাগে চারঘাট থানা দলকে হারিয়ে দুর্গাপুর থানা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নারী বিভাগে চারঘাট থানা দলকে পরাজিত করে শিরোপা জিতে নেয় গোদাগাড়ী থানা দল।

‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনাল ঘিরে পুলিশ লাইন্স মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম-সেবা। সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশীদ।

খেলা শেষে প্রধান অতিথি ও অনুষ্ঠানের সভাপতি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. আশিক সাঈদ যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠন ও কিশোর গ্যাং প্রতিরোধে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সমাপনী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কমিউনিটি পুলিশের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএসআইপি 

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লচনা এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারের মাজদিহি এলাকার অমৃত সিংয়ের ছেলে জয় সিং (২৩)। অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল থেকে মিরপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া ‘আলম এশিয়া পরিবহনের’ একটি বাস লচনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাসটি অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাভীদ রাইয়ান বিন শহিদ জানান, রাত ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়েছিল।

শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বলেন, দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়েছে। বাকি দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মরদেহগুলো বর্তমানে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

কালের আলো/আরডি/এমডিএইচ