খুঁজুন
                               
শুক্রবার, ৫ জুন, ২০২৬, ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

ঢাকা দক্ষিণে ৬০ শতাংশ বাড়িতে ডেঙ্গুর লার্ভা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ
ঢাকা দক্ষিণে ৬০ শতাংশ বাড়িতে ডেঙ্গুর লার্ভা!

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন প্রায় ৬০ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সিটি করপোরেশনের কার্যক্রম যথেষ্ট নয়, বরং প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

শুক্রবার (৫ জুন) রাজধানীর ওয়ারীতে অনুষ্ঠিত এক পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, ডিএসসিসির বিভিন্ন এলাকায় পরিচালিত জরিপ ও অভিযানকালে ৬০ শতাংশ বাড়িতে ডেঙ্গু মশার লার্ভার উপস্থিতি পাওয়া গেছে। এ পরিস্থিতি ডেঙ্গুর বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

তিনি আরও বলেন, বাড়ির উঠান, ছাদ, ফুলের টব কিংবা যেকোনো পাত্রে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। কারণ জমে থাকা পরিষ্কার পানিই এডিস মশার প্রধান প্রজনন ক্ষেত্র। নাগরিকদের সচেতনতা ছাড়া ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, শুধু বাড়ির ভেতর নয়, আশপাশের পরিবেশও পরিচ্ছন্ন রাখতে হবে। এলাকার পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যসম্মত রাখতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং সচেতনতা বাড়াতে হবে। ডেঙ্গুতে বেড ও চিকিৎসা ফ্রি, পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড়ের নির্দেশ

এ সময় তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এসব বিষয়ে অনেক সচেতন। শুধু স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নয়, খেলার মাঠসহ নগর ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়েও তিনি নজর রাখছেন।

নগর উন্নয়নের প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, জনগণের সমর্থনে যদি মেয়র নির্বাচিত হই, তাহলে নগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আমূল পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হবে।

ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির আশঙ্কার মধ্যে বিশেষজ্ঞরা মনে করছেন, এডিস মশার বিস্তার রোধে নাগরিক সচেতনতা, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জমে থাকা পানি দ্রুত অপসারণের কোনো বিকল্প নেই।

কালের আলো/এসআর/এএএন

হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬১০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬১০

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) সর্বশেষ তথ্যে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (৫ জুন) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৬১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া ৯১টি শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৫১৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ১৬৮ জন। তাদের মধ্যে ২৪৩ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরে দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বেড়েছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের টিকাদান কর্মসূচি জোরদার করার ওপর গুরুত্বারোপ করছেন।

স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী হাম-রুবেলা (এমআর) টিকা নিশ্চিত করার পাশাপাশি হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন

কালের আলো/এসকে/এমএসআইপি 

মেয়ের মা হলেন বুবলী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
মেয়ের মা হলেন বুবলী

পুত্র বীরের পর এবার কন্যা সন্তানের মা হলেন চিত্রনায়িকা শবনম বুবলী। বিষয়টি এক স্ট্যাটাসে জানালেন নায়িকা নিজেই।

শুক্রবার (৫ জুন) দুপুরে দেওয়া এক পোস্টে সুখরটি জানিয়ে বুবলী লেখেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে।

তিনি আরও লেখেন, এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভ কামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।

অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। পরে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম হয়।

২০২২ সালে সন্তান ও বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন এই দুই তারকা।

কালের আলো/এসআর/এএএন 

এবার শব্দদূষণ নিয়ন্ত্রণেও আসছে এআই!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ
এবার শব্দদূষণ নিয়ন্ত্রণেও আসছে এআই!

রাজধানীতে ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের পর এবার শব্দদূষণ নিয়ন্ত্রণেও একই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নগরবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শুক্রবার (৫ জুন) রাজধানীর গুলশানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা জানান।

ডিএনসিসি প্রশাসক বলেন, পরিবেশ রক্ষায় মানসিকতার পরিবর্তন সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিবেশ বিষয়ে সবাই সচেতন হলে যেকোনো উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব। সিটি করপোরেশন তার দায়িত্ব পালন করে যাচ্ছে এবং পরিবেশ নিয়ে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোও এ কাজে আরও সক্রিয়ভাবে অংশ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণ একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। এটি একদিনে সম্ভব নয়, তবে সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতায় ধাপে ধাপে কার্যকর ব্যবস্থা বাস্তবায়ন করা হবে। সরকার, সিটি করপোরেশন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় শব্দদূষণ কমিয়ে আনা সম্ভব।

শফিকুল ইসলাম খান বলেন, আজকের পর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে সম্পূর্ণরূপে শব্দদূষণ নিয়ন্ত্রিত অঞ্চল হিসেবে পরিচালনা করা হবে। এ সংক্রান্ত নির্দেশনা অমান্য করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, রাজধানীর সড়কে এআই প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক ব্যবস্থাপনায় ইতোমধ্যে ইতিবাচক ফল পাওয়া গেছে। সেই অভিজ্ঞতার আলোকে এবার শব্দদূষণ পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে।

কালের আলো/এসআর/এএএন