খুঁজুন
                               
শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৫ আষাঢ়, ১৪৩৩
           

এই দলদাসদের ভয়ংকর পরিণতি হবে: বর্তমান ইসিকে সারজিস

কালের আলো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
এই দলদাসদের ভয়ংকর পরিণতি হবে: বর্তমান ইসিকে সারজিস

বর্তমান নির্বাচন কমিশনকে (ইসি) ‘দলদাস’ আখ্যা দিয়ে হুঁশিয়ার করে দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বললেন, তাদের (ইসি) পরিণতি আগের কমিশনের থেকেও ভয়ংকর হবে।

বুধবার (২২ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন সারজিস।

ওই পোস্টে এনসিপি নেতা তার দলের সংরক্ষিত নারী আসনের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত হওয়া এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপিদের মনোনয়ন দেওয়ার কঠোর সমালোচনাও করেছেন।

সারজিস লিখেছেন, ‘জনগণের ৪ হাজার কোটি টাকা লুটপাট করা ঋণখেলাপিদেরকে জনাব তারেক রহমান মনোনয়ন দেয়। সেই ব্যাংক লুটেরাদেরকে এই নির্বাচন কমিশন নির্বাচন করতে দিয়েছে এবং তারা এখন ব্যাংক লুটেরাদের প্রতিনিধি হিসেবে সংসদেও আছে।’

তিনি লিখেছেন, ‘তখন এই নির্বাচন কমিশন তাদেরকে নিয়ম দেখাতে পারেনি। কারণ তাদের সেই মেরুদণ্ডটা নাই। ক্ষমতা আর দলের কাছে নিজেদের ব্যক্তিত্বকে বেঁচে দিয়ে তারা এখনো নির্বাচন কমিশনে পদ ধরে রেখেছে। প্রতিনিয়ত তাদের দলীয় প্রভুদেরকে সন্তুষ্ট করে যাচ্ছে।’ এনসিপি নেতার দাবি, ‘নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নির্বাচন কমিশন থেকে হয় না, হয় গুলশান থেকে।’

সারজিস লিখেছেন, ‘মনিরা শারমিন একসময় সরকারি চাকরি করতো আর নুসরাত তাবাসসুম কোনো কারণে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে ফরম জমা দিয়েছে বলে তাদের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন! অথচ সর্বশেষ দুটি আসনের উপনির্বাচনে যখন দিনে দুপুরে ভোট চুরি হলো, ব্যালটে সিল মারা হলো, ভোটকেন্দ্র দখল করা হলো, তখন এই প্রধান নির্বাচন কমিশনার এবং তার অন্যান্য কমিশনাররা মুখে কুলুপ এঁটে ছিল।’

সবশেষে হুঁশিয়ারি দিয়ে এই জুলাই যোদ্ধা লিখেছেন, ‘এরা যেন সাবেক প্রধান নির্বাচন কমিশনারের গলায় জুতার মালা পরা ছবিটা তাদের বেডরুমে টাঙিয়ে রাখে। এর চেয়েও ভয়ংকর পরিণতি এই দলদাসদের হবে।’

প্রসঙ্গত, আগামী ১২ মে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট। সে লক্ষ্যে সরকারি দল বিএনপি এবং জামায়াত জোট ইতোমধ্যে তাদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে।

এর মধ্যে সরকারি চাকরি থেকে অবসরের তিন বছর পূর্ণ না হওয়ায় জামায়াত জোটের অন্যতম শরিক দল এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত এবং নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেওয়ায় একই দলের আরেক প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।

নিজের দেওয়া পোস্টে তা নিয়েই ক্ষোভ ঝেড়েছেন এনসিপি নেতা ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক সারজিস আলম। মাত্র সোয়া ঘণ্টায় পোস্টটিতে ১১ হাজারের বেশি লাইক এবং প্রায় দেড় হাজার মন্তব্য জমা পড়েছে।

কালের আলো/এসআর/এএএন

২৪ হয়েছিল বলেই ২৬ সালে নির্বাচন হয়েছে: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ২:০৩ অপরাহ্ণ
২৪ হয়েছিল বলেই ২৬ সালে নির্বাচন হয়েছে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ২৪ হয়েছিল বলেই ২৬ সালের নির্বাচন হয়েছে। ২৪ না হলে ২৬ সালে নির্বাচন হওয়ার কথা ছিল না। তাদের রক্তের বিনিময়েই আমরা সরকারি ও বিরোধীদল হয়েছি। আমি অনুরোধ করবো এসব শহীদদের কেউ যেন খাটো করে না দেখেন।

শুক্রবার (১৯ জুন) নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মহানগর জামায়াতে ইসলামীর কর্মী সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, আমি গভীর কৃতজ্ঞতা জানাই ১৯৪৭, ৫২ ও ৭১সহ বিভিন্ন সময় যারা বুক চিতিয়ে সংগ্রাম করেছেন।

২০২৪ সালে যারা শহীদ হয়েছেন আমি সেসব শহীদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জামায়াত আমির বলেন, নারায়ণগঞ্জ একসময় প্রাচ্যের ড্যান্ডি ছিল।

নারায়ণগঞ্জ তার গৌরব হারিয়ে ফেলেছে। একসময় এটা সন্ত্রাসের নগরী হিসেবে পরিণত হয়েছিল। ত্বকী আপনাদের সন্তান, তার হত্যার বিচার কী পেয়েছেন? একজন নেতা ছিল, বলতো খেলা হবে। এখন কোথায় খেলছে? অহংকার ভালো নয়। নতুন কোনো গডফাদার এখানে তৈরি হোক আমরা চাই না।

তিনি আরও বলেন, আমরা চাই না আমাদের প্রিয় নারায়ণগঞ্জ অশান্তি ও চাঁদাবাজদের কবলে পড়ে থাকুক। ড্রেনের পানি দিয়ে যেমন অজু হবে না তেমনি ভালো মানুষ ছাড়া নারায়ণগঞ্জের উন্নয়ন হবে না। ভালো মানুষ ছাড়া কী এ নগর গড়া যাবে? এমন মানুষ লাগবে যে আল্লাহকে ভয় করে। এমন মানুষ ছাড়া কী আমরা নিরাপদ নারায়ণগঞ্জ গড়তে পারবো? আমরা সৎ নেতৃত্ব কায়েম করবো জনগণকে তার অধিকার ফিরিয়ে দিয়ে। আমাদের দাবি সব অনির্বাচিত প্রশাসক সরিয়ে দ্রুত নির্বাচন দেওয়া হোক। নারায়ণগঞ্জ মহানগরীতে অনির্বাচিত প্রশাসক সরিয়ে দিয়ে অনতিবিলম্বে নির্বাচন দেওয়া হোক। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী এখানে প্রার্থী দেবে। আমি আপনাদের নেতা আব্দুল জব্বারকে এখানে মেয়র প্রার্থী ঘোষণা করছি। ২৭টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে আমরা জনগণের সেবা করতে পারে এমন প্রার্থী আমরা উপহার দেব।

কালের আলো/এসআর/এএএন

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ২:০০ অপরাহ্ণ
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির

সংবাদ সম্মেলনে কথা বলছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম। ছবি: ঢাকা মেইল
‎কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীতে কোনো ধরনের আশঙ্কা নেই। তবে, এ দিনটি ঘিরে পুরো রাজধানী জুড়ে সতর্ক অবস্থানে থাকবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

‎শুক্রবার (১৯ জুন) বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। এটিকে কেন্দ্র করে আমরা সতর্ক অবস্থানে আছি। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অতীতের মতোই প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে নিরাপত্তা চেকপোস্ট অব্যাহত রয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে।’

‎কোনো আতঙ্কিত না থেকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়িয়ে নগরবাসীকে সতর্ক অবস্থানে থাকতে পরামর্শ দিয়েছেন তিনি।

কালের আলো/এসআর/এএএন

দেশজুড়ে বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১:০১ অপরাহ্ণ
দেশজুড়ে বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

শুক্রবার (১৯ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল শনিবার (২০ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (২১ জুন) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার (২২ জুন) রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার (২৩ জুন) ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, পরবর্তী বর্ধিত পাঁচ দিনেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি