খুঁজুন
                               
, ,
           

সালমান শাহর লাশ তোলার আদেশ বাতিল চেয়ে আবেদন

বিনোদন ডেস্ক, কালের আলো:
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৪:৫২ অপরাহ্ণ
সালমান শাহর লাশ তোলার আদেশ বাতিল চেয়ে আবেদন

মৃত্যুর ৩০ বছর পর প্রকৃত কারণ উদঘাটনে জনপ্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহর মরদেহ (লাশ) কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল চেয়ে আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) মামলার বাদী আলমগীর কুমকুম ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে এ আবেদন করেন।

আবেদনটি মামলায় নথিভূক্ত রাখা হয়েছে। এর আগে গত ২৪ মে তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ লাশ উত্তোলনের অনুমতি চেয়ে এ আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ৩০ বছর পর সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের অনুমতি দেন একই আদালত। দীর্ঘ তিন দশক পর লাশ তোলার এ আদেশ নিয়ে নানারকম আলোচনা-সমালোচনা শুরু হয়। এমতাবস্থায় এদিন সালমান শাহর মামা ও হত্যা মামলার বাদী আলমগীর কুমকুম আদালতের আদেশ বাতিল চেয়ে এই আবেদন করেন।

এ সংক্রান্ত মামলায় বাদীর অভিযোগ, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে বাদীর বোন নিলুফা জামান চৌধুরী ওরফে নীলা চৌধুরী ও বোন জামাতা মৃত কমর উদ্দিন আহমদ চৌধুরী তার ছোট ছেলে সালমান শাহ’র সঙ্গে দেখা করতে তার নিউ ইস্কাটন রোডস্থ বাসায় যান।

তখন তার স্ত্রী সামীরা হক এবং কর্মচারী আবুল জানান যে, সালমান শাহ ঘুমিয়ে আছেন। এসময় তারা তাদের গ্রিন রোডের বাসায় চলে যান। এরপর বেলা সাড়ে ১১টার দিকে তার বাসা থেকে টেলিফোন করে জানানো হয়, সালমান শাহর যেন কী হয়েছে, তাড়াতাড়ি আসেন। খবর পেয়ে তারা দ্রুত নিউ ইস্কাটন রোডস্থ ইস্কাটন প্লাজা ১১/বি ঠিকানার বাসায় গিয়ে দেখেন যে, সালমান শাহ তার শয়নকক্ষে খাটের উপরে মরার মতো পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে তারা সালমান শাহকে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভিকটিম সালমান শাহকে মৃত ঘোষণা করেন। অতঃপর মৃতদেহের ময়নাতদন্ত শেষে সিলেটে হযরত শাহজালালের (র.) মাজার প্রাঙ্গণ কবরস্থানে দাফন করা হয়।

এ সংক্রান্তে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রমনা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়। একাধিক সংস্থা ঘটনাকে আত্মহত্যা বলে প্রতিবেদন দেয়। সবশেষ গত ২০ বছর অক্টোবর পিবিআই এর প্রতিবেদন গ্রহণ করে দেয়া আদেশ বাতিল করেন ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক। বাদী পক্ষের এ বিষয়ে করা রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত।

এরপর গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় একটি মামলা দায়ের করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় আনা অভিযোগ হয়েছে।

মামলার আসামিরা হলেন, সালমান শাহ’র স্ত্রী সামীরা হক, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, খলনায়ক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ (১৭)। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরো অনেককে আসামি করা হয়েছে।

কালের আলো/এম/এএইচ

সার্ককে গতিশীল করতে জোর দিলো বাংলাদেশ-মালদ্বীপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ
সার্ককে গতিশীল করতে জোর দিলো বাংলাদেশ-মালদ্বীপ

মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে মালেতে পৌঁছানোর পর দেশটির প্রেসিডেন্ট ড. মোহামেদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

রোববার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শনিবার বিকেলে মালে পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম।

পরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ে গিয়ে প্রেসিডেন্ট ড. মোহামেদ মুইজ্জুর সঙ্গে দেখা করেন।

এসময় ড. খলিলুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মালদ্বীপের প্রেসিডেন্টকে উষ্ণ শুভেচ্ছা জানান।

একই সঙ্গে চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রেসিডেন্ট মুইজ্জুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে তার প্রার্থিতাকে সমর্থন করায় প্রেসিডেন্ট মুইজ্জুর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে সব দেশের সঙ্গে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখা বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের অন্যতম অগ্রাধিকার।

সাক্ষাতে দুজনই বাংলাদেশ-মালদ্বীপের বিদ্যমান চমৎকার সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

পাশাপাশি উভয় দেশের জনগণের কল্যাণে বাস্তবভিত্তিক ও কার্যকর পদ্ধতিতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

তারা সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। এ সময় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) আরও কার্যকর ও গতিশীল করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন দুই নেতা।

মালদ্বীপে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী ও পেশাজীবীর কর্মসংস্থানের বিষয়েও সন্তোষ প্রকাশ করেন ড. খলিলুর রহমান। এ সময় প্রেসিডেন্ট মুইজ্জু মালদ্বীপের অর্থনীতিতে বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।

সাক্ষাতে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম, স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু একটি উচ্চপর্যায়ের চা-চক্রের আয়োজন করেন। এতে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহামেদ লতিফ, মন্ত্রিসভার সদস্য এবং দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।

সন্ধ্যায় ড. খলিলুর রহমান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম আয়োজিত কূটনৈতিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি মালদ্বীপে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং দেশটির জ্যেষ্ঠ মন্ত্রীদের সঙ্গে মতবিনিময় করেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

দেশজুড়ে গ্যাস সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা

কালের আলো রিপোর্ট:
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ
দেশজুড়ে গ্যাস সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা

কক্সবাজারের মহেশখালীতে সমুদ্রে ভাসমান ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটের (এফএসআরইউ) মেরামত কাজ এখনো শেষ না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস সংকট চলছে। এই সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার বিদেশি বিশেষজ্ঞদের আনার পর ত্রুটি শনাক্ত হয়। কয়েক দিনের মধ্যে ত্রুটি মেরামত হবে বলে জানা গেছে।

জানতে চাইলে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) উপমহাব্যবস্থাপক (এলএনজি) প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দীন জানান, বৃহস্পতিবার বিদেশি বিশেষজ্ঞরা আসার পরই কাজ শুরু হয়েছে। কবে নাগাদ টার্মিনাল সচল হবে– প্রশ্নে তিনি বলেন, ‘এটি নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না। আরও দুই-চার দিন লেগে যেতে পারে।’

মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির পরিচালনাধীন একটি জাহাজে গত মঙ্গলবার সকালে শর্ট সার্কিট থেকে আগুন লাগার পর সেটি বিকল হয়ে যায়। চার দিন পার হলেও ত্রুটি পুরোপুরি ঠিক হয়নি। যার প্রভাবে সারা দেশে গ্যাস সংকট দিন দিন আরও বাড়ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় যন্ত্রপাতি দেশে রয়েছে। বিদেশি বিশেষজ্ঞরা কাজ শেষ করলে শিগগির গ্যাস সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে। মহেশখালীর এলএনজি টার্মিনালে গত মঙ্গলবার ত্রুটি দেখা দেয়। এরপর জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়। আবাসিক এলাকায় চুলা না জ্বলা, সিএনজি স্টেশনে গাড়ির দীর্ঘ সারি এবং শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় জনজীবনে দুর্ভোগ বেড়েছে। এমনিতেই দেশের চাহিদার চেয়ে ৩০ শতাংশ গ্যাস কম সরবরাহ করা হয়। ৩৮০ কোটি ঘনফুট চাহিদার স্থানে এলএনজিসহ সরবরাহ হয় ২৬৫ কোটি ঘনফুট। এখন তা নেমে এসেছে ২২০ কোটি ঘনফুটে। অর্থাৎ চাহিদার চেয়ে ৪৫ শতাংশ গ্যাস কম দেওয়া হচ্ছে।

