খুঁজুন
                               
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪ আষাঢ়, ১৪৩৩
           

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৃহস্পতিবার (১৮ জুন ) সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহদাত হোসেন স্বাধীন এই তথ্য জানান।

তিনি জানান, বৈঠকের শুরুতে চীনের রাষ্ট্রদূত জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৬-২০২৭ সেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান।

বৈঠকে চীন ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয় বলে উল্লেখ করে স্বাধীন। তিনি বলেন, বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, কারিগরি শিক্ষা এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে মারধর, গুরুতর আহত অবস্থায় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে মারধর, গুরুতর আহত অবস্থায় উদ্ধার

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে এ ঘটনার পরে তাদের আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে নিয়ে গিয়ে আবারও মারধর করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে উপ পরিদর্শক (এসআই) মামুন মাতব্বরের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে ঢাকা ডিবি দক্ষিণ বিভাগের চার সদস্যের একটি দল রূপগঞ্জের গাউছিয়া এলাকায় একটি মামলার আসামিকে গ্রেপ্তার করতে যায়। এ সময় আসামিপক্ষের লোকজন জড়ো হয়ে তাদের ওপর হামলা চালায়।

একপর্যায়ে তিন পুলিশ সদস্যকে মারধর করে একটি পিকআপে তুলে আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের আবারও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিন সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলেন- এসআই মামুন মাতুব্বর, সহকারী উপ পরিদর্শক (এএসআই) আমান উল্লাহ এবং কনস্টেবল কবির আহম্মেদ।

পুলিশ জানায়, ডিবির আরেক সদস্য কনস্টেবল আকাশ আহমেদ হামলার সময় পাশের একটি ওয়াশরুমে থাকায় তিনি হামলার শিকার হননি। পরে তিনি তাদের ব্যবহৃত মাইক্রোবাস নিয়ে আড়াইহাজার থানায় এসে ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, আহতদের পুলিশ সদস্যদের উদ্ধার করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ঢাকা জেলা ডিবির কয়েকজন কর্মকর্তা রূপগঞ্জের ভুলতা এলাকায় এসেছিল। তারা সাদা পোশাকে ছিল। ইউনিফর্ম না থাকায় তারা জনরোষের শিকার হয়।

পরে সোনারগাঁ থানা ও আড়াইহাজার থানা পুলিশ তাদের গিয়ে উদ্ধার করে। বর্তমানে তারা আড়াইহাজার থানা পুলিশের হেফাজতে আছে। এ বিষয়ে আমরা ঢাকা জেলা ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগ করছি।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

শিল্পের আলোয় পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে তারেক রহমানের খাল খনন

বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
শিল্পের আলোয় পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে তারেক রহমানের খাল খনন

১৯৭৭ সালে গ্রামীণ কৃষি উন্নয়নে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে কৃষি সম্প্রসারণে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল সেই খাল খনন প্রকল্প। এবার সরকার গঠন করেই বাবার দেখানো পথে হাঁটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের কৃষি ও পরিবেশ বাঁচাতে আবারও শুরু করেছেন জনপ্রিয় এই কর্মসূচি। আগামী পাঁচ বছরের মধ্যে সারা দেশে মোট ২০ হাজার কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খননের লক্ষ্য নির্ধারণ করেছে তাঁর সরকার। কৃষিনির্ভর জনপদে জীবিকা ও সম্ভাবনার অবিচ্ছেদ্য অংশ খাল খননে দেশজুড়ে ছুটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৫৪ জেলায় শুরু করেছেন এই কর্মসূচি। জেলায় জেলায় ঘুরে নিজে কোদাল হাতে খাল কাটার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করছেন।

শিল্পের আলোয় ইতিহাসের সঙ্গে সংযোগের এমনই রঙের ব্যবহারে আঁকা একটি ছবি বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে নিজেদের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।

