খুঁজুন
                               
শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

রাতে ঢাকাসহ দেশের ১০ অঞ্চলে শক্তিশালী ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ
রাতে ঢাকাসহ দেশের ১০ অঞ্চলে শক্তিশালী ঝড়ের আভাস

বুধবার (১৩ মে) এক বিজ্ঞপ্তিতে এ বার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত পূর্বাভাস সংক্রান্ত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৩ মে দিবাগত রাত ১টার মধ্যে যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝড় বয়ে যেতে পারে।এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এছাড়া, দেশের অন্যত্র পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী ঝড় বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, বুধবার সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেইসঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

কালের আলো/এসআইপি

ব্যাংকে নীরবে বাড়ছে দাবিহীন আমানত

বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ২:১৩ অপরাহ্ণ
ব্যাংকে নীরবে বাড়ছে দাবিহীন আমানত

স্থানীয় ও বৈদেশিক মুদ্রা মিলে ৩৩টি ব্যাংকের অদাবিকৃত আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫৩ কোটি টাকা। এর মধ্যে স্থানীয় মুদ্রায় অদাবিকৃত আমানতের পরিমাণ ৪৯ কোটি ৮ লাখ ৬০ হাজার ৪৯৬ কোটি টাকা। এ ছাড়া মার্কিন ডলারে প্রায় ৪ কোটি ৪৮ হাজার ১৭০ টাকা (৩২৬২৫৮ ডলার), পাউন্ডে ২৭ লাখ ৩৩ হাজার ৩৭৮ টাকা (৪৬৪৮৬ পাউন্ড) এবং ইউরোতে ৭ লাখ ৫৮ হাজার ৪৪০ টাকা (৫২৭৫ ইউরো)।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, দাবিহীন আমানতের তালিকায় শীর্ষে রয়েছে কয়েকটি বড় বেসরকারি ব্যাংক। এর মধ্যে বিদেশি খাতের সিটি ব্যাংক এনএ-এর সর্বোচ্চ প্রায় ১৫ কোটি টাকার দাবিহীন আমানত রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংকের রয়েছে প্রায় ৮ কোটি টাকা। এ ছাড়া এইচএসবিবিসির প্রায় ৬ কোটি টাকা, ইস্টার্ন ব্যাংকের প্রায় ৫ কোটি টাকা এবং সিটি ব্যাংকের প্রায় ৩ কোটি টাকার দাবিহীন আমানত রয়েছে। এসব আমানতের বড় অংশই দীর্ঘদিন অচল থাকা সঞ্চয়ী হিসাব, এফডিআর ও বিভিন্ন ডিপোজিট স্কিমে জমা টাকার হিসাব।

ব্যাংকাররা বলছেন, গ্রাহকের মৃত্যু, বিদেশে স্থায়ী হওয়া, ঠিকানা পরিবর্তন, মোবাইল নম্বর বন্ধ থাকা কিংবা উত্তরাধিকারীদের তথ্য না থাকায় এসব হিসাব বছরের পর বছর নিষ্ক্রিয় হয়ে থাকে। অনেক সময় পরিবারও জানে না যে, তাদের স্বজনের নামে ব্যাংকে আমানত রয়েছে। নিয়ম অনুযায়ী, ব্যাংকের কোনো হিসাবে জমা থাকা আমানতের বিষয়ে ১০ বছর ধরে কোনো দাবিদার পাওয়া না গেলে ওই হিসাবকে অদাবিকৃত আমানত হিসাব (আনক্লেইমড ডিপোজিট অ্যাকাউন্ট) বলে গণ্য করা হয় এবং এসব হিসাবের অর্থ বাংলাদেশ ব্যাংকে জমা করার নির্দেশনা রয়েছে।

জানা যায়, এসব আমানত সংশ্লিষ্ট গ্রাহক বা তার উত্তরাধিকারীদের ফিরিয়ে দিতে প্রায় এক বছর হিসাবধারীর নাম, হিসাব নম্বর ও টাকার পরিমাণসহ বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইটে তথ্য প্রকাশ করা হয়ে থাকে। এ সময় কোনো দাবিদার উপযুক্ত প্রমাণ দিতে পারলে তার অর্থ ফেরত দেয় বাংলাদেশ ব্যাংক। ওয়েবসাইট থেকে তথ্য সরিয়ে ফেলার পর আরও এক বছর বাংলাদেশ ব্যাংক ওই অর্থ ফেরত দিতে রাজি থাকে। প্রতি বছর এপ্রিলে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে অদাবিকৃত আমানত জমা নেয়। সব মিলিয়ে অন্তত ১২ বছর তিন মাস সময় দেওয়া হয় অদাবিকৃত আমানত গ্রাহককে ফেরত নেওয়ার জন্য। এরপরও যেসব আমানতের দাবিদার পাওয়া না যায়, সেসব আমানতের অর্থ সরকারের কোষাগারে জমা দেওয়া হয়।

কালের আলো/এম/এএইচ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১:২৪ অপরাহ্ণ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে

শুক্রবার (১৫ মে) ভোর থেকে এ যানজট শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত অব্যাহত ছিল।

এতে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রী, অফিসগামী মানুষ ও পণ্যবাহী যানবাহনের চালকরা। বিশেষ করে ঈদের আগ মুহূর্ত না হলেও সাপ্তাহিক ছুটির দিনে মহাসড়কে যানবাহনের চাপ বেশি থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে থাকায় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দাউদকান্দি ব্রিজের ওপর একটি কাভার্ড ভ্যান যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে। এতে সেতু দিয়ে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে এবং একপর্যায়ে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকল যানটি সরানোর কাজ শুরু করে।

এ বিষয়ে মোহাম্মদ আমিন শেখ বলেন, দাউদকান্দি ব্রিজে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে যাওয়ায় মহাসড়কে যানজট তৈরি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে বিকল গাড়িটি সরানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ধীরগতিতে হলেও যানবাহন চলাচল করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।

কালের আলো/এসআইপি

অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পর দেশে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হয়েছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ
অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পর দেশে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হয়েছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পর দেশে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য সম্ভাবনাময় গন্তব্যে পরিণত হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর একটি হোটেলে ‘নভো গ্রুপ ইনভেস্টর মিট-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর বিপুল জনসংখ্যা ও তরুণ শ্রমশক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক উৎপাদন ও বিনিয়োগের অন্যতম কেন্দ্র হতে পারে।

তিনি আরও বলেন, বর্তমানে তৈরি পোশাক শিল্প দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস। তবে গার্মেন্টস ও চামড়া শিল্পের পাশাপাশি হোম টেক্সটাইল, হস্তশিল্প, মৎস্য ও কৃষিপণ্য খাতেও ব্যাপক বিনিয়োগের সুযোগ রয়েছে। বিদেশি বিনিয়োগকারীরা এসব খাতে বিনিয়োগ করলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের দক্ষিণাঞ্চল বিনিয়োগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোলায় জ্বালানি সম্পদের বিশাল সম্ভাবনা রয়েছে। এ ছাড়া পায়রা বন্দর, বঙ্গোপসাগর-সংলগ্ন উপকূলীয় অঞ্চল এবং পর্যটন খাত ভবিষ্যতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা, উৎপাদনবান্ধব পরিবেশ এবং আন্তর্জাতিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশ আগামী দিনে আরও এগিয়ে যাবে।

মন্ত্রী এ সময় বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত নিগুয়েন মান কুঅং, বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা, নভো গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোস্তাফিজুর রহমান, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও দেশি-বিদেশি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসএকে