খুঁজুন
                               
শনিবার, ৯ মে, ২০২৬, ২৬ বৈশাখ, ১৪৩৩
           

মেরিন ড্রাইভে রেইস প্রতিযোগিতায় বৈচিত্র্যময় রূপে সাইক্লিস্টরা, দ্যুতি ছড়ানো তারুণ্যের ভূমিকা প্রজ্জ্বলিত করলেন সেনাপ্রধান

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০৮ অপরাহ্ণ
মেরিন ড্রাইভে রেইস প্রতিযোগিতায় বৈচিত্র্যময় রূপে সাইক্লিস্টরা, দ্যুতি ছড়ানো তারুণ্যের ভূমিকা প্রজ্জ্বলিত করলেন সেনাপ্রধান

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

পাহাড় আর সাগরের গভীর মিতালীর অপূর্ব এক দৃশ্য। সড়কের একপাশে উঁচু পাহাড়ে সবুজের হাতছানি। অন্যপাশে যেন আছড়ে পড়ছে উত্তাল সমুদ্রের ঢেউ। এই দুয়ের বুক চিরে মাঝখানে নদীর মতো গেছে বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক। ভোরের আলো ফুটার সঙ্গে সঙ্গেই মাঝখানে দীর্ঘ সড়ক ধরে সাইকেল নিয়ে ছুটছেন কয়েক শ মানুষ। কে কার আগে যাবে এ নিয়ে তুমুল প্রতিযোগিতা।

অদম্য মনোবল, সাহসিকতা, শারীরিক সক্ষমতা আর অপরিমেয় মানসিক দৃঢ়তায় কঠিন এক সংগ্রামের কেন্দ্রবিন্দুতে একীভূত দেশ-বিদেশের ৪০০ সাইক্লিস্ট। সাগর তীর আর পাহাড়ের পাদদেশে বাংলাদেশ সেনাবাহিনীর অনিন্দ্য সুন্দর এমনই এক আয়োজনের দেখা মিললো ‘মেরিন ড্রাইভ রেস ২০২৫’ ঘিরে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কটিতে।

পর্যটন নগরী কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য বিশ্বব্যাপী উপস্থাপনের দৃঢ় প্রত্যয়ে দেশপ্রেমের প্রজ্জ্বলিত শিখার আলোয় গোটা দেশকে উজ্জীবিত করা সাইক্লিস্টদের অননুমেয় উচ্ছ্বাস আর হৃদয় পরিপ্লুত আবেগে বরণ করেন স্বয়ং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) কক্সবাজারের ইনানীতে প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন এবং কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মেরিন ড্রাইভ রেইস-২০২৫ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ী সাইক্লিস্টদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন তিনি।

এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশের প্রাণশক্তি তরুণ প্রজন্মের দ্যুতি ছড়ানো ভূমিকাকে প্রজ্জ্বলিত করেন। তিনি বলেন, ‘দেশের তরুণ প্রজন্ম একটি সুস্থ জাতি ও দেশ গঠনে ভূমিকা রাখতে পারে। তাই কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য বিশ্বব্যাপী উপস্থাপন এবং সর্বস্তরে সুস্থতার চেতনা জাগ্রত করার লক্ষ্যে ‘রাইড ফর গ্লোরি’ এই বার্তাকে ধারণ করতে হবে।’

তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদেশিদের বিশেষভাবে ধন্যবাদ জানান। দেশব্যাপী এই ধরনের প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সেনাপ্রধান বলেন, ‘কক্সবাজারে সাইক্লিংয়ের জন্য মেরিন ড্রাইভ রয়েছে। এটা এতো ব্যস্ত থাকে না। সকাল বেলা শুরু করে প্রতিযোগিতা শেষ করেছেন। এই মেরিন ড্রাইভে এই প্রতিযোগিতা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’ এ সময় সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সালাহউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের দরিয়ানগর পয়েন্ট; ভোর ৫টা থেকে জড়ো হতে থাকে দেশি-বিদেশি সাইক্লিস্টসরা। সকালে ঠিক ৬টা বাজার সঙ্গে সঙ্গে বেলুন উড়িয়ে প্রথমবারের মেরিন ড্রাইভ রেইসের উদ্বোধন করেন সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। এরপর শুরু হয় প্রতিযোগিতা। সাইকেল নিয়ে ছুটতে থাকেন সাইক্লিস্টসরা। মেরিন ড্রাইভে প্রতিযোগীদের যেন অবিরাম ছুটে চলা; সবারই লক্ষ্যে জয়ী হওয়া।

দীর্ঘ মেরিন ড্রাইভের মনোমুগ্ধকর প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে ১১০ কিলোমিটার দূরত্ব অতিক্রমে চেষ্টায় অবতীর্ণ ৪০০ প্রতিযোগীর। কেউ এই প্রথম সাইকেল রেইসে অংশ নিয়েছেন আবার কেউ কেউ সাইকেল রেইসটা শখের বশে করছেন। তবে প্রতিযোগীদের প্রত্যেকের কণ্ঠেই উচ্চারিত হয়েছে একই কথা। সেটি হচ্ছে মেরিন ড্রাইভে এমন আয়োজন অনন্য ও অসাধারণ।

আয়োজক সূত্র জানায়, পেশাদার ক্যাটাগরির সাইক্লিস্টরা দরিয়ানগরের প্যারাসেইলিং পয়েন্ট থেকে শুরু করে টেকনাফের জিরো পয়েন্ট হয়ে বে-ওয়াচ হোটেলের সম্মুখে এসে সাইক্লিং শেষ করেন। পেশাদার গ্রুপের ফিনিশিং টাইম ছিল মাত্র ৩ ঘণ্টা। আবার অপেশাদার ক্যাটাগরির প্রতিযোগীরা প্যারাসেইলিং পয়েন্ট থেকে হোটেল বে-ওয়াচ, বালিয়াখালী কাঁকড়া বিচ হয়ে আবার হোটেল বে-ওয়াচে সম্মুখে এসে শেষ করেন সাইক্লিং। তাঁদের ফিনিশিং টাইম ছিল সাকুল্যে আড়াই ঘণ্টা।

এই প্রতিযোগিতায় প্রফেশনাল (১৩ থেকে ৪৪ বছর) ১১০ কিলোমিটার গ্রুপে নারী ও পুরুষদের মধ্যে সেরা বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন কর্পোরাল ফাতেমা খাতুন (বাংলাদেশ সেনাবাহিনী) ও মিজানুর রহমান। এ্যামেচার (১৩ থেকে ৪৪ বছর) ৫৫ কিলোমিটার গ্রুপে নারী ও পুরুষদের মধ্যে সেরা বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন লরা (ব্রাজিল) ও সৈয়দ মুবিন। এছাড়াও, নারী-পুরুষ উভয় ক্যাটাগরির (১৩-৪৪ বছর বয়সী) প্রথম ১০ জনকে সম্মাননা স্মারক দেয়া হয়। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের অভিজ্ঞ বিচারকমণ্ডলী এই প্রতিযোগিতা আয়োজনে সার্বিক সহায়তা করেন।

অনুভূতির কথা জানিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা তানহা আক্তার গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশে সাইক্লিংয়ের কালচারটা দিন দিন কমে যাচ্ছে। কিন্তু এটা ধরে রাখতে হলে রেইসিংয়ের দিকে ফোকাস করতে হবে। বিশেষ করে, নারীদের। এই প্রতিযোগিতায় আমি প্রথম হয়েছি, ৫৫ কিলোমিটার পাড়ি দিয়েছি ১ ঘণ্টা ৪৫ মিনিটে। পাহাড়-সমুদ্রের মাঝে এই আয়োজন ছিল সত্যিই অসাধারণ।’ প্রতিযোগিতায় অংশ নেয়া বিদেশি প্রতিযোগী লরা বলেন, ‘আমি খুবই আনন্দিত এমন একটি পরিবেশে সাইক্লিং প্রতিযোগিতা অংশ নিতে পেরে। কক্সবাজার খুবই সুন্দর। আমি খুবই আনন্দিত।’

শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের নিয়ে ট্রাস্ট ব্যাংকের কর্পোরেট নাইট আয়োজন
দেশের শীর্ষস্থায়ী বেসরকারি ব্যাংক ট্রাস্ট ব্যাংক পিএলসি দেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের নিয়ে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) কক্সবাজারের বেওয়াচ হোটেলে একটি কর্পোরেট নাইট আয়োজন করে। অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইএসপিআর জানায়, এই সমাবেশে শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা এবং ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক জোরদার, ব্যবসায়িক মতবিনিময় এবং সহযোগিতার জন্য নতুন উপায় অন্বেষণ করেছে।

কালের আলো/এমএএএমকে

কলেজছাত্র ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ
কলেজছাত্র ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

কলেজছাত্র শারীরিক প্রতিবন্ধী ওয়াকিমুল ইসলামের তৈরি করা বিশেষ স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৯ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওয়াকিমুল ইসলামের তৈরি করা বিশেষ স্মার্ট কার পরিদর্শন করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), শাহাদাৎ হোসেন স্বাধীনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

কালের আলো/এসএকে

পুলিশ সপ্তাহ উদ্বোধন রোববার, পদক পাচ্ছেন ১০৭ সদস্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ
পুলিশ সপ্তাহ উদ্বোধন রোববার, পদক পাচ্ছেন ১০৭ সদস্য

Oplus_131072

শুরু হচ্ছে যাচ্ছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬।  রোববার (১০ মে) উদ্বোধনী দিনে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে সাহসিকতা, বীরত্ব ও পেশাদারিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের ১০৭ জন কর্মকর্তা ও সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রতি বছরের মতো এবারও পুলিশ সপ্তাহকে ঘিরে নানা প্রত্যাশা রয়েছে পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে। আগের বছরের বিশেষ অবদানের স্বীকৃতির পাশাপাশি সরকারপ্রধানের কাছে বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরার সুযোগকে গুরুত্ব দিচ্ছেন পুলিশের নীতিনির্ধারকরা।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, এবারের পুলিশ সপ্তাহে ছয়টি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হতে পারে। এর মধ্যে রয়েছে, দূতাবাস ও বিভিন্ন প্রতিষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের পদায়ন, কেন্দ্রীয় সাইবার ক্রাইম ইউনিট গঠন, পুলিশের জন্য আলাদা মেডিকেল সার্ভিস চালু, সিলেট ও বরিশালে নতুন ট্রেনিং সেন্টার স্থাপন, চট্টগ্রামের জঙ্গল ছলিমপুরে বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণ এবং এভিয়েশন পুলিশ গঠন।

কালের আলো/এসএকে

ঢাকায় এসে পৌঁছেছে বৃষ্টির মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ
ঢাকায় এসে পৌঁছেছে বৃষ্টির মরদেহ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার পিএইচডি শিক্ষার্থী লিমনের পর নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে এসে পৌঁছেছে।

শনিবার (৯ মে) সকাল সোয়া ৯টার দিকে তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট (ইকে-০৫৮২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম তার মরদেহ গ্রহণের পর পরিবারের কাছে হস্তান্তর করবেন।

মরদেহ বুঝে নিতে বিমানবন্দরে অপেক্ষা করছেন বৃষ্টির স্বজনরা। তার মা ও বাবা বাকরুদ্ধ। তাদের স্বপ্ন নিমিষেই শেষ। স্বজন ও সহপাঠীরা জানান, বৃষ্টি অত্যন্ত মেধাবী ও চঞ্চল মেয়ে ছিলেন। মধ্যবিত্ত পরিবারের মেয়ে বৃষ্টির স্বপ্ন ছিল পরিবার ও দেশের জন্য কিছু করবেন। এই হত্যাকাণ্ডের বিচার চান সবাই।

গত বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইট বৃষ্টির মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে। এই যাত্রায় ট্রানজিট হয় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। সেখান থেকে দুবাইয়ে ফ্লাইট পরিবর্তন করে ইকে ০৫৮২ ফ্লাইটে বৃষ্টির মরদেহ নিয়ে ঢাকায় আসা হয়।

এর আগে, গেল সোমবার (৪ মে) সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ।

এদিকে, হত্যাকাণ্ডের পর ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা পিএইচডির দুই শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিয়েছে। শুক্রবার (৮ মে) বসন্তকালীন সমাবর্তনে বাংলাদেশ সরকারের প্রতিনিধির হাতে সম্মানসূচক ডিগ্রি তুলে দেওয়া হয়। এ সময় তাদের সম্মানে অনুষ্ঠানস্থলে দুটি চেয়ার ফাঁকা থাকে।

গত ১৬ এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। আট দিন পর ২৪ এপ্রিল জামিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। কয়েকদিনের ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষার পর ৩০ এপ্রিল শনাক্ত হয় বৃষ্টির মরদেহ।

দুই শিক্ষার্থী খুনের ঘটনায় অভিযুক্ত জামিলের রুমমেট হিশাম আবুগারবিয়েহ-কে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৬ এপ্রিল হিলসবরো কাউন্টি আদালতে দাখিল করা নথিতে বলা হয়, বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী লিমনকে ধারালো অস্ত্রের একাধিক আঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে দুটি ফার্স্ট-ডিগ্রি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে। এরপর তার মৃত্যুদণ্ড চেয়ে আদালতে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

আগামী ১৮ মে স্থানীয় সময় সকাল ৯টায় হিলসবরো কাউন্টি আদালতে মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। মামলার প্রধান প্রসিকিউটর হিসেবে কাজ করবেন লিঞ্জি হোজেস। তাকে সহায়তা করবেন স্কট হারমেন, জন টেরি এবং জেসিকা কোভারটিয়ার।

কালের আলো/আরডি/এমডিএইচ