খুঁজুন
                               
রবিবার, ১৪ জুন, ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

বিশ্বকাপ খেলতে নামার আগে যে বার্তা দিলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩:০৭ অপরাহ্ণ
বিশ্বকাপ খেলতে নামার আগে যে বার্তা দিলেন নেইমার

ইনজুরির কারণে ব্রাজিলের বিশ্বকাপ অভিযানের প্রথম ম্যাচে খেলতে পারছেন না তারকা ফরোয়ার্ড নেইমার। বিষয়টি কার্যত নিশ্চিত করেছেন ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ফলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের উদ্বোধনী ম্যাচে দর্শক হিসেবেই থাকতে হবে এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে।

তবে মাঠের বাইরে থেকেও দলকে অনুপ্রাণিত করার বার্তা দিয়েছেন নেইমার। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জাতীয় দলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, যে কোনো চ্যালেঞ্জের জন্য আমি প্রস্তুত।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় গ্রুপ ‘সি’এর ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে মরক্কোর। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নেইমারের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন আনচেলত্তি।

ব্রাজিল কোচ জানান, দ্রুত সুস্থ হয়ে উঠতে কঠোর পরিশ্রম করছেন নেইমার। তিনি আশা প্রকাশ করেন, আগামী সপ্তাহেই দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারবেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

আনচেলত্তি বলেন, নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য খুব কঠোর পরিশ্রম করছে। আমরা আশা করছি, আগামী সপ্তাহে সে দলীয় অনুশীলনে ফিরবে।

নেইমারকে স্কোয়াডে রাখার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ব্রাজিল কোচ বলেন, “শুধু তার ফুটবল প্রতিভার জন্য নয়, তার অভিজ্ঞতার কারণেও আমরা তাকে দলে নিয়েছি। সে আমাদের তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা এবং অনুসরণযোগ্য উদাহরণ।

৩৪ বছর বয়সী নেইমার চোট নিয়েই বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছিলেন। প্রথম দিকে তার ক্লাব সান্তোস কেবল পায়ে হালকা ফোলাভাবের কথা জানালেও পরে জানা যায়, তার কাফের পেশিতে ছিঁড়ে যাওয়ার সমস্যা রয়েছে। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।

অনুশীলনে পুরোপুরি ফিরতে না পারায় প্রথম ম্যাচে তার খেলা নিয়ে যে শঙ্কা ছিল, শেষ পর্যন্ত সেটিই সত্যি হতে যাচ্ছে। তবে দ্রুত সুস্থ হয়ে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতে মাঠে ফেরার আশা রয়েছে ব্রাজিলের এই তারকা ফুটবলারের।

কালের আলো/এসএকে

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১:২৯ পূর্বাহ্ণ
টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘সি’র ম্যাচে বিশ্বফুটবল দেখতে যাচ্ছে এক মহাকাব্যিক লড়াই। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং অ্যাটলান লায়ন খ্যাত মরক্কো। তবে এই ম্যাচটি কেবল তিন পয়েন্টের লড়াই নয়, এটি মূলত দুটি অজেয় রেকর্ডের মুখোমুখি সংঘাত।

একদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচে ৯২ বছর ধরে অপরাজিত থাকার ব্রাজিলিয়ান দুর্গ, অন্যদিকে আন্তর্জাতিক ফুটবলে টানা ২৯ ম্যাচে হার না মানা মরক্কোর অপরাজেয় প্রাচীর।

গত মার্চে সাবেক কোচ ওয়ালিদ রেগ্রাগুই দায়িত্ব ছাড়ার পর, মরক্কো জাতীয় দলের হাল ধরেন নতুন প্রধান কোচ মোহামেদ ওয়াহবি। তার অধীনেও মরক্কো দল এই মুহূর্তে তাদের ইতিহাসের সেরা ছন্দ ধরে রেখেছে। আন্তর্জাতিক ফুটবলে শেষ টানা ২৯টি ম্যাচে কেউ তাদের হারাতে পারেনি।

অন্যদিকে, ফুটবল বিশ্বকাপের ২২টি আসরের ইতিহাসে প্রথম ম্যাচে ব্রাজিল হেরেছে মাত্র ২ বার, তাও ১৯৩০ ও ১৯৩৪ সালে। এরপর থেকে দীর্ঘ ৯২ বছর এবং টানা ২০টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কখনো হারেনি সেলেসাওরা।

এই অজেয় মরক্কো কিন্তু ইতোমধ্যেই ব্রাজিলকে হারানোর স্বাদ পেয়েছে। ২০২৩ সালের একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তারা সেলেসাওদের ২-১ ব্যবধানে পরাজিত করেছিল। এছাড়া কাতার বিশ্বকাপে বেলজিয়াম, স্পেন ও পর্তুগালকে বিদায় করে দেওয়া মরক্কো বড় দলগুলোকে ভড়কে দিতে ওস্তাদ। ফলে কার্লো আনচেলোত্তির সম্পূর্ণ নতুন একাদশ নিয়ে গড়া ব্রাজিলের জন্য আজ রাতটা মোটেও সহজ হবে না।

রিয়াল মাদ্রিদের হয়ে ইউরোপ কাঁপানো ভিনিসিউস জুনিয়র আজ ব্রাজিলের আক্রমণের মূল ভরসা। কিন্তু উইং দিয়ে তার গতি সচল রাখার পথে সবচেয়ে বড় বাধা পিএসজির বিশ্বসেরা রাইট-ব্যাক আশরাফ হাকিমি।

আজ মেটলাইফ স্টেডিয়ামে কি মরক্কোর ২৯ ম্যাচের অপরাজেয় রথ থামবে, নাকি চূর্ণ হবে ব্রাজিলের ৯২ বছরের অহংকার? নাকি ম্যাচটি ড্র হয়ে দুই দলের রেকর্ডই অক্ষত থাকবে? উত্তর মিলবে মাঠের লড়াইয়ে।

কালের আলো/এএন/এমএসআইপি 

 

রাজশাহীতে গেল ২০ বছরে মাদক ব্যবসা করেই এক হাজার ব্যক্তি কোটিপতি : ভূমিমন্ত্রী

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
রাজশাহীতে গেল ২০ বছরে মাদক ব্যবসা করেই এক হাজার ব্যক্তি কোটিপতি : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, গেল ২০ বছরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে এক হাজার ব্যক্তি কোটিপতি বনে গেছে।  তারা মাদক ব্যবসা করেই কোটিপতি হয়েছে। অবিলম্বে এসব মাদক কারবারীকে ধরতে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার দুপুরে রাজশাহীতে ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন সুরক্ষা: চ্যালেঞ্জ ও প্রতিকার’ বিষয়ে সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, রাজশাহী উন্নয়ন ও অর্জনে সবসময়ই এগিয়ে ছিল। কিন্তু বিগত ২০ বছরে সব নষ্ট করে দেয়া হয়েছে। অতীত ভূলে আইনশৃঙ্খলাবাহিনীকে পুনঃউদ্যমে কাজ করার আহ্বান জানান।

পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়  আয়োজিত এ অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ এবং আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সেমিনারে বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগ এবং দ্রুত বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

শাপলা চত্বরের শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা চান মামুনুল হক

চট্টগ্রাম প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১০:২২ অপরাহ্ণ
শাপলা চত্বরের শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা চান মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মাওলানা মামুনুল হক বলেছেন,জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের মতো ২০১৩ সালের শাপলা চত্বরের শহীদদেরও রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতি দিতে হবে।।

শনিবার (১৩ জুন) চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের আয়োজিত এক মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, সরকারের প্রস্তাবিত বাজেট নিয়ে তাদের অনেক সমালোচনা রয়েছে। তবে সেসব সমালোচনা যৌক্তিকভাবে রাজপথ ও সংসদে তুলে ধরা হবে।

তিনি বলেন, এবারের বাজেটে জুলাইয়ের শহীদ পরিবারের প্রতি সম্মান জানানো হয়েছে, যা তারা স্বাগত জানান। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের মতো ২০১৩ সালের শাপলা চত্বরের শহীদদেরও রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতি দিতে হবে।

মামুনুল হক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সন্তান হিসেবে আপনি বিশেষ সম্মান পেয়েছেন। আপনাকে আহ্বান জানাই, বিভ্রান্ত পথে গিয়ে শেখ হাসিনার রাজনীতি করবেন না।

সমাবেশে তিনি দেশে মাদক, জুয়া ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। পাশাপাশি মবের মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন।

সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মামুনুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং হত্যাকাণ্ড বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত এলে তা প্রতিহত করা হবে। স্বাধীনতা ও জুলাই চেতনার ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠনে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

কালের আলো/আরডি/এমডিএইচ