খুঁজুন
                               
, ,
           

তৃতীয়বার জুটি বাঁধছেন শাকিব-ইধিকা, ‘নিঃস্ব’তে হ্যাটট্রিক

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
তৃতীয়বার জুটি বাঁধছেন শাকিব-ইধিকা, ‘নিঃস্ব’তে হ্যাটট্রিক

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল আবারও জুটি বাঁধছেন। মেহেদী হাসান হৃদয় পরিচালিত বিগ-বাজেট সিনেমা ‘নিঃস্ব’-তে তৃতীয়বারের মতো একসঙ্গে দেখা যাবে তাদের। সবকিছু ঠিক থাকলে সিনেমাটি হবে শাকিব-ইধিকা জুটির তৃতীয় সিনেমা।

২০২৩ সালে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধেন শাকিব ও ইধিকা। ইধিকার ক্যারিয়ারের প্রথম সিনেমাই তাকে এনে দেয় ব্যাপক পরিচিতি। সিনেমাটিতে তাদের প্রেমের রসায়ন দর্শকদের প্রশংসা কুড়ায়।

এরপর দুই বছরের বিরতিতে আবারও একসঙ্গে পর্দায় হাজির হন তারা। ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাওয়া মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমায় অ্যাকশন ও রোমান্টিকতার মিশেলে নতুনভাবে দেখা যায় এই জুটিকে। সিনেমাটিতেও তাদের রসায়ন দর্শকের নজর কাড়ে। প্রযোজনা সংশ্লিষ্টদের দাবি, বক্স অফিসেও সিনেমাটি বড় সাফল্য পেয়েছে।

দুটি সিনেমার পর এবার তৃতীয়বার একসঙ্গে আসছেন শাকিব-ইধিকা। ফলে ‘নিঃস্ব’ নিয়ে দর্শকের আগ্রহও বাড়ছে। আগের দুই সিনেমার সাফল্যের কারণে নতুন সিনেমাটিকে ঘিরে প্রত্যাশাও তৈরি হয়েছে।

সিনেমাটির নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে শুরু থেকেই নানা আলোচনা ছিল। একপর্যায়ে ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূরের নামও শোনা যায়। তবে সংশ্লিষ্ট সূত্র সেই গুঞ্জন নাকচ করে ইধিকা পালকেই চূড়ান্ত করার কথা জানিয়েছে।

তবে নির্মাতা মেহেদী হাসান হৃদয় এখনো আনুষ্ঠানিকভাবে নায়িকার নাম ঘোষণা করেননি। বিশেষ একটি অ্যানাউন্সমেন্ট ভিডিওর মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

বর্তমানে ‘নিঃস্ব’-এর চিত্রনাট্য ঘষামাজার কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী আগামী অক্টোবরের শেষ সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হতে পারে। ২০২৭ সালের পবিত্র ঈদুল ফিতরকে লক্ষ্য করে মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে।

‘প্রিয়তমা’র প্রেম ও আবেগের পর ‘বরবাদ’-এ অ্যাকশন-রোমান্স—দুই সিনেমায় শাকিব-ইধিকা জুটির ভিন্ন ভিন্ন রূপ দেখেছেন দর্শক। এবার ‘নিঃস্ব’-তে নতুন গল্প ও চরিত্রে তাদের রসায়ন কতটা জমে, সেটিই দেখার অপেক্ষা।

কালের আলো/এসএ

অবশেষে আমানত ফেরত পাচ্ছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
অবশেষে আমানত ফেরত পাচ্ছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি হিসাবের গ্রাহকদের আমানতের মূল টাকা ফেরত দেওয়ার কার্যক্রম আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। প্রাথমিকভাবে গ্রাহকেরা তাদের হিসাবের জমা মূল অর্থ এককালীন উত্তোলন বা নগদায়ন করতে পারবেন। তবে এ অর্থের বিপরীতে কোনো মুনাফা দেওয়া হবে না।

