পাওনা টাকা নিয়ে সংঘর্ষে যুবক নিহত, মা-ছেলে আটক
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে মিলন মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার দলপা ইউনিয়নের দলপা (কান্দাপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিলন মিয়া কান্দাপাড়া গ্রামের আমজুদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাওনা টাকা নিয়ে মিলন মিয়ার সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলছিল। বুধবার দুপুরে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে নতুন করে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় প্রতিপক্ষের ধারাবাহিক আঘাতে মিলন মিয়া গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মিলনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক ব্যক্তি ও তার মাকে আটক করে রশি দিয়ে বেঁধে রাখে।
খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উত্তেজিত জনতার হাত থেকে ওই মা ও ছেলেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জের ধরেই এ সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছে।
তিনি আরও জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য মা ও ছেলেসহ দুইজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এদিকে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দলপা গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কালের আলো/জেএন/এমএসআইপি


আপনার মতামত লিখুন
Array