খুঁজুন
                               
বুধবার, ২৭ মে, ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

জ্বালানি তেলের দাম আগামী ৩ মাসেও বাড়বে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ফরিদপুর প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
জ্বালানি তেলের দাম আগামী ৩ মাসেও বাড়বে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, সরকারে আসার পর জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়নি, আগামী তিন মাসও তা বৃদ্ধি করা হবে না।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টায় ফরিদপুরের ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, জ্বালানি তেলের সংকট শুধু আমাদের দেশে নয়, এটি বিশ্বব্যাপী, কিন্তু সরকার জনবান্ধব নীতিতে কাজ করছে। তাই এই পর্যন্ত মূল্যবৃদ্ধি করা হয়নি, সরকার ভর্তুকি দিয়ে তা স্থিতিশীল রাখছে।

তিনি আরও বলেন, পর্যাপ্ত মজুত রয়েছে, পাইপ লাইনে প্রচুর তেল আসছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে কোনো কৃত্রিম সংকট সৃষ্টি করতে যাতে মজুতদারি করা না হয়।

জবিউল্লাহ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ভর্তুকি দিয়েই জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখা হবে এবং কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নির্বাচনের আগে দেওয়া ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন চলমান রয়েছে। আগামী পাঁচ বছরে ৩১ দফা বাস্তবায়ন করা হবে।

এ সময় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, বিগত সরকারের সময়ে খাল খননের নামে শুধু ঘাস কাটছাঁট করা হতো। বর্তমান সরকারের খাল খনন কর্মসূচিতে বরাদ্দকৃত টাকা দুর্নীতি বা অনিয়মে ব্যবহার হতে দেওয়া হবে না। তিনি জানান, শুধু খাল খনন নয়, পাড়ে বৃক্ষরোপণ ও পানিতে মাছ ছাড়ার ব্যবস্থা নেওয়া হবে। এতে কৃষকের পানির চাহিদা পূরণ হবে এবং শহীদ রাষ্ট্রপতির স্বপ্ন বাস্তবায়িত হবে

উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এবং ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদরুল আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম, ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আবু জাহের, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম প্রমুখ।

কালের আলো /এসাআর /এএএন 

স্মৃতির দহন

সাহিত্য ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ১২:৫২ অপরাহ্ণ
স্মৃতির দহন

ইকরাম আকাশ

আমি ভুলে যেতে চাই
সেই দিনগুলি,
যে দিনগুলি ছিলো শুধু
বেদনার স্মৃতি।

আমি ভুলে যেতে চাই অতীতের কথা,
যেখানে ছিলো শুধুই লোচন-বারি।
আমি ভুলে যেতে চাই,ভুলে যেতে চাই
আমার স্মৃতিকাতুরে সকল আর্তি।

আমি পুড়িয়ে দিতে চাই অতীতের
সেই সব জীর্ণ পাণ্ডুলিপি,
যেখানে উন্মাদনায় জড়িয়ে ছিলো
উপাখ্যানের সকল স্মৃতি।

এম/এএইচ

শাবিপ্রবিতে শিবিরের আয়োজনে ‘বখরা ঈদের খানি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ১২:৩৭ অপরাহ্ণ
শাবিপ্রবিতে শিবিরের আয়োজনে ‘বখরা ঈদের খানি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হলে ও মেসে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ‘বখরা ঈদের খানি’ আয়োজন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রশিবির।

মঙ্গলবার (২৬ মে) সংগঠনটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ‘বখরা ঈদের খানি’ আয়োজনের অংশ হিসেবে ঈদের দিন (২৮ মে) রাতে হল ও মেসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা থাকবে। এ লক্ষ্যে গুগল ফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করছে সংগঠনটি।

শাবিপ্রবি শিবিরের সেক্রেটারি মুজাহিদুল ইসলাম বলেন, ঈদুল আজহা আনন্দ ও ভ্রাতৃত্বের উৎসব। কিন্তু বিভিন্ন কারণে প্রতিবছর অনেক শিক্ষার্থী ঈদের সময় ক্যাম্পাসেই অবস্থান করে। তাদের যেন ঈদের আনন্দ থেকে বিচ্ছিন্ন মনে না হয়, সেজন্যই এই ‘বখরা ঈদের খানি’ আয়োজন।

তিনি আরও বলেন, ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীবান্ধব বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার ঈদের দিন এই আয়োজন করা হবে।

কালের আলো/এম/এএইচ

সিনেমাপ্রেমীদের জন্য সুখবর দিলেন বিজয়

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ
সিনেমাপ্রেমীদের জন্য সুখবর দিলেন বিজয়

দক্ষিণী তারকা থালাপতি বিজয় এবার সিনেমাপ্রেমীদের জন্য নিয়ে এলেন সুখবর। তামিল সিনেমা ইন্ডাস্ট্রির অনুরোধে রাজ্যের সব প্রেক্ষাগৃহে নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমার জন্য প্রতিদিন পাঁচটি করে শো চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি তামিল সিনেমা ইন্ডাস্ট্রির বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকে বসেন বিজয়। সেখানে নতুন সিনেমার প্রচার ও ব্যবসা বাড়ানোর স্বার্থে প্রেক্ষাগৃহে দৈনিক শোর সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। পরে সেই প্রস্তাবে সম্মতি জানান তিনি।

বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করা হয় নতুন এই নির্দেশনার কথা।

এর আগে তামিলনাড়ু সিনেমা (রেগুলেশন) বিধিমালা, ১৯৫৭ অনুযায়ী নতুন সিনেমার জন্য দিনে চারটি শো প্রদর্শনের অনুমতি ছিল। শুধুমাত্র সরকারি ছুটি, স্থানীয় উৎসব কিংবা বিশেষ দিনে প্রশাসনের অনুমতি নিয়ে অতিরিক্ত একটি শো চালানো যেত।

তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমার ক্ষেত্রে প্রথম সাত দিন প্রতিদিন পাঁচটি করে শো চালানো যাবে। এছাড়া সিনেমা মুক্তির প্রথম সপ্তাহ, সরকারি ছুটি, স্থানীয় উৎসব এবং শনি-রোববার বাড়তি শোর জন্য আর আলাদা অনুমতির প্রয়োজন হবে না।

তামিল সিনেমা ইন্ডাস্ট্রির সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ সিনেমার ব্যবসা বাড়ানোর পাশাপাশি দর্শকদের জন্যও ইতিবাচক প্রভাব ফেলবে। ফলে বিজয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নির্মাতা, প্রযোজক ও প্রেক্ষাগৃহ মালিকরা।

কালের আলো/এম/এএইচ