খুঁজুন
                               
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

ইরানের সঙ্গে সংঘাত ‘শেষ’ দাবি ট্রাম্পের, কংগ্রেসের অনুমোদন নিয়ে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ণ
ইরানের সঙ্গে সংঘাত ‘শেষ’ দাবি ট্রাম্পের, কংগ্রেসের অনুমোদন নিয়ে বিতর্ক

যুদ্ধবিরতির মধ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ‘শেষ হয়েছে’ বলে কংগ্রেসকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, যুদ্ধ পরিচালনার জন্য কংগ্রেসের অনুমোদনের নির্ধারিত সময়সীমা তিনি মানতে বাধ্য নন। ট্রাম্পের এমন দাবিকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের আইনে বলা আছে, কোনো প্রেসিডেন্ট যদি সামরিক অভিযান শুরু করেন, তবে ৬০ দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। অন্যথায় তাকে সামরিক কার্যক্রম বন্ধ করতে হবে।

তবে কংগ্রেসের নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে ট্রাম্প বলেছেন, গত মাসে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হওয়ায় সেই সময়সীমার ‘ঘড়ি থেমে গেছে’, তাই তিনি ওই আইনি বাধ্যবাধকতা মানতে বাধ্য নন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনো দীর্ঘমেয়াদি শান্তিচুক্তি হয়নি।

তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইসলামাবাদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে নতুন একটি প্রস্তাব পাঠিয়েছে তেহরান। যদিও প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করা হয়নি এবং তা যুক্তরাষ্ট্রে পৌঁছেছে কি না, সেটিও নিশ্চিত নয়।

শুক্রবার কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে সামরিক অভিযান সম্পর্কে জানানোর ৬০তম দিনে ট্রাম্প লিখেছেন, ‘২০২৬ সালের ৭ এপ্রিলের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো গোলাগুলি হয়নি। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘর্ষ এখন শেষ হয়েছে।’

সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা ইরানের সঙ্গে কথা বলেছি। দেখা যাক কী হয়। তবে আমি সন্তুষ্ট নই।’ তিনি আরো বলেন, ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিহত হওয়ার পর দেশটির নেতৃত্ব ‘বিশৃঙ্খল অবস্থায়’ রয়েছে, যা চুক্তি কঠিন করে তুলছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড তাকে দুটি বিকল্প দিয়েছে বলেও জানান ট্রাম্প। একটি ‘পুরোপুরি ধ্বংস করা’, অন্যটি ‘সমঝোতায় পৌঁছানো’।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তারা আমাদের প্রত্যাশিত চুক্তির দিকে এগোচ্ছে না। আমরা বিষয়টি ঠিকভাবে শেষ করব, মাঝপথে ছেড়ে দেব না।’

এদিকে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য ইরানকে কোনো ধরনের ‘টোল’ দিলে তা মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। গুরুত্বপূর্ণ এই নৌপথ কার্যত বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতিতেও প্রভাব পড়ছে।

কংগ্রেসে এ নিয়ে চাপ বাড়ছে-যুদ্ধের আনুষ্ঠানিক অনুমোদনের জন্য ভোট হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠছে।

১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ারস রেজ্যুলিশন’ অনুযায়ী, প্রেসিডেন্টকে ৬০ দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন নিতে হয়, নতুবা সেনা প্রত্যাহার করতে হয় (বিশেষ ক্ষেত্রে আরও ৩০ দিনের সময় পাওয়া যেতে পারে)।

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, যুদ্ধবিরতির কারণে সময়সীমা থেমে গেছে। তবে ডেমোক্র্যাট সিনেটর টিম কাইনি এ যুক্তি প্রত্যাখ্যান করে বলেন, ‘আইন এ ধরনের ব্যাখ্যা সমর্থন করে না।’

বিশেষজ্ঞরাও ট্রাম্প প্রশাসনের ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের আইন অধ্যাপক হেদার ব্র্যান্ডন-স্মিথ বলেন, ‘যুদ্ধবিরতি স্থায়ী সমাপ্তি নয়। স্থায়ীভাবে সংঘাত শেষ হলেই ৬০ দিনের হিসাব বন্ধ হতে পারে।’

তিনি আরও বলেন, প্রশাসন যদি যুদ্ধ চালিয়ে যেতে চায়, তাহলে তা থামানোর একমাত্র পথ হতে পারে আদালত বা কংগ্রেস।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর এই সংঘাতের সূচনা হয়। পাল্টা জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের মার্কিন মিত্রদের ওপর হামলা চালায়।

পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরোধিতা করে আসছে। তাদের অভিযোগ, তেহরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে—যদিও ইরান তা অস্বীকার করে আসছে। সূত্র: বিবিসি।

কালের আলো/আরডি/এমডিএইচ

আজ পবিত্র হজ, ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৯:২৭ পূর্বাহ্ণ
আজ পবিত্র হজ, ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর

আজ পবিত্র হজ। আরাফাতের ময়দানে লাখো কণ্ঠে ধ্বনিত হওয়ার অপেক্ষায় ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্‌দা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুল্‌ক, লা শারিকা লাক।’ এর বাংলা অর্থ—‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।’

গতকাল থেকেই পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে প্রায় আট কিলোমিটার দূরে তাঁবুর নগরী খ্যাত মিনায় অবস্থান নেন লাখ লাখ হাজি। তারা সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবুতে অবস্থান করে ইবাদত-বন্দেগিতে নিমগ্ন থাকেন। মঙ্গলবার ফজরের নামাজের পর আল্লাহর মেহমানরা রওনা হচ্ছেন আরাফাতের ময়দানে।

ইসলামের মূল পাঁচটি স্তম্ভের একটি হচ্ছে পবিত্র হজ। আর পবিত্র হজের তিনটি ফরজের অন্যতম হচ্ছে আরাফাতের ময়দানে হাজিদের অবস্থান। এটিই হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা।

সারা বিশ্ব থেকে এবার ১৫ লাখের বেশি হজযাত্রী পবিত্র হজব্রত পালন করতে মক্কায় জড়ো হয়েছেন। নানা বর্ণের, নানা ভাষার মুসলিমরা মিশেছেন একই স্রোতে। আল্লাহর মেহমানরা আজ আরাফাতের ময়দানে দিনভর অবস্থান করবেন। এই মরুর ময়দানে ১৪০০ বছর আগে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।

আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে আজ হজের খুতবা দেওয়া হবে। এবার মসজিদে নববির প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফির খুতবা দেওয়ার কথা রয়েছে। খুতবা ও নামাজের মধ্য দিয়ে এই বিস্তীর্ণ ময়দানে হাজিরা সারা দিন পার করবেন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করে হাজিরা আল্লাহর জিকির-আসগার, তিলাওয়াত, দোয়া-মোনাজাতে নিমগ্ন থাকবেন।

ধর্মীয় বিধান অনুযায়ী, আরাফাতের ময়দানের দোয়ার গুরুত্ব অপরিসীম। হাজিরা জোহর ও আসর নামাজ একসঙ্গে আদায় করবেন। সূর্য পশ্চিম আকাশে হেলে গেলে হাজিরা অত্যন্ত কাতর ও বিনয়ী কণ্ঠে একযোগে আল্লাহর কাছে দোয়া করেন। অশ্রুভেজা কণ্ঠে পার্থিব দুনিয়ার যত অপরাধ, পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। একই সঙ্গে পরিবার-আত্মীয়স্বজন, প্রতিবেশী-পরিচিতজন, দেশবাসীসহ মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন। সব চাওয়া-পাওয়া, মনের আকাঙ্ক্ষা আল্লাহ–তাআলার কাছে ব্যক্ত করবেন হাজিরা।

আরাফাতের ময়দানে অবস্থানের প্রতিদানস্বরূপ আল্লাহ হাজিদের নিষ্পাপ ঘোষণা করেন। হাদিসে আছে, ‘আরাফাহর দিন আল্লাহ এত বেশি পরিমাণ জাহান্নামিকে অগ্নি থেকে মুক্তি দেন, যা অন্য কোনো দিবসে দেন না।’ (মুসলিম শরিফ)

হজের অংশ হিসেবে হাজিরা আরাফাতের ময়দান থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে মুজদালিফায় যাবেন। সেখানে খোলা আকাশের নিচে রাত কাটানো ওয়াজিব। ফজর নামাজের পর তাঁরা সাতটি পাথর সংগ্রহ করবেন। ১০ জিলহজ মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে হাজিরা কেউ ট্রেনে, কেউ গাড়িতে, কেউ হেঁটে আবার মিনায় যাবেন এবং নিজ নিজ তাঁবুতে ফিরবেন। মিনায় বড় শয়তানকে সাতটি পাথর মারার পর পশু কোরবানি দিয়ে মাথার চুল ছেঁটে গোসল করবেন। সেলাইবিহীন দুই টুকরা কাপড় বদল করবেন।

এরপর স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবার সামনের দুই পাহাড় সাফা ও মারওয়ায় ‘সাঈ’ (সাতবার দৌড়াবেন) করবেন। কাবা শরিফ তাওয়াফ (তাওয়াফ আল-ইফাদাহ) করবেন। তাওয়াফ শেষে মিনায় ফিরে ১১ ও ১২ জিলহজ অবস্থান ও প্রতিদিন তিন (ছোট, মেজ ও বড় শয়তান) শয়তানকে ২১টি পাথর নিক্ষেপ করবেন।

পবিত্র কাবা তাওয়াফ, আরাফাতের ময়দানে অবস্থান, সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়ানো, মিনার জামারায় পাথর নিক্ষেপ, আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি ইত্যাদি হজের ইবাদত। জামারায় শয়তানের প্রতিকৃতিতে পাথর নিক্ষেপের পর হাজিদের পশু কোরবানির প্রস্তুতি নিতে হয়। তারা আগামীকাল বুধবার কোরবানি দেবেন। অধিকাংশ হাজি নিজে বা বিশ্বস্ত লোক দিয়ে মুস্তাহালাকায় (পশুর হাট ও জবাইয়ের স্থান) গিয়ে কোরবানি দেন। কেউ কেউ ইসলামি উন্নয়ন ব্যাংকে অর্থ জমা দিয়ে কোরবানি দেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৯:০৯ পূর্বাহ্ণ
যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় থাকা নৌযানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বলেছে, হামলাগুলো ‘আত্মরক্ষা’ এবং ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সৈন্যদের রক্ষার জন্য চালানো হয়েছে।

সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেছেন, মার্কিন সামরিক বাহিনী চলমান যুদ্ধবিরতির নীতি বজায় রেখে আমাদের বাহিনীকে রক্ষা করে চলেছে।

এদিকে, এই হামলা এমন এক সময়ে চালানো হলো যখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে, কিন্তু সংঘাত নিরসনের কোনো চুক্তি ‘আসন্ন নয়’।

দ্য নিউইয়র্ক টাইমসের তথ্যমতে, ক্যাপ্টেন হকিন্স বলেছেন, হামলাগুলো বন্দর আব্বাসের কাছাকাছি একটি এলাকাকে লক্ষ্য করে চালানো হয়েছে। বন্দর আব্বাস ইরানের দক্ষিণের একটি বন্দর শহর এবং হরমুজ প্রণালির কাছে অবস্থিত একটি ইরানি নৌঘাঁটির আবাসস্থল।

এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, বিস্ফোরণের শব্দ শোনার পর বন্দর আব্বাসের স্থানীয় কর্মকর্তারা বিষয়টি তদন্ত করছেন।

তবে সবশেষ মার্কিন হামলার জবাবে ইরান এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। নতুন করে হামলার ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির ওপর এর কী প্রভাব পড়বে, তা এখনোও স্পষ্ট নয়।

সূত্র : বিবিসি

কালের আলো/আরডি/এমডিএইচ

রাজশাহীতে ৪৫০ টাকার জন্য বন্ধুকে ছুরি মেরে হত্যা

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৮:৫৬ পূর্বাহ্ণ
রাজশাহীতে ৪৫০ টাকার জন্য বন্ধুকে ছুরি মেরে হত্যা

রাজশাহীতে বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন আশিকুর রহমান (২৮) নামের এক যুবক। সোমবার সকালে রাজশাহীর দামকুড়া থানার জোতরাবোন এলাকায় এ ঘটনা ঘটে। ধার নেওয়া ৪৫০ টাকা ফেরত না দেওয়ার কারণে এ ঘটনা ঘটান আশিকুরের বন্ধু ফয়সাল আলী জয় (২৬)।

নিহত আশিকুর জোতরাবোন গ্রামের আকরাম আলীর ছেলে। আর তার বন্ধু ফয়সালের বাবার নাম মোন্তাজ আলী। ঘটনার পর পুলিশ অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তার করেছে। পেশায় তিনি অটোরিকশা চালক। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে।

দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, গত ২১ মে বন্ধু ফয়সালের কাছ থেকে ৪৫০ টাকা ধার নেন আশিকুর। সোমবার সকাল ১০টার দিকে ফয়সাল সেই টাকা চাইতে আশিকুরের বাড়ি যান। তখন দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়।

এরপর ফয়সাল ফিরে আসেন। সকাল ১১টার দিকে তিনি ভাড়া মারতে অটোরিকশা নিয়ে বের হন। তখন আবার আশিকুরের সঙ্গে তার দেখা হয়। এ সময় আবার কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হয়।

তখন ছুরি দিয়ে আশিকুরের বাম পাজরে আঘাত করেন ফয়সাল। এরপর কৌশলে ফয়সাল পালিয়ে যান। পরে স্থানীয়রা আশিকুরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ঘটনার পর ফয়সালকে ধরতে তারা অভিযান শুরু করেন। পরে রাজশাহী নগরের আলুপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। সেই মামলায় আসামিকে আদালতে তোলা হবে। আদালতে আসামির রিমান্ডও চাওয়া হবে। আর ময়নাতদন্তের পর নিহত যুবকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

কালের আলো/এসকে/এমএসআইপি