খুঁজুন
                               
, ,
           

জুলাই মাসের জন্য অপরিবর্তিত রইলো জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ
জুলাই মাসের জন্য অপরিবর্তিত রইলো জ্বালানি তেলের দাম

ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের মূল্য জুলাই মাসের জন্য অপরিবর্তিত রয়েছে। প্রতি লিটার অকটেনের দাম ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা, কেরোসিন ১৩৫ টাকা ও ডিজেলের দাম ১১৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

এর আগে জুন মাসের জন্য প্রতি লিটার অকটেনের দাম ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা, কেরোসিন ১৩৫ টাকা ও ডিজেলের দাম ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

কালের আলো/এসএকে

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিবকে বাংলাদেশ খেলাফত মজলিসের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ
ইসলামী আন্দোলনের নতুন মহাসচিবকে বাংলাদেশ খেলাফত মজলিসের শুভেচ্ছা

ইসলামী আন্দোলন বাংলাদেশের নবনিযুক্ত মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে দুই দলের শীর্ষ নেতারা দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, জুলাই সনদ বাস্তবায়ন এবং ওই সনদের ভিত্তিতে সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয় নিয়ে মতবিনিময় করেন।

দলীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নবনিযুক্ত মহাসচিবকে শুভেচ্ছা জানাতে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে যান। প্রতিনিধি দলে আরও ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হক মিয়াজি এবং কেন্দ্রীয় নেতা মাওলানা আবুল হাসানাত জালালি।

শুভেচ্ছা বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই সনদের আলোকে সংসদের উচ্চকক্ষ গঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় উভয় নেতা পারস্পরিক সহযোগিতা ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যবদ্ধ ভূমিকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জাতীয় স্বার্থে ইতিবাচক ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চার ওপরও গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতেও বিভিন্ন জাতীয় ইস্যুতে গঠনমূলক সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

কালেমা লেখা পতাকা উত্তোলনের পেছনের পরিকল্পনা সরকার খতিয়ে দেখছে: জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
কালেমা লেখা পতাকা উত্তোলনের পেছনের পরিকল্পনা সরকার খতিয়ে দেখছে: জাহেদ উর রহমান

Oplus_131072

দেশের বিভিন্ন স্থানে আরবিতে কালেমা লেখা পতাকা উত্তোলনের পেছনের পরিকল্পনা সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

দেশের বিভিন্ন স্থানে আরবিতে কালেমা লেখা পতাকা উত্তোলনের বিষয় দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, ‘খুব বিস্তারিত বলছি না, এটা সরকার কগনিজেন্সে (আমলে নেওয়া) নিয়েছে, সরকার এটা দেখেছে। এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক থাকার কোনো কারণ নেই। বরং এটা সরকার খতিয়ে দেখছে। কারণ এটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে ভুল বার্তা যাওয়ার সম্ভাবনা (আশঙ্কা) আছে গ্লোবালি, এ ব্যাপারে আমরা সচেতন আছি।

তিনি বলেন, ‘আমরা এটা নিয়ে ব্যবস্থা নিতে চাচ্ছি এবং আমি ব্যক্তিগতভাবেও এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা আশা করি এই জিনিসটা এভাবে কন্টিনিউ করবে না।’

এগুলো কারা করছে—জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, ‘এগুলো তো বুঝতেই পারছেন, এটা কারা করছে, কেন করছে। কিছু মানুষকে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে বলছে, কিন্তু তারাই তো আসলে হয়তো সবসময় মূল ব্যক্তি না।

সো, এটা একটু খতিয়ে দেখার প্রশ্ন আছে। এটা যেহেতু এত ওয়াইডস্প্রেড (বিস্তৃতভাবে) হয়েছে, এর পেছনে নিশ্চয়ই কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে, সেটাই আমরা খতিয়ে দেখছি এবং আমরা ইনশাআল্লাহ এটা বের করতে পারব।’

কালের আলো/এসএকে

একটি নতুন থানা ও ৩ উপজেলা গঠনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ
একটি নতুন থানা ও ৩ উপজেলা গঠনের সিদ্ধান্ত

চট্টগ্রামের হাটহাজারীকে বিভক্ত করে ‘হালদা থানা’ এবং ফটিকছড়ির ছয়টি ইউনিয়নের সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’, মুরাদনগরকে বিভক্ত করে ‘বাঙ্গারা’ ও গফরগাঁওয়ের পাগলা থানার আটটি ইউনিয়নের সমন্বয়ে ‘আদর্শনগর’ নামে নতুন ৩টি উপজেলা গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ বিষয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১২১তম সভা বুধবার (১ জুলাই) সকাল ১১টায় সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের ১০০০ নম্বর কক্ষে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে রোববার (২৮ জুন) জারি করা সভার নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, দেশের প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাস, নতুন থানা ও উপজেলা গঠন এবং জেলা সীমানা পুনর্গঠনসহ গুরুত্বপূর্ণ কয়েকটি প্রস্তাব সভায় উপস্থাপন ও আলোচনা করা হবে।

সভার আলোচ্যসূচিতে রয়েছে মোট ছয়টি গুরুত্বপূর্ণ প্রস্তাব। এর মধ্যে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এছাড়া চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়নের সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব উপস্থাপন করবে স্থানীয় সরকার বিভাগ।

সভায় আরও আলোচনা হবে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে ‘বাঙ্গারা’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব নিয়ে।

অন্যদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশ ঢাকা জেলার অন্তর্ভুক্ত করে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার প্রশাসনিক সীমানা পুনর্গঠনের বিষয়টিও আলোচ্যসূচিতে রয়েছে। এ প্রস্তাবটি উপস্থাপন করবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

এছাড়া ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার অধীন আটটি ইউনিয়নের সমন্বয়ে ‘আদর্শনগর’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবও সভায় বিবেচিত হবে।

সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তর (আরএইচডি) সংশ্লিষ্ট একটি প্রশাসনিক পুনর্বিন্যাস প্রস্তাব নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী এবং কমিটির সদস্যদের সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সভার কার্যপত্র আগেই সদস্যদের কাছে পাঠানো হয়েছে এবং সভা শেষে কার্যপত্র ফেরত দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

প্রশাসনিক পুনর্বিন্যাস, স্থানীয় সরকার ব্যবস্থার সম্প্রসারণ ও জনসেবাকে আরও কার্যকর ও সহজলভ্য করার লক্ষ্যে নিকারের এ সভাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সভায় অনুমোদন পাওয়া প্রস্তাবগুলো পরবর্তী সময়ে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যকর করা হবে।

কালের আলো/এসএকে