খুঁজুন
                               
, ,
           

জুলাই থেকে বকেয়াসহ নিয়মিত বেতন পাবেন মাদরাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ
জুলাই থেকে বকেয়াসহ নিয়মিত বেতন পাবেন মাদরাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী

আগামী জুলাই মাস থেকে মাদরাসার শিক্ষকেরা নিয়মিত বেতন পাবেন। একই সঙ্গে দুই মাসের বকেয়া বেতনও জুলাই মাসেই পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (৩০ জুন) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এহছানুল হক মিলন বলেন, সরকার গঠনের পর দেখা গেল ৫০১ কোটি টাকা প্রয়োজন কিন্তু সেটাও নেই। অন্তর্বর্তী সরকার বাজেটে টাকা রাখেনি বলে মাদরাসা শিক্ষকদের ২ মাসের বেতন দেওয়া যায়নি। তবে জুলাই মাস থেকে বকেয়াসহ বেতন নিয়মিত হবে।

শিক্ষামন্ত্রী বলেন, গত সেপ্টেম্বর থেকে এনটিআরসির মাধ্যমে প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, যা প্রয়োজনীয় ছিল।

তিনি বলেন, শিক্ষক ছিলো না তাই তো এসব পদে নিয়োগ দেওয়া জরুরি হয়ে পড়েছিল। অন্তর্বর্তী সরকার নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করেছে, যা প্রশংসনীয় উদ্যোগগুলোর মধ্যে একটি। কিন্তু অন্তর্বর্তী সরকার বাজেটে টাকা রাখেনি।

কালের আলো/এসআর/এএএন

অটোরিকশায় প্রাইভেটকারের ধাক্কা, মা-ছেলে নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ
অটোরিকশায় প্রাইভেটকারের ধাক্কা, মা-ছেলে নিহত

মৌলভীবাজারের রাজনগরে প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশায় থাকা মা ও ছেলে নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) রাতে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের গয়াসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদা বেগম (৪৫) ও তার ছেলে জুবের মিয়া (১৮)। ফরিদা উপজেলার বড়দল গ্রামের শাহ ইদ্রিস আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে রাজনগরের মুন্সিবাজার থেকে মা ও ছেলে সিএনজিচালিত অটোরিকশাযোগে উপজেলার বড়দল গ্রামের বাড়িতে ফিরছিলেন। গয়াসপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকার অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

এতে অটোরিকশার যাত্রীরা মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মা ফরিদা বেগম ও ছেলে জুবের মিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বড়দল গ্রামের বাসিন্দা আব্দুল মালিক বলেন, সড়ক দিয়ে চলাচলের সময় একটি প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশায় থাকা মা ও ছেলে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার দুজনকেই মৃত ঘোষণা করেন।

রাজনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন ভূইঁয়া বলেন, সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি।

কালের আলো/এএইচ/এমএসআইপি

শিক্ষাকে সার্টিফিকেটনির্ভর না রেখে কর্মদক্ষতা বৃদ্ধিতে জোর দিতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ
শিক্ষাকে সার্টিফিকেটনির্ভর না রেখে কর্মদক্ষতা বৃদ্ধিতে জোর দিতে হবে: তারেক রহমান

শিক্ষাকে শুধুমাত্র সার্টিফিকেটনির্ভর না রেখে কর্মদক্ষতা ও প্রায়োগিক শিক্ষার ওপর জোর দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৩০ জুন) ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে দেওয়া এক বার্তায় এই কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাকে শুধুমাত্র সার্টিফিকেটনির্ভর না রেখে কর্মদক্ষতা ও প্রায়োগিক শিক্ষার ওপর জোর দিতে হবে, যা বাস্তব জীবনে যেকোনো দায়িত্ব পালনের সক্ষমতা অর্জনে শিক্ষার্থীদের সহায়তা করবে। এই কারণে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা অর্জনের দিকেও নজর দেওয়া জরুরি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়িয়ে ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা জোরদার করার বিষয়টি শুধু পরিকল্পনা কিংবা পদক্ষেপ গ্রহণে সীমাবদ্ধ না রেখে দ্রুত বাস্তবায়ন করা এখন জরুরি হয়ে পড়েছে।

সেই সঙ্গে চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত শিক্ষা কারিকুলামকে আধুনিক ও সময়োপযোগী করার কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এ ছাড়াও ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের নতুন কর্মপন্থা নির্ধারণের ওপর জোর দিতে বলেছেন তারেক রহমান।

তিনি বলেন, প্রযুক্তিগত বিপ্লব মোকাবিলায় শিক্ষা কারিকুলামে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি।

কালের আলো/এসএকে

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ
রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র‍্যাব-৫।

র‍্যাব-৫ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল চন্দ্রিমা থানাধীন হাজরা পুকুরপাড় রেলওয়ে মাঠের উত্তর পাশে অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড অ্যামোনিশন ও একটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থলের আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির প্রকৃত মালিক সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে পারেননি। র‍্যাব জানিয়েছে, অস্ত্র ও গুলির সঙ্গে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

র‍্যাবের প্রাথমিক ধারণা, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সন্ত্রাসীরা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অস্ত্র ও গুলি সংগ্রহ করেছিল। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা সেগুলো ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়।

র‍্যাব-৫ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে উদ্ধারকৃত বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি