খুঁজুন
                               
বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩ আষাঢ়, ১৪৩৩
           

আবাসিক হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকাবাসীর প্রতিষ্ঠান ভাঙচুর 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ণ
আবাসিক হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকাবাসীর প্রতিষ্ঠান ভাঙচুর 

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫) নামে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়৷ তবে পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। এতে উত্তেজিত এলাকাবাসী প্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালায়।

মঙ্গলবার (১৬ জুন) রাত ১২ টা পর্যন্ত উত্তেজিত এলাকাবাসী ওই প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেয়। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে বিকেলে প্রতিষ্ঠানটির আবাসিক হল থেকে মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মেহেদী রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের রাঘবপুত গ্রামের জিয়াউদ্দিন জিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পরিবারের দাবি মেহেদীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এতে রাত ৮ টার পর থেকে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির সামনে লোকজন জড়ো হতে থাকে।

একপর্যায়ে উত্তেজিত লোকজন প্রতিষ্ঠানটির প্রধান গেট ও অভ্যর্থনা কক্ষ ভাঙচুর করে এবং ইটপাটকেল ছুঁড়তে থাকে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইক হাতে উত্তেজিত এলাকাবাসীকে শান্ত করার চেষ্টা করেন। তিনি মাইকে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তারা তদন্ত করে ঘটনার মূল কারণ উদঘাটন করবেন। তৎক্ষণ পর্যন্ত সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী সাংবাদিকদের বলেন, ওই ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

তাকে হত্যা করা হয়েছে দাবি করে উত্তেজিত এলাকাবাসী শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল

মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১:৪১ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান আসার আগেই বাতাসে উপকারভোগীদের বসার প্যান্ডেল ভেঙে পড়ে গেছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি ও মূল মঞ্চের কোনও ক্ষয় ক্ষতি হয়নি।

বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে উপকারভোগী ও অতিথিদের জন্য নির্মিত প্যান্ডেল বাতাসে ভেঙে পড়ে যায়। এ সময় ভেতরে বসা উপকারভোগী ও অতিথিদের ছোটাছুটি করতে দেখা যায়। পরবর্তীতে প্যান্ডেল খুলে ফেলা হয়।

সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজর দেখতে সময় বাড়ার সঙ্গে সঙ্গে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি চা শ্রমিকসহ বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপস্থিতিতে বাড়ছে।

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আগত চা শ্রমিকরা জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলার সব চা বাগান বন্ধ দেওয়া হয়েছে। আমরা প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য এসেছি। বাগানের গাড়িতে করে আমরা এসেছি।

চা বাগানে বাসিন্দা তপন বৈদ্য বলেন, আমরা সবাই এসেছি প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে। চায়ের দেশে তিনি এসেছেন এজন্য আমরা একনজর দেখতে।

সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি সেখানে তিনি ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৫ জনকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক, ক্ষুদ্র জাতিসত্ত্বা ও নৃগোষ্ঠীর ৫ জনকে জীবনমান উন্নয়নে ১০ হাজার টাকা করে এককালীন আর্থিক অনুদান, ক্ষুদ্র জাতিসত্ত্বা ও নৃগোষ্ঠীর ৫ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে এককালীন আর্থিক অনুদান এবং দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ১০০ জনকে ১০ হাজার টাকা করে বিশেষ অনুদানের চেক দেবেন।

প্রধানমন্ত্রী টেকসই আবাসনের জন্য ৫ জন চা শ্রমিকের হাতে দুই লাখ টাকা করে বরাদ্দপত্র তুলে দেবেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি

আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১:২৭ অপরাহ্ণ
আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

শরীয়তপুরে সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ ও সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে গ্রেফতার আওয়ামী লীগের এক নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যার দিকে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের গয়াতলা বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল করে ইউনিয়ন বিএনপির একাংশের নেতাকর্মীরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

গ্রেফতার আসাদুজ্জামান লিটন মুন্সি বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সম্প্রতি একটি মামলায় তাকে গ্রেফতার করে পালং মডেল থানা পুলিশ। মামলায় অভিযোগ করা হয়েছে, তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল এবং সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

প্রায় ৪০ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান লিটন মুন্সির মুক্তির দাবিতে স্লোগান দিয়ে মিছিল করছেন বিএনপির কিছু নেতাকর্মী। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে জোরালো বিতর্ক শুরু হয়।

জেলা বিএনপির সহ-সভাপতি শাহ আবদুস সালাম বলেন, আমি ফেসবুকে দেখেছি, শরীয়তপুর সদর উপজেলার একটি ইউনিয়নে বিএনপির নেতাকর্মীরা মিছিল করেছে। এর বেশি আমি কিছু বলতে পারবো না।

পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবীর হোসেন বলেন, মঙ্গলবার (১৬ জুন) সকালে শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর বাজারে কান্দি নিজ বাড়ি থেকে বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন মুন্সিকে আটক করি। পরে তাকে আদালতে পাঠানো হয়।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির প্রভাব স্বর্ণের দামে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১:১২ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির প্রভাব স্বর্ণের দামে

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তির প্রভাব পড়েছে আন্তর্জাতিক স্বর্ণের বাজারে। এছাড়া নতুন ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান কেভিন ওয়ার্শের প্রথম নীতিনির্ধারণী বৈঠকের সিদ্ধান্তের অপেক্ষায় অপরিবর্তিত রয়েছে মূল্যবান ধাতুটির দাম। খবর রয়টার্সের

বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্পট গোল্ডের দাম প্রতি আউন্স ৪,৩৩১.২৯ ডলারে স্থির ছিল। অন্যদিকে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ০.১ শতাংশ কমে ৪,৩৫১.৪০ ডলারে নেমে আসে। গত সোমবার স্বর্ণের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ ৪,৩৭০.৮২ ডলারে উঠেছিল।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনে একটি অন্তর্বর্তী চুক্তির বিষয়ে বিস্তারিত তথ্য সামনে আসছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই চুক্তি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে। পাশাপাশি এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, চুক্তি স্বাক্ষরিত হলে ইরান আবারও তেল বিক্রির অনুমতি পাবে।

ইরানের তেল সরবরাহ বাজারে ফিরতে পারে—এমন প্রত্যাশায় তেলের দাম তিন মাসের সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি রয়েছে। এতে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

টেস্টিলাইভের গ্লোবাল ম্যাক্রো প্রধান ইলিয়া স্পিভাক বলেন, স্বর্ণের সাম্প্রতিক ঊর্ধ্বগতি কিছুটা গতি হারিয়েছে। কারণ এখন সবার নজর ফেডের মুদ্রানীতি ঘোষণার দিকে। কেভিন ওয়ার্শের নেতৃত্বে এটি প্রথম এফওএমসি বৈঠক।

তার কড়াকড়ি নীতির ইতিহাস, বাড়তে থাকা মূল্যস্ফীতি এবং হোয়াইট হাউসের সুদ কমানোর চাপ—এসবের মধ্যে তিনি কীভাবে ভারসাম্য বজায় রাখবেন, তা নিয়ে বাজারে অনিশ্চয়তা রয়েছে।

বাজার বিশ্লেষকদের ধারণা, ফেডের অধিকাংশ নীতিনির্ধারক চলতি বছরজুড়ে সুদের হার অপরিবর্তিত রাখার পক্ষে থাকবেন। তবে মূল্যস্ফীতি আরও বাড়লে তা নিয়ন্ত্রণে রাখতে কিছু সদস্য সুদহার বৃদ্ধির পক্ষে মত দিতে পারেন।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে সুদহার বৃদ্ধির সম্ভাবনা এখন ৫৯ শতাংশ। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির ঘোষণা আসার আগে এই সম্ভাবনা ছিল প্রায় ৭০ শতাংশ। সাধারণত সুদের হার বেশি থাকলে স্বর্ণের আকর্ষণ কমে যায়, কারণ স্বর্ণ থেকে কোনো সুদ বা আয় পাওয়া যায় না।

স্বর্ণের পাশাপাশি অন্য মূল্যবান ধাতুগুলোর মধ্যে স্পট সিলভারের দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৭০.০৫ ডলারে নেমেছে। প্লাটিনাম ০.৭ শতাংশ কমে ১,৭৯২.০৫ ডলার এবং প্যালাডিয়াম ০.৮ শতাংশ কমে ১,৩৪১.২৩ ডলারে লেনদেন হয়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি