খুঁজুন
                               
, ,
           

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা সীমিত করল মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ণ
বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা সীমিত করল মালয়েশিয়া

বাংলাদেশসহ ৩১টি দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। নতুন নীতির ফলে বাংলাদেশি পর্যটকদের জন্য ভিজিট ভিসায় এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সুযোগ কমে যাবে। সাধারণত তাদের জন্য প্রযোজ্য হবে সিঙ্গেল এন্ট্রি ভিসা।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে সব দেশের নাগরিকদের জন্য ঢালাওভাবে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে না। দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকদের ক্ষেত্রে ভিজিট ভিসায় এই সুবিধা বাতিল করে সিঙ্গেল এন্ট্রি ভিসা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ-সংক্রান্ত দেশগুলোর তালিকাও প্রকাশ করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

তবে নির্দিষ্ট কিছু মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ব্যবসা, চিকিৎসা, ফ্লাই অ্যান্ড ক্রুজ এবং ওয়েডিং ট্যুরিজম।

ইমিগ্রেশন বিভাগের নতুন এই নীতি মূলত ভিজিট ভিসা বা সামাজিক ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি বা অন্যান্য বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট কিংবা কর্মসংক্রান্ত ভিসার ওপর এর সরাসরি কোনো প্রভাব নেই।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন ভিসা নীতির বিষয়টি জানানো হয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ণ
শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ

সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী শুক্রবার (৪ সেপ্টেম্বর)। আজ দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন করবেন।

জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

হিন্দু পুরাণ মতে, ভগবান শ্রী কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরও বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে-যুগে ভগবান মানুষের মধ্যে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।

জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সর্বজনীন পূজা কমিটি ও ইসকনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি। বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান।

শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মহানগর সর্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, আগামীকাল সকাল ৮টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ ও বিকেল ৩টায় ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল ও রাতে শ্রীকৃষ্ণ পূজা।

ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে আয়োজিত গীতাযজ্ঞ পরিচালনা করবেন চট্টগ্রামের সীতাকুন্ডের শংকর মঠ ও মিশন। বিকেল ৩টায় পলাশীর মোড়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর এই ঐতিহাসিক মিছিল প্রতি বছরের মতোই জগন্নাথ হল, শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট মোড়, বঙ্গবাজার, গোলাপশাহ মাজার হয়ে পুরনো ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এ উপলক্ষে (৩ সেপ্টম্বর থেকে ৫ সেপ্টম্বর পর্যন্ত) তিন দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্য রয়েছে শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন কীর্তন, ভোগ আরতি, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় নাটক কীর্তন মেলা।

কালের আলো/আরডি/এমডিএইচ

পাটোয়ারীর আক্রমণ মির্জা আব্বাসকে মৃত্যুর মুখোমুখি করেছিল: রাশেদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৪ পূর্বাহ্ণ
পাটোয়ারীর আক্রমণ মির্জা আব্বাসকে মৃত্যুর মুখোমুখি করেছিল: রাশেদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারীর ব্যক্তিগত আক্রমণ ও মানসিক নির্যাতনের কারণে মির্জা আব্বাস স্ট্রোক করে মৃত্যুর মুখোমুখি হয়েছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

রাশেদ খান বলেন, ‘মির্জা আব্বাস ভাইয়ের স্ট্রোক কোনো দুর্ঘটনা নয়, নাসিরুদ্দিন পাটোয়ারীর পরিকল্পিত ব্যক্তিগত আক্রমণের শিকার তিনি।’

তিনি দাবি করেন, জাতীয় সংসদে মির্জা আব্বাস কাঁদোকাঁদো অবস্থায় বক্তব্য দিয়েছেন। এখনো তিনি পুরোপুরি সুস্থ নন। নিজে হাঁটতে পারেন না, কথা অস্পষ্ট এবং এক হাত নাড়াতেও তার কষ্ট হয়।

রাশেদের অভিযোগ, নির্বাচনের আগে নাসির উদ্দীন পাটোয়ারীর নানা মন্তব্য ও আচরণ মির্জা আব্বাসকে সহ্য করতে হয়েছে। নির্বাচনের পরও তিনি পাটোয়ারীর মানসিক চাপ থেকে মুক্তি পাননি। এমনকি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মির্জা আব্বাসের প্রতিকৃতি বানিয়ে পাটোয়ারী বক্সিং করেছিলেন বলেও অভিযোগ করেন তিনি।

রাশেদ খান আরও বলেন, অসুস্থতার জন্য কাউকে সরাসরি দায়ী করা না গেলেও দিনের পর দিন ব্যক্তিগত আক্রমণ ও মানসিক যন্ত্রণার কারণে স্ট্রোকের পেছনে এর প্রভাব থাকার বিষয়টি অস্বীকার করা যায় না।

মির্জা আব্বাসের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ তুলে রাশেদ বলেন, ঢাকার রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় এই নেতা ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের সময় ঢাকাকে সংগঠিত করতে ভূমিকা রেখেছিলেন। রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘ সময় কারাবরণও করেছেন।

রাশেদের আরও দাবি, মির্জা আব্বাসকে ওসমান হাদী হত্যার সঙ্গে জড়িয়ে অপবাদ দেওয়া হয়েছে এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ওপর ‘মব’ করা হয়েছে। এসব ঘটনায় তিনি দীর্ঘদিন মানসিক যন্ত্রণায় ছিলেন বলেও দাবি করেন রাশেদ খান।

তবে মির্জা আব্বাসের স্ট্রোকের সঙ্গে নাসির উদ্দীন পাটোয়ারীর কথিত আক্রমণ বা মানসিক নির্যাতনের সরাসরি চিকিৎসাবৈজ্ঞানিক সম্পর্কের বিষয়ে কোনো স্বাধীন প্রমাণের কথা পোস্টে উল্লেখ করা হয়নি।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ৯৬ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:১০ পূর্বাহ্ণ
ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ৯৬ জন আটক

ক্রোয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় বাংলাদেশিসহ ৯৬ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়া ও হার্জেগোভিনার সীমান্ত পুলিশ।

বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা জানান, বুধবার সীমান্ত নজরদারি অভিযানে পৃথক দুটি ঘটনায় তাদের আটক করা হয়।

সীমান্ত পুলিশের তথ্য অনুযায়ী, বিকেলে বিস্ত্রিৎসা গ্রামের কাছে দুটি নৌকা থেকে ৬৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৪০ জন পাকিস্তানি ও ২৩ জন বাংলাদেশি নাগরিক। এ সময় দুজনকে মানবপাচারকারী হিসেবে সন্দেহ করা হয়।

এর কয়েক ঘণ্টা পর একই এলাকায় অভিযান চালিয়ে আরও ৩৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১৮ জন আফগান, ১৩ জন বাংলাদেশি এবং দুজন পাকিস্তানি নাগরিক।

আটক অভিবাসনপ্রত্যাশীদের বিষয়ে দেশটির ফরেনার্স অ্যাফেয়ার্স সার্ভিসের বানিয়া লুকা ফিল্ড সেন্টারকে অবহিত করা হয়েছে।

ঘটনাগুলোর বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে বসনিয়া ও হার্জেগোভিনার সীমান্ত পুলিশ।

তথ্যসূত্র: সিনহুয়া

কালের আলো/এসকে/এমএসআইপি