খুঁজুন
                               
, ,
           

জবি উপাচার্যের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ, শিক্ষার মান উন্নয়নে গুরুত্ব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
জবি উপাচার্যের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ, শিক্ষার মান উন্নয়নে গুরুত্ব

দেশের বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে আরও বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি বলেন, বৈশ্বিক অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের একাধিক ভাষায় দক্ষতা অর্জন করা প্রয়োজন। এ জন্য শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ট্রেজারার উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএসআইপি 

একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর

শিক্ষা ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে আবারও অনলাইন আবেদন নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়ে চলবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।

সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর রাত ৮টায়। ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীরা ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত তাদের নির্বাচন নিশ্চায়ন করতে পারবেন।

যারা আবেদন করতে পারবেন

দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন—

  • আগে আবেদন করেননি এমন শিক্ষার্থীরা।
  • আবেদন করেও কোনো কলেজে সিলেকশন পাননি এমন শিক্ষার্থীরা।
  • চূড়ান্ত মনোনয়ন পেয়েও নির্ধারিত সময়ে নিশ্চায়ন বা কলেজে ভর্তি হতে পারেননি এমন শিক্ষার্থীরা।
  • ভুল কোটা নির্ধারণের কারণে মনোনয়ন পেয়েও কলেজে ভর্তি হতে পারেননি এমন শিক্ষার্থীরা।

আবেদন করবেন যেভাবে

শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুসরণ করে আবেদন করতে হবে। কলেজের বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দ দিতে পারবেন।

গুরুত্বপূর্ণ সময়সূচি

  • অনলাইন আবেদন: ২৭ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত
  • ফল প্রকাশ: ১ অক্টোবর রাত ৮টা
  • নিশ্চায়ন: ফল প্রকাশের পর থেকে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত
  • দ্বিতীয় মাইগ্রেশনের ফল: ৪ অক্টোবর রাত ৮টা
  • কলেজে ভর্তি: ৫ অক্টোবর থেকে ৭ অক্টোবর

নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী নির্বাচন নিশ্চায়ন না করলে তার নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

এদিকে, প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে সিলেকশন না পাওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তাদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ সিলেকশন বা এডিট সম্পন্ন করতে হবে।

কালের আলো/এসএ

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, একদিনে আরও ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, একদিনে আরও ৬ জনের মৃত্যু

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৫৫ জন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন রোগীরা হাসপাতালে ভর্তি হন।

নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৩৩৩ জন, ঢাকা বিভাগে ২৮১ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৪ জন, বরিশালে ২১৭ জন, খুলনায় ২৭১ জন, রাজশাহীতে ১৪৬ জন, সিলেটে ৯ জন, রংপুরে ৪১ জন এবং ময়মনসিংহে ৪৩ জন রয়েছেন।

মৃতের সংখ্যা ১৯০

নতুন ছয়জনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ জনে। এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৬২৭ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ৫৯ হাজার ৮৩ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ৭৩৭ জন।

সেপ্টেম্বরে আক্রান্তের রেকর্ড

চলতি বছরের মধ্যে সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুর সংক্রমণ সবচেয়ে বেশি হয়েছে। ২১ সেপ্টেম্বর পর্যন্ত এ মাসে ২৭ হাজার ৭৮১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী। আর চলতি বছরে ডেঙ্গুতে মৃতদের মধ্যে পুরুষ ৫২ দশমিক ৬ শতাংশ এবং নারী ৪৭ দশমিক ৪ শতাংশ।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) ডেঙ্গুতে সারাদেশে ছয়জনের মৃত্যু হয়েছিল। ওই দিন নতুন করে ১ হাজার ৫৯৩ জন হাসপাতালে ভর্তি হন।

আগের বছরগুলোর তুলনায় পরিস্থিতি

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু হয় ৫৭৫ জনের।

এর আগে ২০২৩ সালে দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা যায়। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি ডেঙ্গুতে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

কালের আলো/এমএসআইপি 

মাদকের টাকা না পেয়ে ১৩ মাসের মেয়েকে বিক্রি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
মাদকের টাকা না পেয়ে ১৩ মাসের মেয়েকে বিক্রি

গাইবান্ধায় মাদক সেবনের টাকা না পেয়ে নিজের ১৩ মাস বয়সী কন্যাসন্তানকে ৩১ হাজার টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযান চালিয়ে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে শিশুর বাবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাদুল্লাপুর উপজেলার সাহারাবাজার (মন্দুয়ার) গ্রামের মো. হামিদুল ইসলাম (৩৩), গাইবান্ধা সদর উপজেলার উত্তর কোমরপুর গ্রামের মো. আব্দুল মজিদ সরকার (৩৬), ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামের মোছা. মোর্শেদা খাতুন (৪৫) এবং একই গ্রামের মোছা. জেসমিন আক্তার (২৮)।

পুলিশ জানায়, হামিদুল ইসলাম মাদকাসক্ত। স্ত্রীর কাছে মাদক কেনার টাকা না পেয়ে গত ১৭ জুলাই বিস্কুট কিনে দেওয়ার কথা বলে ১৩ মাস বয়সী মেয়ে ফাতেমা আক্তার জান্নাতকে বাড়ি থেকে বাজারে নিয়ে যান। পরে আব্দুল মজিদ সরকার ও মোর্শেদা খাতুনের মধ্যস্থতায় শিশুটিকে জেসমিন আক্তারের কাছে ৩১ হাজার টাকায় বিক্রি করা হয় বলে অভিযোগ।

সন্তানকে ফিরে পেতে শিশুটির মা মোছা. রোমানা খাতুন (২২) পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১০০ ধারায় আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৭ আগস্ট শিশুটির বাবার বিরুদ্ধে তল্লাশি পরোয়ানা জারি করা হয়।

এরপর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে। গত রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সাদুল্লাপুরের সাহারাবাজার মোড় থেকে হামিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হামিদুলের দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুরের পীরগঞ্জ উপজেলার ছোট উমরপুর গ্রাম থেকে আব্দুল মজিদ সরকারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত সাড়ে ৮টার দিকে ফুলছড়ির মদনেরপাড়া থেকে মোর্শেদা খাতুনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় জেসমিন আক্তারের হেফাজত থেকে শিশু ফাতেমা আক্তার জান্নাতকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, উদ্ধার হওয়া শিশুটিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মায়ের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শিশুটির মা রোমানা খাতুন বলেন, দীর্ঘদিন ধরে তিনি সন্তানের জন্য ছুটেছেন। তাঁর অভিযোগ, মাদকের টাকা না পেয়ে তাঁর স্বামী কৌশলে মেয়েকে নিয়ে উধাও হন এবং পরে তাকে বিক্রি করে দেন। এ ঘটনায় তিনি স্বামীর কঠোর শাস্তি দাবি করেন।

কালের আলো/এসএ