খুঁজুন
                               
মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

আমেরিকা-ইউরোপের ৪১ থিয়েটারে ‘রকস্টার’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ
আমেরিকা-ইউরোপের ৪১ থিয়েটারে ‘রকস্টার’

এবার ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও এবার সিনেমাটি নিয়ে শোনা যাচ্ছে এক সাফল্যের খবর। দেশের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক অঙ্গনে মুক্তি পাচ্ছে মেগাস্টার শাকিব খান অভিনীত এই সিনেমাটি। নতুন খবর, যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের ৪১টি থিয়েটারে মুক্তি পাচ্ছে এই সিনেমা।

পরিবেশক স্বপ্ন স্কয়ারকোর কর্ণধার সজীব সপ্তক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের ৪১টি থিয়েটারে আগামী ৫ জুন থেকে চলবে এই সিনেমা।

তিনি আরও জানিয়েছেন, প্রথম সপ্তাহে কানাডার ৭টি, যুক্তরাষ্ট্রের ৩০টি এবং যুক্তরাজ্যের ৪টি থিয়েটারে চলবে ছবিটি।

এর মধ্যে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় চেইন থিয়েটার এএমসির ১৯টি, রিগালের ৭টি, সিনেমার্কের ২টি ও শোকেসের ২টি স্ক্রিনে দেখা যাবে ‘রকস্টার’। এছাড়া কানাডার সিনেপ্লেক্সের ৭টি এবং যুক্তরাজ্যের সিনেওয়ার্ল্ডের ৪টি স্ক্রিনেও প্রদর্শিত হবে সিনেমাটি।

সংশ্লিষ্টরা আরও জানিয়েছেন, ফিফা ওয়ার্ল্ডকাপের আগে, হলিউড ডমেস্টিক মার্কেটে বছরের সবচেয়ে কঠিন সপ্তাহে ৩৭টি থিয়েটার ম্যানেজ করা ‘রকস্টার’ এর জন্য একটি ভালো দিক হতে পারে। এছাড়া ভালো ওপেনিং পেলে সামনের সপ্তাহে থিয়েটার বাড়ার সুযোগ আছে।

উল্লেখ্য, ঈদের দিন থেকে দেশের ১০৩টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হচ্ছে এই সিনেমা। আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় মূলত একজন রকস্টারের উত্থান, আকাশচুম্বী খ্যাতি, ব্যক্তিগত জীবনের টানাপোড়েন ও পতনের গল্প সেলুলয়েডে তুলে ধরা হয়েছে। এতে মেগাস্টার শাকিব খানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক।

কালের আলো/এম/এএইচ

বিজয়ী হওয়ায় খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৯:৫৭ অপরাহ্ণ
বিজয়ী হওয়ায় খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২ জুন) রাত সোয়া ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী তাঁর পোস্টে বলেন, এ অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও গ্রহণযোগ্যতার প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, খলিলুর রহমান ভবিষ্যতে বাংলাদেশের প্রতিনিধিত্ব গর্বের সঙ্গে করবেন এবং বহুপাক্ষিক ইস্যুতে সংযোগ, সংলাপ ও সহযোগিতা জোরদারে কার্যকর ভূমিকা রাখবেন।

নতুন এই দায়িত্ব পালনে তাঁর প্রতি শুভকামনাও জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন এবং আগামী এক বছর সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন।

নির্বাচনে সর্বমোট ১৯০টি দেশ অংশ নেয়। এর মধ্যে খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি দেশের ভোট। প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকোরিস পেয়েছেন ৯১টি দেশের সমর্থন।

কালের আলো/এসআর/এএএন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

Oplus_131072

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (২ জুন) জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন তিনি।

কালের আলো/এসএকে

প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করার নির্দেশ তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ
প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করার নির্দেশ তথ্যমন্ত্রীর

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন মন্ত্রণালয়ের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২ জুন) মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ২০২৫-২৬ অর্থ বছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) আওতাধীন প্রকল্পগুলোর সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।

এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

সভায় তথ্যমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের আওতাধীন প্রকল্প বাস্তবায়নে কাজের শতভাগ মান নিশ্চিত করে সব প্রকল্প যথাসময়ে শেষ করতে হবে। একই সঙ্গে তিনি বরাদ্দকৃত সরকারি অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করার ওপরও জোর দেন।

সভায় আরএডিপিভুক্ত চলমান প্রকল্পসমূহের ভৌত ও আর্থিক অগ্রগতির চিত্র বিস্তারিত তুলে ধরা হয়। এসময় সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরা নিজ প্রকল্পের অগ্রগতির সার্বিক চিত্র তুলে ধরেন।

তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানার পরিচালনায় সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালকরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসএকে