খুঁজুন
                               
সোমবার, ২৫ মে, ২০২৬, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

অবরোধ ভাঙার চেষ্টা করলেই ইরানি জাহাজ ধ্বংসের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১০:২০ অপরাহ্ণ
অবরোধ ভাঙার চেষ্টা করলেই ইরানি জাহাজ ধ্বংসের হুমকি ট্রাম্পের

হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলোতে আনুষ্ঠানিকভাবে অবরোধ কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। এরপরই ইরানকে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ ভাঙার চেষ্টা করলেই ইরানি জাহাজগুলোকে ধ্বংস করে দেওয়া হবে।

সোমবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ইরানের সব বন্দর অবরুদ্ধ ঘোষণা করে মার্কিন বাহিনী।

এরপরই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইরানের নৌবাহিনী সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন এবং সমুদ্রের তলদেশে পড়ে আছে… মোট ১৫৮টি জাহাজ। তবে তাদের অল্প সংখ্যক, যেগুলোকে তারা “দ্রুত আক্রমণকারী জাহাজ” বলে, সেগুলোতে আমরা আঘাত হানিনি, কারণ আমরা সেগুলোকে তেমন বড় হুমকি বলে মনে করিনি।’

তিনি আরও বলেন, ‘সতর্কবার্তা: এই জাহাজগুলোর কোনোটি যদি আমাদের অবরোধের কাছাকাছি আসে, তাহলে সঙ্গে সঙ্গে সেগুলো ধ্বংস করা হবে। সমুদ্রে নৌকায় থাকা মাদক পাচারকারীদের বিরুদ্ধে (ভেনিজুয়েলায়) আমরা যে হত্যা পদ্ধতি ব্যবহার করি, ঠিক সেই পদ্ধতিই ব্যবহার করা হবে। এটি দ্রুত এবং নৃশংস।’এরআগে সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র ১৩ এপ্রিল মার্কিন সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় রাত ৮টা) থেকে আরব উপসাগর (পারস্য উপসাগর) ও ওমান উপসাগরে অবস্থিত ইরানি সমস্ত বন্দরসহ ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় প্রবেশকারী বা সেখান থেকে বের হওয়া জাহাজগুলো অবরোধ প্রয়োগ করা হবে।’

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সোমবার থেকে তারা ইরানি বন্দরগুলো অবরোধ করা শুরু করবে। তবে, হরমুজ প্রণালি দিয়ে অন্য দেশে যাতায়াতকারী জাহাজ চলাচলে তারা বাধা সৃষ্টি করবে না।

এদিকে ট্রাম্পের হুমকি প্রতিক্রিয়ায় কঠোর সতর্ক বার্তা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে তারা বলেছে, ইরানের বন্দর যদি কোনো হুমকিতে পড়ে তাহলে পারস্য উপসাগর এবং ওমান সাগরের কোনো বন্দরই নিরাপদ থাকবে না।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি আরও বলেছে, ‘মধ্যপ্রাচ্যের বন্দরগুলোর নিরাপত্তা হয় সবার জন্য, নয়তো কারোর জন্যই নয়। আন্তর্জাতিক জলসীমায় সামুদ্রিক চলাচলের ওপর অপরাধী যুক্তরাষ্ট্রের আরোপিত বিধিনিষেধ অবৈধ এবং জলদস্যুতার শামিল।’

বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরানের সশস্ত্র বাহিনী দেশের আইনগত অধিকার রক্ষা করাকে একটি স্বাভাবিক ও আইনগত কর্তব্য হিসেবে বিবেচনা করে এবং নিজের জলসীমায় ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্ব প্রয়োগ করা ইরানি জাতির একটি স্বাভাবিক অধিকার।’

মার্কিন প্রেসিডেন্টের ট্রাম্পের অব্যাহত হুমকির কথা উল্লেখ করে আইআরজিসি আরও বলেছে, সমস্ত ‘শত্রুদের (যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট) জাহাজকে’ গুরুত্বপূর্ণ জলপথগুলো দিয়ে যাতায়াত করতে দেওয়া হবে না, তবে তেহরান নির্ধারিত শর্ত সাপেক্ষে অন্যান্য জাহাজ চলাচল করতে পারবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ হয়ে গেলেও তেহরান হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের জন্য একটি স্থায়ী ব্যবস্থা দৃঢ়ভাবে বাস্তবায়ন করবে।

