‘সংস্কৃতি কি শুধুই নারীর ক্লিভেজে সীমাবদ্ধ?’ প্রশ্ন ঐশ্বরিয়ার
শোবিজ অঙ্গনে তারকাদের পোশাক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। বিশেষ করে নারী তারকারা কী পরছেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই শুরু হয় সমালোচনা ও ট্রোলিং।
এবার এমন বিতর্কের জবাব দিয়ে সরব হয়েছেন দক্ষিণী অভিনেত্রী ঐশ্বরিয়া লক্ষ্মী। চলতি বছরের মে মাসে একটি জুয়েলারি প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন অভিনেত্রী। ওই অনুষ্ঠানে তার পরা পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ট্রোলিংয়ের মুখে পড়তে হয় তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনার নেপথ্যের বিষয়টি তুলে ধরে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ঐশ্বরিয়া।
অভিনেত্রী জানান, অনুষ্ঠানে তার অস্বস্তির কারণ পোশাক নয়; বরং সেখানে উপস্থিত কিছু ফটোগ্রাফারের আচরণ। তার অভিযোগ, ক্যামেরার ফোকাস তার মুখের পরিবর্তে শরীরের বিভিন্ন অংশে ছিল। বিষয়টি তাকে অস্বস্তিতে ফেলেছিল এবং তার ব্যক্তিগত সীমানাকেও লঙ্ঘন করেছে বলে মনে করেন তিনি।
ঐশ্বরিয়ার দাবি, অনেকেই তার অস্বস্তি লক্ষ্য করলেও এর প্রকৃত কারণ বুঝতে পারেননি। বরং বিষয়টি নিয়ে তার পোশাককেই আলোচনার কেন্দ্রে আনা হয়েছে।
ট্রোলিংয়ের প্রসঙ্গ টেনে অভিনেত্রী প্রশ্ন তোলেন, সংস্কৃতি কি কেবল একজন নারীর ক্লিভেজ কিংবা পোশাকের দৈর্ঘ্যের মধ্যেই সীমাবদ্ধ? তার মতে, শালীনতা শুধু পোশাকে প্রকাশ পায় না; মানুষের আচরণেও এর প্রতিফলন ঘটে। ঐশ্বরিয়া আরও বলেন, দেশের জিডিপি কিংবা বয়স্ক বাবা-মাকে দেখভালের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা না করে কেন একজন নারীর পোশাক নিয়ে এত দীর্ঘ বিতর্ক তৈরি হয়- সেটিই বরং ভাবার বিষয়।
তার এমন মন্তব্যের পর নারী তারকাদের পোশাক, ব্যক্তিস্বাধীনতা ও সমাজের দ্বিমুখী নীতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই অভিনেত্রীর স্পষ্ট ও সাহসী অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন।
কালের আলো/এমআর

আপনার মতামত লিখুন
Array