দেশের কৃষি ও পরিবেশ বাঁচানোর মধ্যে দিয়ে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতোই গ্রামীণ উন্নয়ন ও কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুগান্তকারী উদ্যোগের এই চিত্রকর্ম সরকারপ্রধানের হাতে তুলে দেন এসএসএফ-এর মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগকে দেশের মানুষ শুধু খাল পুনঃখনন হিসেবে দেখছেন না; তারা এটিকে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা, গ্রামীণ অর্থনীতি ও ইতিহাসের সাথে সংযোগের প্রতীক হিসেবে দেখছেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৭৭ সালের ২১ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর দেশ গড়ার কাজে নেমে পড়েন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আয়েশি জীবন রেখে কৃষক-শ্রমিকের সাথে কোদাল-কাস্তে নিয়ে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছোটেন প্রেসিডেন্ট জিয়া। গ্রামীণ উন্নয়ন ও কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে দেশজুড়ে শুরু করেন খাল খনন কর্মসূচি। সে সময় ‘খাল খনন’ প্রকল্প ছিল শহীদ জিয়ার একটি জাতীয় আন্দোলন। বর্ষার পানি ধরে রাখা, সেচ ব্যবস্থার উন্নয়ন, নৌযোগাযোগ ফিরিয়ে আনা-সবকিছুর কেন্দ্রে ছিল এই উদ্যোগ। এতে গ্রামবাংলার ছোট-বড় খালগুলো ফিরে পেয়েছিল জীবনস্রোত। ১৯৭৭ থেকে ১৯৮১; এই সময়ের মধ্যে বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন ও কৃষি সম্প্রসারণে ব্যাপক ভূমিকা রেখেছিল এই খাল খনন কর্মসূচি। বিআইআইএসএস জার্নালের রিপোর্ট অনুযায়ী, ১৯৭৯ থেকে ১৯৮১ সালের মধ্যে মোট ২৭৯টি প্রকল্পের মাধ্যমে প্রায় ৩ হাজার ৬৩৬ মাইল খাল খনন করা হয়।

কালের আলো/এমএএএমকে

মাছ ধরার সময় বজ্রাঘাত, কেন্দুয়ায় দুইজনের করুণ মৃত্যু

হুমায়ুন কবির রিটন (কেন্দুয়া) নেত্রকোনা প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ
মাছ ধরার সময় বজ্রাঘাত, কেন্দুয়ায় দুইজনের করুণ মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ও মাসকা ইউনিয়নে পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে বজ্রপাত হয়। নিহতরা হলেন সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামে বসবাসরত আশরাফুল (৩৫) এবং মাসকা ইউনিয়নের দিগলী (পশ্চিমপাড়া) গ্রামের কাপড় ব্যবসায়ী শামসুল হুদা (৫৫)। আশরাফুলের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের বাউচাপুর গ্রামে। তিনি ইনচান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফুল দীর্ঘদিন ধরে কেন্দুয়া উপজেলার ডাউকি গ্রামে তার মামার বাড়িতে বসবাস করতেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং মাছ ধরতে পছন্দ করতেন। বুধবার রাতেও মাছ ধরার উদ্দেশ্যে বড়শি নিয়ে বাড়ি থেকে বের হন। বৃহস্পতিবার সকালে ডাউকি গ্রামের পেছনের মরাপুড়ি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

অন্যদিকে, বৃহস্পতিবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে দিগলী (পশ্চিমপাড়া) গ্রামের বাসিন্দা শামসুল হুদা বাড়ির পাশের মুরাইল বিলের দেওয়াল খালে জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন বলে স্থানীয়দের ধারণা। পরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পরিবার ও পুলিশকে খবর দেন।

সান্দিকোনা ইউনিয়ন পরিষদের সদস্য হাশেম মিয়া ও আশরাফুলের মামা মো. ইদ্দু মিয়া জানান, আশরাফুল মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং প্রায়ই মাছ ধরতে বিভিন্ন স্থানে যেতেন। বুধবার রাতেও তিনি বড়শি নিয়ে মাছ ধরতে বের হয়েছিলেন।

কেন্দুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুইজনই বজ্রপাতে মারা গেছেন। আশরাফুলের মরদেহের পাশ থেকে মাছ ধরার বড়শি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শামসুল হুদার শরীরেও বজ্রপাতে মৃত্যুর চিহ্ন পাওয়া গেছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাসুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কালের আলো/এম/এএইচ