এছাড়াও হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলোতে অবরোধের বিষয়ে ট্রাম্পের হুমকি হলো ‘ফাঁকা বুলি’, যা বাস্তবতার সাথে মিলে না বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র এব্রাহিম রেজায়ই। একই সঙ্গে পরিস্থিতি সামরিক দিকে মোড় নিলে তেহরান তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলেও সতর্ক করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি আরও বলেন, ‘এটা বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং যে বাজার পরিস্থিতি নিয়ে তিনি (ট্রাম্প) ক্ষুব্ধ, তার এই সিদ্ধান্ত বাজার পরিস্থিতিকে আরও অস্থির করে তুলবে।’

রেজায়ই হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা সম্ভবত আমাদের হাতে থাকা এমনকিছু কৌশল প্রকাশ করবো এবার, যা এখনও এই খেলায় প্রয়োগ করা হয়নি।’

সূত্র: সিএনএন, আলজাজিরা
কালের আলো/এসআর/এএএন

হজের আনুষ্ঠানিকতা শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১:৩৪ অপরাহ্ণ
হজের আনুষ্ঠানিকতা শুরু

Oplus_131072

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আজ থেকে শুরু হয়েছে। রোববার (২৪ মে) এশার নামাজের পর থেকেই হজযাত্রীরা ‘তাবুর নগরী’ খ্যাত মিনার উদ্দেশে যাত্রা শুরু করেন। সোমবার (২৫ মে) দুপুর পর্যন্ত হাজিদের মিনায় পৌঁছানোর এই প্রক্রিয়া চলবে।

হজের নিয়ম অনুযায়ী, সোমবার সারা দিন এবং রাত মিনায় ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পার করবেন হজযাত্রীরা। এরপর মঙ্গলবার (৯ জিলহজ) হজের প্রধান রোকন বা মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য তারা মিনা থেকে আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা দেবেন। যাকে বলা হয় অকুফে বা আরাফার ময়দানে অবস্থান।

আগামী বুধবার পশু কোরবানির মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হবে এবং শুরু হবে ঈদুল আজহা। এরপর হাজিরা কাবা শরিফে বিদায়ী তাওয়াফ সম্পন্ন করে নিজ নিজ দেশে ফিরতে শুরু করবেন।

মিনা ও আরাফাতসহ পবিত্র স্থানগুলোতে এখন তীব্র দাবদাহ বিরাজ করছে। সৌদি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আরাফার ময়দানে অবস্থানের দিন অর্থাৎ মঙ্গলবার তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

তীব্র গরম থেকে হাজিদের সুরক্ষা দিতে সৌদি সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। পবিত্র স্থানগুলোতে ছায়া নিশ্চিত করতে বাড়তি শেড নির্মাণ, মিস্ট ফ্যান বা কৃত্রিম কুয়াশা তৈরির পাখা এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে হাজিদের চিকিৎসাসেবা দিতে প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম ও ভ্রাম্যমাণ হাসপাতাল। গরমের কারণে অসুস্থতা এড়াতে হাজিদের ছাতা ব্যবহার ও পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
সূত্র : গালফ নিউজ, আরব নিউজ

কালের আলো/এসএকে

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১:১৭ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ

Oplus_131072

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

সোমবার (২৫ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই দ্বিপাক্ষিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এবিএম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

কালের আলো/এসএকে

সন্ধ্যার মধ্যে ১০ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ
সন্ধ্যার মধ্যে ১০ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ১০ অঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে পারে কালবৈশাখী ঝড়। এ ঝড়ের গতিবেগ কোনো জায়গায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে হতে পারে।

সোমবার (২৫ মে) সন্ধ্যা ৬ টা পর্যন্ত দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, আজ সন্ধ্যার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া এবং ময়মনসিংহ অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

তিনি আরও জানান, এছাড়া রংপুর, দিনাজপুর, ঢাকা, টাংগাইল, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