খুঁজুন
                               
সোমবার, ১১ মে, ২০২৬, ২৮ বৈশাখ, ১৪৩৩
           

সিরাজগঞ্জ শহরজুড়ে স্পিড ব্রেকারে মার্কিং করছে আবদুস সাত্তার ফাউন্ডেশন

সিরাজগঞ্জ প্রদিবেদক
প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ৮:৪৬ অপরাহ্ণ
সিরাজগঞ্জ শহরজুড়ে স্পিড ব্রেকারে মার্কিং করছে আবদুস সাত্তার ফাউন্ডেশন

মানুষের নিরাপত্তাকে উন্নয়নের প্রথম শর্ত হিসেবে বিবেচনা করে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন স্পিড ব্রেকারে সঠিক মার্কিং নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে আবদুস সাত্তার ফাউন্ডেশন।

শনিবার (৯ মে) শহরজুড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনটির চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার। ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাজী আব্দুস সাত্তার বলেন, অতীতে ঘটে যাওয়া বিভিন্ন সড়ক দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ছোট ছোট সচেতনতামূলক পদক্ষেপও অনেক প্রাণহানি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, নিরাপদ সড়ক, পরিচ্ছন্ন নগরী ও পরিকল্পিত উন্নয়নের লক্ষ্য নিয়েই আবদুস সাত্তার ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। মানুষের অংশগ্রহণ ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে সিরাজগঞ্জকে একটি আধুনিক ও আদর্শ শহরে রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে নানা ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে আবদুস সাত্তার ফাউন্ডেশন। শিক্ষা সহায়তা, চিকিৎসাসেবা, খাদ্যসামগ্রী বিতরণ, শীতবস্ত্র প্রদান, এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা এবং ধর্মীয় ও সামাজিক কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে প্রতিষ্ঠানটি।

এছাড়া দুর্যোগকালীন সময়েও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে আসছে সংগঠনটি। ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা হাজী আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে স্থানীয়রা জানান।

কালের আলো/এম/এএইচ

৫০ শয্যার সব হাসপাতালকে ১০০-তে রূপান্তর করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

মাদারীপুর প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ৯:০৪ অপরাহ্ণ
৫০ শয্যার সব হাসপাতালকে ১০০-তে রূপান্তর করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের ৫০ শয্যাবিশিষ্ট সব হাসপাতালকে ১০০ শয্যায় রূপান্তর করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরকার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

সোমবার (১১ মে) বিকেলে হঠাৎ করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম আক্তার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব আলী মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু কাজীসহ বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যবলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে অধিকাংশ ডাক্তারই হাসপাতালে উপস্থিত থাকে। তবে দুই-একজন দুষ্টুমি করে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।

এ সময় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। কোনো চিকিৎসক যদি দায়িত্ব অবহেলা করেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ
বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বাংলাদেশের মানুষ কাঁটাতারের বেড়া ভয় পায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারও কাঁটাতার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলার দরকার, আমরা কথা বলব।’

সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ প্রতিক্রিয়া জানান।

সম্প্রতি পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) জমি হস্তান্তরের ঘোষণা দেন।

এ বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন আর ডর দেখানোর মতো জায়গা নাই।তিনি আরও বলেন, ‘যদি মানুষের সঙ্গে সম্পর্ক করতে চান, বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না। বাংলাদেশ সরকারও কাঁটাতার ভয় পায় না। সীমান্তে হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘এখানে তো অনেকগুলো মানুষ হত্যা করা হয়। যেগুলো আগে দেখেছি আমরা হাসিনার সময়। ওই নমুনায় আর বর্ডার ইনশাআল্লাহ কোনোদিন আসবে না। আর ওই নমুনায় যদি কেউ বর্ডার করতেও চায়, এই বাংলাদেশ ওই গোলামির দেশ নয় যে, বসে দেখবে।’

তিনি বলেন, বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংলাপ ও আঞ্চলিক স্থিতিশীলতা চায়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, ‘ভারতে থেকে তাকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যাতে স্পেস না দেওয়া হয়; আমরা আশ্বস্ত হয়েছি, ভারতের সরকারের কাছ থেকে তারা তাকে ওই স্পেসটা দেবে না।’

দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বলেন, ‘আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে চাই। দুই দেশের নেতৃত্বের মানসিকতা হতে হবে সামনে এগিয়ে যাওয়ার।’

তিস্তা ইস্যুতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পশ্চিমবঙ্গে এখন বিজেপি সরকার ক্ষমতায় আসায় ভারতের কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার একই রাজনৈতিক দলের অধীনে এসেছে। এতে আলোচনার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ কমতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

কালের আলো/এসআর/এএএন

রাজশাহীতে আম সংগ্রহ শুরু ১৫ মে

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
রাজশাহীতে আম সংগ্রহ শুরু ১৫ মে

রাজশাহীর আমবাগানে চলতি মৌসুমের গুটি জাতের আম সংগ্রহ আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে। এরপর ধাপে ধাপে জেলার বিভিন্ন জনপ্রিয় ও সুস্বাদু আম সংগ্রহের সময় নির্ধারণ করেছে জেলা প্রশাসন।

রবিবার (১০মে)  বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় আনুষ্ঠানিকভাবে ‘ম্যাংগো ক্যালেন্ডার’ ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এ সময় আমচাষি, ব্যবসায়ী ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ২২ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রানীপছন্দ ও লক্ষণভোগ, ৩০ মে থেকে হিমসাগর বা খিরসাপাত বাজারজাত করা যাবে। এছাড়া ১০ জুন থেকে ল্যাংড়া ও বানানা ম্যাংগো, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি সংগ্রহের অনুমতি থাকবে।

পরবর্তী ধাপে ৫ জুলাই থেকে বারি আম-৪, ১০ জুলাই থেকে আশ্বিনা এবং ১৫ জুলাই থেকে গৌড়মতি আম নামানো যাবে। অন্যদিকে কাটিমন ও বারি আম-১১ জাতের আম সারা বছরই সংগ্রহ করা যাবে বলে সিদ্ধান্ত হয়েছে।

সভায় আরও জানানো হয়, কিছু গুটি আম আগেই পেকে যায়। উপজেলা কৃষি কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে সেসব আম নির্ধারিত সময়ের আগেও সংগ্রহ করা যাবে।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, অপরিপক্ব আম বাজারে আসা ঠেকাতে এবং ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত আম নিশ্চিত করতে প্রতিবছরের মতো এবারও সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের আগে গাছ থেকে আম নামিয়ে বাজারজাত করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

কালের আলো/এসআইপি