বেশ কয়েক বছর ধরে দেশে চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ কম। এই দুটি টার্মিনাল থেকে ১০০ থেকে ১০৫ কোটি ঘনফুট এলএনজি সরবরাহ করা হয়। কারিগরি ত্রুটির কারণে বর্তমানে সরবরাহ আরও কমে গেছে। দেশে প্রতিদিন সরবরাহ করা মোট গ্যাসের প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশই আসে এলএনজি থেকে। স্বাভাবিকভাবেই এলএনজির সরবরাহ কমলে গ্যাস সংকট বেড়ে যায়। টার্মিনালে ত্রুটি দেখা দেওয়ার পর গত ২২ জুলাই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এক অনুষ্ঠানে বলেন, এলএনজি গ্রহণ ও রূপান্তরের জন্য মাত্র দুটি টার্মিনাল থাকায় একটিতে সমস্যা দেখা দিলেই সরবরাহ ব্যবস্থায় বড় চাপ তৈরি হয়।

আরপিজিসিএল সূত্র জানায়, বর্তমানে দুটি এলএনজি টার্মিনাল নির্মাণের কাজ চলছে। এর মধ্যে কক্সবাজারের মাতারবাড়িতে ল্যান্ড বেইজড ও মহেশখালীতে ‘কুতুবজোম’ ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন করা হচ্ছে। সরকার পায়রা বন্দর এলাকায় আরেকটি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা করছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র (যুগ্ম সচিব) মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, একটি টার্মিনাল বন্ধ থাকায় জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। এর প্রভাব শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র, সিএনজি স্টেশনসহ বিভিন্ন শ্রেণির গ্রাহকের ওপর পড়েছে। কোনো কোনো এলাকায় চাপ কমে যাওয়ায় সিএনজি স্টেশনগুলো প্রয়োজনীয় পরিমাণ গ্যাস নিতে পারছে না। ফলে কয়েকটি স্থানে সিএনজি নিতে দীর্ঘ লাইন এবং জনদুর্ভোগ দেখা দিয়েছে।

দেশজুড়ে বেশিরভাগ সিএনজি স্টেশনে গাড়িতে গ্যাস দেওয়ার মতো চাপ নেই। স্বাভাবিক সময়ে যেখানে ১৫ পিএসআই (চাপ মাপার একক) গ্যাস পাওয়া যেত, এখন তা নেমেছে ৩ থেকে ৫ পিএসআইয়ে, কোথাও প্রায় শূন্য। ফলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও যানবাহনের জন্য গ্যাস পাওয়া যাচ্ছে না।

গত বুধবার থেকে রাজধানীসহ সারাদেশের সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। রাতভর অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না অনেক চালক। গ্যাসের চাপ কম থাকায় অনেক স্টেশন আংশিক বা পুরোপুরি বন্ধ রাখতে হয়েছে।

কালের আলো/এম/এএইচ

ইরানে নতুন করে হামলা বন্ধের নির্দেশ দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ণ
ইরানে নতুন করে হামলা বন্ধের নির্দেশ দিলেন ট্রাম্প

টানা ১৩ দিনের হামলার পর ইরানে নতুন করে সামরিক আক্রমণ বন্ধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও অ্যাক্সিওস।

দ্য নিউইয়র্ক টাইমস ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, যুদ্ধ আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুত বিপজ্জনকভাবে কমে যেতে পারে এমন উদ্বেগ থেকেই প্রেসিডেন্ট এ সিদ্ধান্ত নিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে বৈঠকের পর হামলা স্থগিতের সিদ্ধান্ত নেন।

অন্যদিকে অ্যাক্সিওস সিদ্ধান্ত সম্পর্কে অবগত দুটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হামলা বন্ধের নির্দেশটি সাময়িক নাকি দীর্ঘ সময়ের জন্য কার্যকর থাকবে, তা এখনো স্পষ্ট নয়।

সংবাদমাধ্যমটি বলেছে, ট্রাম্পের এই সিদ্ধান্ত একদিকে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও সময় দেওয়ার ইঙ্গিত দেয়, অন্যদিকে বড় ধরনের যুদ্ধ পুনরায় শুরু না হলে বর্তমান পর্যায়ের মার্কিন হামলা কার্যকারিতার সীমায় পৌঁছে গেছে—এমন উপলব্ধিরও প্রতিফলন।

তবে সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, প্রয়োজনে আবারও বড় ধরনের সামরিক অভিযান শুরুর জন্য পরিকল্পনা প্রস্তুত করছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

কালের আলো/আরডি/এমডিএইচ