খুঁজুন
                               
বুধবার, ১৩ মে, ২০২৬, ৩০ বৈশাখ, ১৪৩৩
           

রাজবাড়ীতে পল্লী চিকিৎসক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
রাজবাড়ীতে পল্লী চিকিৎসক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

প্রায় সাত বছর আগে রাজবাড়ীতে এক পল্লী চিকিৎসককে খুনের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড এবং সাবেক এক চেয়ারম্যানসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ মে) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন- বাবলু সরদার, টোকন সরদার ও গাজীয়া সরদার।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- রাজবাড়ীর দেবগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতর আলী সরদার, রায়হান সরদার, হবিবর রহমান ওরফে হবি সরদার, হেলাল খা, জিল্লু বেপারী ওরফে কাজী ও জিয়া মণ্ডল।

মৃত্যুদণ্ড পাওয়া বাবলু সরদার যাবজ্জীবন সাজা পাওয়া আতর আলীর ছেলে। দণ্ডিত প্রত্যেককে রায়ে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মামলার ২২ আসামির মধ্যে বাকি ১১ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাদের খালাস দিয়েছেন। তারা হলেন- কামরুল শেখ, কবির শেখ, সামাদ শেখ, আফতার শেখ, আমজাদ শেখ, জহুরুল মণ্ডল, মিন্টু মোল্যা, জাকিরুল শেখ, সবুজ মণ্ডল, সাইদুল মোল্যা ও ছাত্তার খা।

এ ছাড়া মতিয়ার ও আলাল সর্দার (মাঝি) নামে দুই আসামি মামলার বিচার চলাকালে মারা যাওয়ায় তাদেরও অব্যাহতি দিয়েছেন আদালত।

জানা যায়, গোয়ালন্দ থানার দেবগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আতর আলীর পক্ষে অবস্থান নিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেন এলাকার ত্রাস হিসেবে পরিচিত নজরুল ইসলাম মণ্ডল। তবে নির্বাচনে আতর আলীকে পরাজিত করে বিজয়ী হন হাফিজুল ইসলাম।

২০১৯ সালের ১৪ অক্টোবর দেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের সম্মেলন ছিল। নির্বাচনে বিজয়ী ও পরাজিত প্রার্থী সেখানে উপস্থিত হন।

আতর আলীর লোকজন সম্মেলনে হট্টগোল, চিৎকার শুরু করলে নেতারা তাদের শান্ত করেন। এক পর্যায়ে বাবলু সরদার সম্মেলনস্থল ত্যাগ করেন। পরে আতর আলী তার লোকজন নিয়ে সশস্ত্র অবস্থায় তিন রাস্তার মোড়ে অবস্থান নেন।

হাফিজুল ইসলামের কর্মী নিজাম ওই পথ দিয়ে যাওয়ার সময় তাকে মারধর করা হয়। ওই খবর শুনে আবু ডাক্তার সেখানে যান। তখন তারা তাকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেন।

আবুর চিৎকারে আশপাশের লোকজন সেখানে গেলে আসামিরা পালিয়ে যান। আবুকে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আবু ডাক্তারকে হত্যার ঘটনায় ২০১৯ সালে মোল্লা গোয়ালন্দঘাট থানায় ৩৭ জনের নামে এ মামলা করেন তার বাবা মোবারক। মামলার তদন্ত শেষে ফরিদপুর জেলা পিবিআইয়ের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

এরপর দ্রুত বিচারের জন্য মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। ২০২২ সালের ৩০ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত।

মামলার বিচার চলাকালে ৩০ জন সাক্ষীর মধ্যে ২৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। আসামিদের আত্মপক্ষ শুনানি, মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার নয়জনকে দোষী সাব্যস্ত করে রায় দেন আদালত।

কালের আলো/এসআর/এএএন

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ‘ইতিবাচক দিকে’ এগোচ্ছে: ভারত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ‘ইতিবাচক দিকে’ এগোচ্ছে: ভারত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক দিকে এগোচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১২ মে) নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছি যে আমরা (ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে একটি ইতিবাচক দিকে নিয়ে যাচ্ছি।’

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাম্প্রতিক দিল্লি সফর এবং ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা ঢাকা সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে বর্তমান সম্পর্কের গতিপথ এটাই।’

ভারত থেকে পণ্য আমদানির বিরুদ্ধে বাংলাদেশের কিছু মানুষের প্রতিবাদ এবং পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশের খবর সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের সময় প্রতিবেশী দেশগুলোকে ভারতের সমর্থন বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি সরবরাহ অব্যাহত রেখেছে ভারত।

তিনি বলেন, ‘আমরা হাই-স্পিড ডিজেল ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে ডিজেল সরবরাহ করে আসছি। আমরা বাংলাদেশ থেকে অতিরিক্ত অনুরোধও পেয়েছি, যা আমরা পূরণ করেছি এবং তা অব্যাহত রেখেছি।’

অবৈধ অভিবাসনের বিষয়ে ঢাকার ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে বলে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের কথিত মন্তব্য সম্পর্কে জানতে চাইলে জয়সওয়াল বলেন, বিষয়টি দুই দেশের মধ্যে আলোচনাধীন রয়েছে।

জয়সওয়াল আরও বলেন, ‘আমরা আপনাদের বলেছি যে এটি ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনার একটি বিষয়।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই শুভেন্দু অধিকারী ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং অনুপ্রবেশ ইস্যু নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

জয়সওয়াল বলেন, জাতীয় নিরাপত্তা রক্ষা করাই ভারতের প্রধান অগ্রাধিকার এবং পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তকে কেন্দ্রীয় সরকার সেই প্রেক্ষাপটেই দেখছে।

এসময় মুখপাত্র আরও পুনর্ব্যক্ত করেছেন যে, ভারতে অবৈধভাবে বসবাস করছেন এমন ২ হাজার ৮৬০ জনেরও বেশি ব্যক্তির জাতীয়তা যাচাইয়ের বিষয়ে ঢাকার জবাবের অপেক্ষায় রয়েছে নয়াদিল্লি।

সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চীন সফরে গিয়ে তিস্তা প্রকল্পের কাজে বেইজিংয়ের সহায়তা চেয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে তিস্তা উন্নয়ন প্রকল্প নিয়েও ভারতের তীক্ষ্ণ নজরদারির কথা উল্লেখ্য করে জয়সওয়াল বলেন, ‘আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি হিসেবে আমরা আমাদের চারপাশের সমস্ত ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি। কিন্তু আমি আপনাদের বলতে চাই যে, প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্ক স্বতন্ত্র’।

কালের আলো/আরডি/এমডিএইচ

সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২১ জুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ
সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২১ জুন

রাজধানীর কোতোয়ালি থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ২১ জুন নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার (১২ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

এদিন মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এ জন্য সালমান ও আনিসুলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

এসময় আসামিদের আইনজীবী অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২১ জুন নতুন দিন নির্ধারণ করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৩ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নিউমার্কেট থানার একটি হত্যা মামলার আসামিরা সদরঘাট ২ নম্বর মসজিদ সংলগ্ন এলাকায় অবৈধভাবে বৈদেশিক মুদ্রা রাখছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককালে আনিসুল হকের কাছ থেকে ১৭ হাজার ৫৯২ মার্কিন ডলার ও ৭২৬ সিঙ্গাপুর ডলার জব্দ করা হয়। অন্যদিকে, সালমান এফ রহমানের কাছ থেকে ১২ হাজার ৬২৪ মার্কিন ডলার, ৬২০ সুইস ফ্রাঙ্ক, ৮ হাজার ৫০০ দিরহাম, ১৩ লাখ উজবেক সোম, ১১ হাজার ৬৫০ সৌদি রিয়াল, ৭৭৯ সিঙ্গাপুর ডলার, ১৫০ ব্রিটিশ পাউন্ড, ১ হাজার ৩২১ ইউরো, ৬ হাজার ২৩০ ভুটানি গুলট্রাম, ৩ হাজার ৩২০ থাই বাথ ও ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় একই বছরের ১৩ সেপ্টেম্বর নিউমার্কেট থানার এসআই মো. সজীব মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ নভেম্বর কোতোয়ালি থানার এসআই নুরুজ্জামান তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

ট্রাইব্যুনালে নতুন ৩ জন প্রসিকিউটর নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ
ট্রাইব্যুনালে নতুন ৩ জন প্রসিকিউটর নিয়োগ

মামলা পরিচালনার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন তিনজন আইনজীবীকে প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মে) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ-সলিসিটর মুহম্মদ শাহাদাত হোসেন (জিপি-পিপি) স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য হাইকোর্টের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় মো. মাগফুর রহমান শেখ, সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় ড. মোহাম্মদ অলি মিয়া ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় ব্যারিস্টার রাফিউল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রসিকিউটর পদে নিয়োগ প্রদান করা হলো।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

কালের আলো/আরডি/এমডিএইচ