খুঁজুন
                               
রবিবার, ২১ জুন, ২০২৬, ৭ আষাঢ়, ১৪৩৩
           

খালাফ হত্যা মামলার ফের শুনানি হবে

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭, ১১:২১ অপরাহ্ণ
খালাফ হত্যা মামলার ফের শুনানি হবে

ঢাকাস্থ সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও আসামিপক্ষের করা আপিলের ওপর আজ মঙ্গলবার রায় হয়নি। আদালত মামলাটি পুনরায় শুনানির জন্য ১৭ অক্টোবর তারিখ ধার্য করেছেন।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ তারিখ ধার্য করেন।

গত ২০ আগস্ট রাষ্ট্র ও আসামিপক্ষের করা আপিলের ওপর শুনানি শেষে আদালত ১০ অক্টোবর রায়ের দিন রেখেছিলেন। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি রায় ঘোষণার জন্য তালিকায় ওঠে। রাষ্ট্রপক্ষে এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ উপস্থিত ছিলেন।

২০১৩ সালের ১৮ নভেম্বর এ মামলার রায় ঘোষণা করে হাইকোর্ট। রায়ে নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির মধ্যে শুধুমাত্র সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রাখেন। বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. আল আমীন, আকবর আলী লালু ও রফিকুল ইসলামকে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেলিম চৌধুরীকে খালাস দেওয়া হয়। সেলিম চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক রয়েছে।

২০১২ সালের ৩০ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ রায়ে ওই পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দেয়।

২০১২ সালের ৫ মার্চ মধ্যরাতে গুলশানে নিজের বাসার কাছে গুলিবিদ্ধ হন সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী। পরদিন ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের দুই দিন পর গুলশান থানা পুলিশ এ ঘটনায় মামলা করে। ওই বছরের ২০ সেপ্টেম্বর এ মামলায় পাঁচ আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেওয়া হয়। এর আগে সেলিম ছাড়া অপর চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

গুম-খুনের মানবতাবিরোধী অপরাধ মামলা

গুম-খুনের মানবতাবিরোধী অপরাধ মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ণ
গুম-খুনের মানবতাবিরোধী অপরাধ মামলা

আওয়ামী লীগ সরকারের আমলে সংঘঠিত গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রোববার (২১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হবে। মামলায় একমাত্র আসামি হিসেবে রয়েছেন জিয়াউল আহসান।

এর আগে গত ৯ জুন পঞ্চম সাক্ষীর জবানবন্দি গ্রহণের দিন নির্ধারিত থাকলেও নতুন আইনজীবী নিয়োগের আবেদন জানিয়ে সময় চান আসামিপক্ষ। পরে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে আজকের দিন ধার্য করেন।

মামলার সর্বশেষ অগ্রগতিতে গত ২৩ এপ্রিল চতুর্থ সাক্ষী হাবিবুর রহমান মল্লিকের জেরা সম্পন্ন হয়। এর আগের দিন ২২ এপ্রিল তার জবানবন্দি রেকর্ড করা হয়েছিল।

চলতি বছরের ১৪ জানুয়ারি তিনটি অভিযোগ গঠনের মাধ্যমে জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু করার আদেশ দেন ট্রাইব্যুনাল।

অভিযোগে বলা হয়, ২০১১ সালের ১১ জুলাই গাজীপুরের পুবাইলে তিনজনকে হত্যার পাশাপাশি ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনাসহ বিভিন্ন স্থানে শতাধিক ব্যক্তিকে হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

আজকের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রম আরও একধাপ এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৪ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ণ
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৪ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস পাওয়া গেছে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনাও রয়েছে।

রোববার (২১ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া বার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। এই আবহাওয়ার কারণে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ণ
লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর মরদেহ উদ্ধার

শনিবার (২০ জুন) নিরাপত্তা বাহিনী, নৌবাহিনী এবং চিকিৎসা সংশ্লিষ্ট একাধিক সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, উপকূলীয় এলাকা থেকে অন্তত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত নৌকাটিতে প্রায় ৬১ জন যাত্রী ছিলেন।

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, মিশর সীমান্তের কাছাকাছি অবস্থিত তোব্রুক শহরের বিভিন্ন উপকূলীয় স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া কয়েকটি মরদেহে পচন ধরার লক্ষণ দেখা গেছে। তাদের আশঙ্কা, একই এলাকায় আরও মরদেহ ভেসে আসতে পারে।

তোব্রুক রেড ক্রিসেন্ট প্রকাশিত ছবিতে দেখা যায়, সুরক্ষা পোশাক পরিহিত স্বেচ্ছাসেবীরা পাথুরে উপকূল থেকে মরদেহ সংগ্রহ করে বিশেষ ব্যাগে সংরক্ষণ করছেন।

২০১১ সালে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া ইউরোপগামী অভিবাসীদের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রানজিট রুটে পরিণত হয়েছে। যুদ্ধ, অস্থিরতা ও অর্থনৈতিক সংকট থেকে মুক্তির আশায় আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মানুষ ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন। এছাড়া তেলসমৃদ্ধ দেশ হিসেবে লিবিয়ায় সীমিত কর্মসংস্থানের সুযোগ থাকায় অনেক অভিবাসী সেখানেও কাজের সন্ধানে আসেন।

এদিকে পৃথক আরেকটি নৌকাডুবির ঘটনায় রাজধানী ত্রিপোলিভিত্তিক ‘ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টার’ জানিয়েছে, ১৩ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীরা তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেছে।

কালের আলো/এমডিএইচ/এমএসআইপি