খুঁজুন
                               
বুধবার, ২৭ মে, ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

বিশ্ববাজারে অস্থিরতা, ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ
বিশ্ববাজারে অস্থিরতা, ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

ইরানে চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্থির হয়ে উঠেছে। ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। ছয় বছর আগে করোনা মহামারির পর তেলের দামের এত বড় উল্লম্ফন আর দেখা যায়নি। তেলের এই মূল্যবৃদ্ধি বিশ্বজুড়ে নতুন করে মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি করেছে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর এই প্রথমবারের মতো তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়াল।

রবিবার অপরিশোধিত তেল ব্রেন্ট ক্রুডের দাম সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বেড়ে ব্যারেলপ্রতি ১১১ ডলার ছুঁয়েছে। খবর আল জাজিরার।

জ্বালানি তেলের দাম বাড়লেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন মূল্যবৃদ্ধিকে তেমন গুরুত্ব দিচ্ছেন না। ২০২৪ সালের নির্বাচনে জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দেওয়া ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে বলেন, ইরানের পারমাণবিক হুমকি ধ্বংস হওয়ার পর স্বল্পমেয়াদে তেলের দাম দ্রুত কমে আসবে। যুক্তরাষ্ট্র ও বিশ্বের নিরাপত্তা ও শান্তির জন্য এমন দামকে সামান্য বলে মন্তব্য করেন তিনি।

ট্রাম্প আরও বলেন, ‘এ বিষয়ে ভিন্নভাবে ভাববে কেবল বোকা মানুষ।’ যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটও জ্বালানি দামের সম্ভাব্য বৃদ্ধিকে ‘তুচ্ছ করে’ দেখিয়েছেন। রবিবার সিবিএসের ফেস দ্যা ন্যাশন অনুষ্ঠানে তিনি বলেন, পেট্রোলের দাম বাড়লেও তা হবে সাময়িক।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করার পর থেকে অপরিশোধিত তেলের দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে। প্রতিশোধ হিসেবে ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দিয়েছে। এতে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ ঝুঁকির মুখে পড়েছে।

এদিকে তেল পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় ওপেকভুক্ত তিন দেশ ইরান, আরব আমিরাত এবং কুয়েত তেল উৎপাদন কমিয়ে দিয়েছে। অন্যদিকে অঞ্চলের বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলার ঘটনাও সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। উপসাগরীয় অঞ্চলের কাতার, সৌদি আরব ও কুয়েতের জ্বালানি স্থাপনায় একাধিক হামলার জন্য ইরানকে দায়ী করা হয়েছে।

শনিবার যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েল ইরানের তেল অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালায়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলায় তেহরান ও আলবোরজ প্রদেশে চারটি তেল সংরক্ষণাগার ও একটি তেল পরিবহন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

রবিববার ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘এই খেলা’ চালিয়ে গেলে তারা গোটা অঞ্চলের জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করবে। এতে তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলার পর্যন্ত উঠতে পারে বলেও সতর্ক করেছে তারা।

আইএমএফ’র হিসাব অনুযায়ী, তেলের দাম যদি স্থায়ীভাবে ১০ শতাংশ বাড়ে, তাহলে বৈশ্বিক মূল্যস্ফীতি ০ দশমিক ৪ শতাংশ বাড়তে পারে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি কমতে পারে ০ দশমিক ১৫ শতাংশ।

শুক্রবার ফাইন্যানশিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কাতারের জ্বালানিমন্ত্রী সাদ আল কাবি সতর্ক করে বলেন, পরিস্থিতি অব্যাহত থাকলে শিগগিরই উপসাগরীয় অঞ্চলের সব উৎপাদক দেশ উৎপাদন বন্ধ করতে বাধ্য হতে পারে এবং তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলারেও পৌঁছাতে পারে।

কালের আলো/এসএন/এএএন

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ৭:০১ পূর্বাহ্ণ
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৬ মে) এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান। বিবৃতিটি বিএনপির সহ দফতর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষর করে গণমাধ্যমে পাঠানো হয়।

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশসহ দুনিয়াজুড়ে মুসলমানদের আমি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি হলো ঈদুল আজহা, যা ‘ত্যাগের উৎসব’ নামেও পরিচিত। ঈদুল আজহার তাৎপর্য হলো আল্লাহর নৈকট্য লাভ করা। এ কারণে বিশ্ব মুসলিম ঈদুল আজহার উৎসবে মিলিত হয়।

মনের অশুভ অন্ধকার দূর করে সহজ-সরল ও অনাড়ম্বর জীবনযাপনের মাধ্যমে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের মূল শিক্ষার উৎসই হলো পশু কুরবানি। কুরবানির মহিমান্বিত শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহর নিকট নিজেকে সমর্পণ করা এবং মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।

বিবৃতিতে তিনি আরও বলেন, আমি কামনা করি তাদের অবিরাম সুখ, শান্তি ও সমৃদ্ধি। ঈদুল আজহা সকলের জীবনকে করে তুলুক আনন্দময়… মহান আল্লাহ তায়ালার দরবারে আমি এ প্রার্থনা জানাই।

মির্জা ফখরুল বলেন, ঈদুল আজহার প্রধান শিক্ষা হলো আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও নিঃশর্ত আনুগত্য প্রদর্শন। এটি ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব। এর মাধ্যমে মুসলমানেরা মহান আল্লাহ পাকের প্রতি নিবেদিত বান্দা হওয়ার প্রেরণা পায়। প্রতিটি উৎসবই ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের চিত্তবৃত্তি ও ঔদার্য প্রসারিত করে। উৎসব মানবজাতিকে সম্প্রীতির অটুট বন্ধনে আবদ্ধ করে এবং সামাজিক অন্ধকারের গহন থেকে মানবিক আলোর ভূমিতে সমবেত করে।

কালের আলো/আরডি/এমডিএইচ

ইসরায়েলকে অবশ্যই উৎখাত করা হবে: মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ৬:৪৮ পূর্বাহ্ণ
ইসরায়েলকে অবশ্যই উৎখাত করা হবে: মোজতবা খামেনি

ইসরায়েলকে উৎখাতের হুঁশিয়ারি দিয়ে পবিত্র হজ ও ঈদুল আজহা উপলক্ষে বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

মঙ্গলবার (২৬ মে) ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

বার্তায় ইসরায়েলকে এই অঞ্চলের জন্য ‘বিপজ্জনক ও প্রাণঘাতী ক্যানসারযুক্ত টিউমার’ আখ্যা দিয়ে খামেনি বলেন, অবশ্যই ইসরায়েলকে উৎখাত করা হবে।

তিনি বলেন, ইরানের ধ্বংসাত্মক আঘাতে ইসরায়েলের শাসনব্যবস্থা এখন অসহায় হয়ে পড়েছে।

একে যুক্তরাষ্ট্রের জন্যও ‘চরম আঘাত’ বলে উল্লেখ করেছেন তিনি। বার্তায় এ বছর হজে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বর্জন করার আহ্বান জানিয়েছেন মোজতবা খামেনি। একইসঙ্গে ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিপাত যাক’ স্লোগানকে ‘ইসলামি উম্মাহর প্রধান স্লোগান’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এদিকে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বিবৃতির বরাতে আল অ্যারাবিয়ার প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের দেশগুলো আর যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির জন্য ঢাল হিসেবে কাজ করবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা।

খামেনি বলেছেন, এই অঞ্চলে আগ্রাসন চালানো বা সামরিক ঘাঁটি স্থাপনের জন্য আর কোনো নিরাপদ আশ্রয় পাচ্ছে না যুক্তরাষ্ট্র। বরং প্রতিদিনই তারা তাদের আগের অবস্থান থেকে আরও দূরে সরে যাচ্ছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

তেজগাঁওয়ে পুলিশের অভিযান, গ্রেফতার ৩২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ১:২১ পূর্বাহ্ণ
তেজগাঁওয়ে পুলিশের অভিযান, গ্রেফতার ৩২

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগে অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- মো. শরীফুল ইসলাম ওরফে রনি (৩৮), উম্মে খুলসুম রানী, মো. রাব্বি (২৫), মো. জনি গাজী (২৪), মো. শাকিল (২৩), মো. সাগর, মো. বাদশা মিয়া, মো. জুয়েল, কৃষ্ণচন্দ্র, মো. শাকিল (১০), মো. সজল ভূঞা (২২), মো. এরশাদ হোসেন (২৬), মো. বাপ্পী (২০), মো. আব্দুর রহিম রাজীব (২১), মো. সোহেল মিয়া (১৯), মো. আফছার মোল্লা (২৪), মো. মহসিন (২৫), মনজুর এলাহি সজীব (৪২), মিরাজ হোসেন (২০), মো. রাকিবুল ইসলাম (২৮), মো. রবিন ইসলাম আলিফ (২০), মো. ফাহাদ হোসেন (৩২), মো. জাহাঙ্গীর (২০), মো. মাসুদ খান রনি (৩০), মো. সোহেল (২৬), মো. মিলন (২২), মো. সুমন মিয়া (৪৫), মো. জয়নাল আবেদিন (৪৪), মো. ফজলে রাব্বী (৩৬), আ. মজিদ (২৩), মো. সুমন (৪২) ও মো. টোকেন মিয়া ওরফে মো. রোকেন মোল্যা (২৮)।

ডিএমপি তেজগাঁও বিভাগের বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, সোমবার (২৫ মে) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এ ব্যক্তিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে তেজগাঁও থানায় ২ জন, শেরেবাংলানগর থানায় ২ জন, মোহাম্মদপুর থানায় ১৪ জন, আদাবর থানায় ৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৪ জন ও হাতিরঝিল থানায় ২ জন।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কালের আলো/এএইচ/এমএসআইপি