খুঁজুন
                               
, ,
           

ডিজিটাল যুগেও ময়মনসিংহে দেয়াল পত্রিকায় পাঠকের ভিড়

ময়মনসিংহ প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ
ডিজিটাল যুগেও ময়মনসিংহে দেয়াল পত্রিকায় পাঠকের ভিড়

হাতে হাতে স্মার্টফোন, মুহূর্তেই জানা যাচ্ছে দেশ-বিদেশের সর্বশেষ খবর। অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারে সংবাদপাঠের ধরন বদলে গেলেও ময়মনসিংহ নগরীতে এখনো পাঠকের আগ্রহ ধরে রেখেছে দেয়াল পত্রিকা। নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে দৈনিক আজকের ময়মনসিংহের দেয়াল সংস্করণ ঘিরে প্রতিদিনই দেখা যাচ্ছে পাঠকদের ভিড়।

ব্যস্ত সড়কের পাশে সাঁটানো পত্রিকাটির সামনে পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কিছুক্ষণ দাঁড়িয়ে সংবাদ পড়ছেন। কেউ মনোযোগ দিয়ে শিরোনাম দেখছেন, আবার কেউ স্থানীয় ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে পরিচিতজনের সঙ্গে আলোচনা করছেন। বিশেষ করে স্থানীয় সংবাদ ও গুরুত্বপূর্ণ খবর জানতে অনেকেই দেয়াল পত্রিকার আশ্রয় নিচ্ছেন।

একসময় শহর ও গ্রামের বাজার, বাসস্ট্যান্ড, দোকানপাট এবং গুরুত্বপূর্ণ মোড়ে দেয়াল পত্রিকা ছিল সংবাদ জানার পরিচিত মাধ্যম। প্রযুক্তির প্রসার ও অনলাইন সংবাদমাধ্যমের জনপ্রিয়তায় সেই চর্চা অনেকটাই কমে এলেও ময়মনসিংহে দেয়াল পত্রিকার এই উদ্যোগ পুরোনো সংবাদপাঠের ঐতিহ্যকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

দৈনিক আজকের ময়মনসিংহ পত্রিকাটির প্রতিষ্ঠালগ্ন থেকেই সম্পাদনার দায়িত্ব পালন করছেন আলহাজ্ব মোঃ শামসুল আলম খান। তাঁর সম্পাদনায় পত্রিকাটি বৃহত্তর ময়মনসিংহের স্থানীয় ও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের সংবাদ প্রকাশ করে আসছে। পত্রিকাটির বার্তা সম্পাদকের দায়িত্বে রয়েছেন শুভ বসাক। সংবাদ সংগ্রহ, বাছাই ও প্রকাশনার মাধ্যমে পাঠকের কাছে সময়োপযোগী তথ্য পৌঁছে দিতে কাজ করছে পত্রিকাটির সংবাদ বিভাগ।

দেয়াল পত্রিকার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও সক্রিয় রয়েছে দৈনিক আজকের ময়মনসিংহ। অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে পাঠকদের কাছে দ্রুত সংবাদ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে পত্রিকাটি। ফলে ঐতিহ্যবাহী সংবাদপাঠের মাধ্যমের সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটছে।

সংশ্লিষ্টদের মতে, সংবাদ পরিবেশনের মাধ্যম পরিবর্তিত হলেও পাঠকের কাছে তথ্য পৌঁছে দেওয়ার গুরুত্ব কমেনি। বরং পাঠকের চাহিদা অনুযায়ী বিভিন্ন মাধ্যমে সংবাদ পরিবেশনের সুযোগ তৈরি হয়েছে।

ময়মনসিংহের ফিরোজ জাহাঙ্গীর চত্বরে দেয়াল পত্রিকা ঘিরে পাঠকদের উপস্থিতি সেই আগ্রহেরই প্রতিফলন। ডিজিটাল যুগেও সংবাদ জানার প্রচলিত মাধ্যম যে মানুষের কাছে প্রাসঙ্গিক থাকতে পারে, নগরীর এই দৃশ্য তারই একটি উদাহরণ।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

আশুলিয়ায় তুলার গোডাউনে অগ্নিকাণ্ড, ছুটে গেল ৪ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১২:০১ পূর্বাহ্ণ
আশুলিয়ায় তুলার গোডাউনে অগ্নিকাণ্ড, ছুটে গেল ৪ ইউনিট

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকায় এ আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তুলার গোডাউনে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

রাত সাড়ে ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছিল। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

শ্রীপুরে গুলি ছুড়ে প্রাইভেটকার থামিয়ে ৩ কোটি টাকা লুট

গাজীপুর সংবাদদাতা
প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
শ্রীপুরে গুলি ছুড়ে প্রাইভেটকার থামিয়ে ৩ কোটি টাকা লুট

গাজীপুরের শ্রীপুরে বিকাশ এজেন্ট প্রতিষ্ঠানের কর্মীকে গুলি করে তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ ব্যবস্থাপক হিমেল গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া প্রাইভেটকারচালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ আহত হয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় গজারি বনের পাশে এ ঘটনা ঘটে।

প্রাইভেটকারচালক লাল মিয়া ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ নামের একটি বিকাশ এজেন্ট প্রতিষ্ঠানের চার কোটি টাকা তিনটি প্লাস্টিকের বস্তায় ভরে নরসিংদী থেকে প্রাইভেটকারে করে নেওয়া হচ্ছিল। গাড়িটি শ্রীপুরের কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি গুলি ছুড়ে গাড়িটির গতিরোধ করেন।

এ সময় হিসাবরক্ষণ ব্যবস্থাপক হিমেল গুলিবিদ্ধ হন। পরে দুর্বৃত্তরা টাকা ভর্তি তিনটি বস্তার মধ্যে দুটি নিয়ে পালিয়ে যায়। ওই দুটি বস্তায় তিন কোটি টাকা ছিল বলে দাবি করা হয়েছে। ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তিতে চালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদও আহত হন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অনিক সরকার জানান, গুলিবিদ্ধ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, টাকা ছিনতাইয়ের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কালের আলো/এসকে/এমএসআইপি 

১২৪ রানের উদ্বোধনী জুটি, দিন শেষে বাংলাদেশের ৩১৭

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ
১২৪ রানের উদ্বোধনী জুটি, দিন শেষে বাংলাদেশের ৩১৭

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন শেষে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। আবুধাবিতে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পেলেও দিনের দ্বিতীয় ও শেষ সেশনে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেছেন তানজিদ হাসান। সাদমান ইসলাম করেছেন ৬৭ রান।

শুক্রবার (৯ অক্টোবর) দিনের শুরুতে তানজিদ ও সাদমানের ব্যাটে দুর্দান্ত সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ১২৪ রান। আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৭১ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৮৩ রান করেন তানজিদ। অন্যদিকে ১১১ বল মোকাবিলা করে ৭টি চারের সাহায্যে ৬৭ রান করেন সাদমান।

ওপেনিং জুটি ভাঙার পরও ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। মুমিনুল হক করেন ৩৯ রান। একপর্যায়ে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল ২২১ রান। কিন্তু এরপর দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে দল। কোনো রান না করেই সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ২৯ রান। ফলে ২২১ থেকে ২২৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।

এরপর লিটন দাসের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দল। ৮৯ বলে ৫৩ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন তিনি। তাঁর সঙ্গে মেহেদী হাসান মিরাজ যোগ করেন ২৪ রান। লিটনের হাফসেঞ্চুরিতে তিনশ রানের গণ্ডি পেরোয় বাংলাদেশ। তবে সপ্তম উইকেট হিসেবে লিটন আউট হলে আবারও চাপে পড়ে স্বাগতিকরা।

দিনের খেলা শেষে নাঈম হাসান ১১ এবং তাইজুল ইসলাম ৪ রানে অপরাজিত রয়েছেন।

আফগানিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল মোহাম্মদ সেলিম। ৭০ রান দিয়ে তিনি নিয়েছেন ৩ উইকেট। ইয়ামিন আহমদজাই ও ইসমত আলম পেয়েছেন ২টি করে উইকেট। অন্য উইকেটটি নিয়েছেন কায়েস আহমেদ।

প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ তিনশ ছাড়ালেও শেষ সেশনে ধারাবাহিকভাবে উইকেট হারানোয় বড় সংগ্রহের সম্ভাবনা কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। অন্যদিকে পিচে স্পিনারদের টার্ন ও পেসারদের রিভার্স সুইং থাকায় পরের দিন ম্যাচে লড়াই আরও জমে ওঠার সম্ভাবনা রয়েছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি