ইতালি গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত ৩৫ বাংলাদেশি, সতর্ক করল দূতাবাস
ইউরোপের তিনটি দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) একটি বিশেষ প্রত্যাবাসন ফ্লাইটে তাঁরা ঢাকায় ফেরেন। তাঁদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন রয়েছেন। ঢাকার ইতালি দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ব্যবস্থাপনা সংস্থা ফ্রন্টেক্সের ব্যবস্থাপনায় শুক্রবার বিশেষ প্রত্যাবাসন ফ্লাইটটি পরিচালিত হয়। এর মাধ্যমে তিনটি দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
অবৈধ অভিবাসনে শূন্য সহনশীলতার নীতি
দূতাবাসের বার্তায় বলা হয়েছে, ইউরোপে অবৈধভাবে প্রবেশ ও অবস্থানের বিষয়ে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করা হয়। একই সঙ্গে নিরাপদ, সুশৃঙ্খল ও বৈধ অভিবাসনের ওপর গুরুত্বারোপ করেছে দূতাবাস। ইউরোপে যাওয়ার ক্ষেত্রে যথাযথ ভিসা ও বৈধ কাগজপত্র নিশ্চিত করার ওপর জোর দিয়ে দূতাবাস জানিয়েছে, বৈধ প্রক্রিয়া অনুসরণ না করে অভিবাসনের চেষ্টা করলে প্রত্যাবাসনসহ বিভিন্ন আইনি জটিলতায় পড়তে হতে পারে।
দালাল ও মানব পাচারকারীদের বিষয়ে সতর্কতা
দূতাবাস আরও সতর্ক করে বলেছে, যথাযথ ভিসা ছাড়া ইতালিতে যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারী, দালাল বা চোরাকারবারিদের অর্থ দেওয়া অবৈধ। এ ধরনের উদ্যোগের পরিণতিতে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে। পাশাপাশি শেনজেনভুক্ত দেশগুলোতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞার ঝুঁকিও রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, বিদেশে যাওয়ার আগে ভিসার বৈধতা, নিয়োগকর্তা ও অভিবাসনসংক্রান্ত কাগজপত্র যাচাই করা জরুরি। দালালের প্রলোভনে পড়ে অবৈধ পথে ইউরোপে প্রবেশের চেষ্টা করলে অর্থ হারানোর পাশাপাশি দেশে ফেরত পাঠানো এবং ভবিষ্যতে ইউরোপে প্রবেশের সুযোগ হারানোর ঝুঁকি তৈরি হতে পারে।নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ এবং প্রতারণামূলক প্রস্তাব থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]