এ জন্য আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যাংকের শাখা ও উপশাখায় আবেদন গ্রহণ করা হবে। ব্যাংকটির প্রধান কার্যালয় থেকে জারি করা বিশেষ নির্দেশনায় প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট বিভাগ, জোন ও শাখা ব্যবস্থাপকদের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি হিসাবে স্বাভাবিক লেনদেন পুনরায় চালুর কথা রয়েছে। তবে নগদ অর্থের চাহিদা, বাংলাদেশ ব্যাংক থেকে নগদ সরবরাহ নিশ্চিত করা এবং নিরাপদ ক্যাশ ব্যবস্থাপনার প্রস্তুতির কারণে আমানতের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম ৭ সেপ্টেম্বর থেকে পূর্ণমাত্রায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাংকের আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং বিভিন্ন মেয়াদি আমানত—যেমন এমটিডিআর ও ডিপিএস—থেকে গ্রাহকেরা মূল টাকা উত্তোলন করতে পারবেন। যারা হিসাব বন্ধ না করে চালু রাখবেন, তারা চুক্তি অনুযায়ী নির্ধারিত হারে মুনাফা পেতে থাকবেন।

গ্রাহকদের আস্থা পুনর্গঠনের লক্ষ্যে ১ সেপ্টেম্বরকে বিশেষ দিবস হিসেবে পালনের উদ্যোগ নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এদিন শাখা-উপশাখাগুলো সাজানো, গ্রাহকদের ফুল বা উপহার দিয়ে অভ্যর্থনা এবং জ্যেষ্ঠ নাগরিক, নারী ও প্রতিবন্ধী গ্রাহকদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির কারণে দীর্ঘদিন আমানত ফেরত দিতে না পারা এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে। পাঁচ ব্যাংকে প্রায় ৭৬ লাখ আমানতকারীর মোট ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে বলে জানানো হয়েছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

আইপিইউ মহাসচিবের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
আইপিইউ মহাসচিবের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

জাতীয় সংসদকে আরও কার্যকর এবং জাতীয় গুরুত্বপূর্ণ আলোচনা ও সংলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত করার বিষয়ে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (৩১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে বাংলাদেশে সফররত আইপিইউ মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে বিরোধী দলের ভূমিকা এবং সংসদে সরকারি ও বিরোধী দলের সমতাভিত্তিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন ডা. শফিকুর রহমান।

বৈঠকে গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের মধ্যে নিয়মিত আলাপ-আলোচনা ও সংলাপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সংসদীয় কমিটিগুলোর কার্যকারিতা বাড়ানো এবং তরুণ সংসদ সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

আইপিইউ মহাসচিব আন্দা ফিলিপ বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় সংস্থাটির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে।

এ সময় আইপিইউ মহাসচিবের সঙ্গে সংস্থাটির প্রোগ্রাম অফিসার রবার্তো রদ্রিগুয়েজ ভ্যালেন্সিয়া এবং সিনিয়র এক্সপার্ট হেরিয়েনো এ এ্যাংগোরো উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিরোধীদলীয় নেতার সঙ্গে জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

গুমের বিচারে বাধা ঠেকাতে আইন করা হচ্ছে: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
গুমের বিচারে বাধা ঠেকাতে আইন করা হচ্ছে: চিফ প্রসিকিউটর

গুমের তদন্ত ও বিচারের ক্ষেত্রে প্রস্তাবিত আইনে বাহিনীকে সুরক্ষা দেওয়ার সুযোগ রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

সোমবার (৩১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে ডাকসু আয়োজিত আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আলোচনা সভায় ‘শুনতে কি পাও’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, বাংলাদেশে গুমের ঘটনা নিয়ে তদন্ত করতে গিয়ে এমন ভয়াবহ সব তথ্য পাওয়া গেছে, যা সাধারণ মানুষের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। কিন্তু প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষ্য এবং বিভিন্ন নথিপত্রে এসব ঘটনার প্রমাণ পাওয়া গেছে।

তিনি আরও বলেন, গুমের ভয়াবহতা উপলব্ধি করতে না পারলে গুম প্রতিরোধে আইন ও সামাজিক ব্যবস্থা পরিবর্তনের প্রয়োজনীয়তা আমরা বুঝতে পারব না।

গুমের ঘটনায় এক প্রত্যক্ষদর্শীকে দিনের পর দিন জিজ্ঞাসাবাদের একটি ঘটনা তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, ওই ব্যক্তি প্রথম কয়েক দিন কোনো তথ্য দিতে চাননি। পরে গভীর রাতে তিনি তদন্তকারীদের জানান, এতদিন তিনি যা বলেছেন, তা মোট ঘটনার মাত্র এক শতাংশ। এরপর তিনি বিস্তারিত বলতে শুরু করেন। প্রায় দুই ঘণ্টা ধরে তার বক্তব্য টাইপ করার একপর্যায়ে টাইপিস্টের হাতও অবশ হয়ে যায়।

তাজুল ইসলাম বলেন, গুমের পর হত্যার ঘটনায় একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা হতো। বন্দিদের গোপন আটককেন্দ্র থেকে রাতে বের করে বিভিন্ন এলাকায় নেওয়া হতো। পরে গুলি করে বা বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে হত্যা করে লাশ নদী, খাল কিংবা নালায় ফেলে দেওয়া হতো।

তিনি জানান, তদন্তে এমন একজন সাবেক র‍্যাব কর্মকর্তার সাক্ষ্য পাওয়া গেছে, যিনি ২০১১ সালে পদ্মা নদীতে একটি অভিযানে তিনজন বন্দিকে হত্যার ঘটনা প্রত্যক্ষ করেছিলেন। ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, গোয়েন্দা শাখার এক কর্মকর্তা তিন বন্দিকে নিয়ে স্পিডবোটে ওঠেন। পরে নদীর মাঝখানে গিয়ে একজনকে গুলি করে এবং আরেকজনকে বিষাক্ত ইনজেকশন দিয়ে হত্যা করা হয়। তৃতীয় ব্যক্তিকেও গুলি করে হত্যা করা হয়। পরে লাশগুলো নদীতে ফেলে দেওয়া হয়।

চিফ প্রসিকিউটর বলেন, ওই কর্মকর্তা এসব ঘটনার প্রতিবাদ করায় পরবর্তী সময়ে তাকে বদলি করা হয়েছিল। তদন্তে তার বদলির তারিখের সঙ্গে মিলিয়ে ওই সময়ের সংবাদপত্রের প্রতিবেদনও খুঁজে পাওয়া যায়। সেখানে একই রাতে ওই এলাকার আশপাশে কয়েকটি অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধারের তথ্য পাওয়া যায়।

গুমের ঘটনায় সাংকেতিক শব্দ ব্যবহারের কথাও তুলে ধরেন তাজুল ইসলাম। তিনি বলেন, বন্দিদের হত্যা করে লাশ ফেলে দেওয়াকে বিভিন্ন সাংকেতিক নামে ডাকা হতো। এসব ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ অপরাধ সম্পর্কে জানতে চাইলে তাদেরও চাপ ও হুমকি দেওয়া হতো।

শীতলক্ষ্যা ও বলেশ্বর নদীতে গুমের পর লাশ ফেলার ঘটনাও তুলে ধরেন তিনি। তাজুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে এক রাতে একাধিক মানুষকে হত্যা করে লাশ ফেলে দেওয়ার তথ্য তদন্তে পাওয়া গেছে। বন্দিদের ট্রলারে করে নদীর নির্জন এলাকায় নিয়ে যাওয়া হতো। সেখানে সিমেন্টের বস্তা দিয়ে শরীর চেপে ধরে মাথায় গুলি করে, পেট কেটে লাশ নদীতে ফেলে দেওয়া হতো।

তিনি আরও বলেন, হত্যার সময় বন্দিদের মাথার বিশেষ টুপি খুলে দেওয়া হতো, যাতে মাথায় গুলি সরাসরি করা যায়। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট নৌকার মাঝিদের কাছ থেকেও এ ধরনের ঘটনার সাক্ষ্য পাওয়া গেছে। গুলি করার সময় রক্ত ও মগজ ছিটকে পড়া ঠেকাতে বালিশ ব্যবহার করা হতো বলেও সাক্ষ্য পাওয়া গেছে।

বলেশ্বর নদীর ঘটনায় প্রায় ২০ থেকে ২২ জন সাক্ষীর তথ্য সংগ্রহ করা হয়েছে জানিয়ে তাজুল ইসলাম বলেন, তাদের কয়েকজন ইতোমধ্যে আদালতে সাক্ষ্য দিয়েছেন।

তিনি আরও বলেন, এই যে অজস্র কাহিনী, এটা সিস্টেমেটিক উপায়ে গোটা রাষ্ট্রকে একটা ভয়ের মধ্যে প্রবেশ করিয়েছিল।

প্রস্তাবিত গুম প্রতিরোধ আইন নিয়েও কঠোর সমালোচনা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তিনি বলেন, প্রস্তাবিত আইনের ১৪ ধারায় বলা হয়েছে, কোনো বাহিনীর সদস্যদের বিরুদ্ধে গুমের অভিযোগ উঠলে ওই বাহিনী ছাড়া অন্য বাহিনী তদন্ত করবে। কিন্তু বাস্তবে একটি গুমের ঘটনায় একাধিক বাহিনী যুক্ত থাকায় কোন বাহিনী মূল অপরাধ করেছে, তা নির্ধারণ করাই কঠিন।

তাজুল ইসলাম বলেন, আপনি কীভাবে আইডেন্টিফাই করবেন যে কোন বাহিনী অপহরণটা করেছে? কারণ আমরা যে মামলাগুলো তদন্ত করেছি, সেখানে দেখা গেছে এক বাহিনী অপহরণ করে, আরেক বাহিনীর হাতে দেয়, অন্য একটি গ্রুপ বন্দি রাখে এবং হত্যার সময় আবার আরেক গ্রুপের হাতে তুলে দেওয়া হয়।

এ কারণে প্রস্তাবিত আইনকে ‘অকার্যকর ও অদ্ভু’ বলে মন্তব্য করেন তিনি।

মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাজুল ইসলাম। তার অভিযোগ, গুমের অভিযোগের তদন্ত সংশ্লিষ্ট বাহিনীর ওপর ছেড়ে দিলে অভিযুক্ত বাহিনীই নিজেদের বিরুদ্ধে তদন্ত করবে। এতে আলামত নষ্ট কিংবা তদন্ত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা থাকে।

তাজুল ইসলাম বলেন, যিনি গুম করে মানুষ মেরে ফেলছেন, তার কাছে সুপারিশ করা হচ্ছে— অনুগ্রহ করে আপনি সুপারিশমালা বাস্তবায়ন করুন। এই আইনের প্রস্তাবটা কাদের সুরক্ষা দেওয়ার জন্য?

তিনি আরও বলেন, কোনো বাহিনীকে সুরক্ষা দেওয়ার চেষ্টা শেষ পর্যন্ত ওই বাহিনীর সদস্যদেরই আরও বড় বিপদের মুখে ফেলতে পারে। কারণ অপরাধ গোপন করার চেষ্টা পরবর্তী সময়ে আলাদা অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে এবং বিচ্ছিন্ন গুমের ঘটনা ব্যাপক আকার ধারণ করলে তা মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে যেতে পারে।

এই আইনজীবী বলেন, গোপন করে কেউ কোনোদিন রক্ষা পায় না। জিয়াউল হাসানও মনে করেছিল গোপন করে সে রক্ষা পাবে। কিন্তু দুই কাঁধে দুই ফেরেশতা সব লিখে রাখছে।

বর্তমান সরকারের প্রতি গুমের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে তাজুল ইসলাম বলেন, জনগণ বর্তমান সরকারকে একটি বড় সুযোগ দিয়েছে। সঠিকভাবে আইন প্রণয়ন ও বিচার নিশ্চিত করতে পারলে জনগণ ভবিষ্যতেও তাদের সমর্থন করবে।

তিনি আরও বলেন, প্রয়োজন হলে আমরা ফিফটি-ফিফটি দিব আপনাদের। আপনাকেই ভোট দিব। ঠিকমতো আইনগুলো করেন, ঠিকমতো বিচারগুলো করেন।

রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সংঘাতের বিষয়েও সতর্ক করেন তিনি। সরকারি দল ও বিরোধী দলের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে তাজুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের জনগণ নতুন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করেছে। এই পরিবেশকে আবার সংঘাত ও অন্ধকারের দিকে নিয়ে যাওয়া উচিত নয়।

তিনি আরও বলেন, আপনারা আবার কেন অন্ধকারের দিকে যেতে চান? আপনাদের জনগণ ক্ষমতায় বসিয়েছে। সরকারি দল-বিরোধী দল আপনারা কেউ যদি আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে না পারেন, এই জনগণ কিন্তু আগের জনগণ না। যারা ৩৬ জুলাইয়ে বিপ্লব করতে পেরেছে, তারা আপনাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারবে।

কালের আলো/আরডি/এমডিএইচ