খুঁজুন
                               
, ,
           

প্রাথমিক বৃত্তির ফল আগেই প্রকাশ করা সেই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২:২৭ অপরাহ্ণ
প্রাথমিক বৃত্তির ফল আগেই প্রকাশ করা সেই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫-এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই ওয়েব পোর্টালে আপলোড হওয়ার ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। তবে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।

শুক্রবার (১০ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫-এর ফলাফল যথাযথ কর্তৃপক্ষের প্রকাশের আগে ওয়েব পোর্টালে আপলোড করার ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা প্রটোকল অনুসরণ করা হয়নি। এ অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) অনুচ্ছেদ অনুযায়ী অসদাচরণের অভিযোগে মো. মেহতাব কায়েসকে ফলাফল আপলোডের দিন অর্থাৎ ৯ জুলাই থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার(৯জুলাই) সকালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫-এর ঢাকা বিভাগের নয়টি জেলার ফলাফল নির্ধারিত সময়ের আগেই ওয়েবসাইটে দেখা যায়। পরে ফলাফল সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ফল প্রকাশের গোপনীয়তা ও তথ্যপ্রযুক্তিগত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বুধবার বৃত্তি পরীক্ষার ফলাফল প্রস্তুত করা হয়। ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় ওয়েব লিংক তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে। তবে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের আগে কোনো অবস্থাতেই যেন ফলাফল লাইভ সার্ভার বা ওয়েব পোর্টালে আপলোড না করা হয়, সে বিষয়ে তাকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল।

অভিযোগ রয়েছে, সেই নির্দেশনা অমান্য করে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা বিভাগের নয়টি জেলার ফলাফল সংশ্লিষ্ট লিংকে আপলোড করা হয়। লিংক সচল হওয়ার পর সাধারণ ব্যবহারকারী ও অভিভাবকেরা ফলাফল দেখতে ও ডাউনলোড করতে শুরু করেন। অল্প সময়ের মধ্যেই ফলাফল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিচালকের এক প্রতিবেদনে বলা হয়েছে, লাইভ সার্ভারে লিংক তৈরি ও ফলাফল আপলোডের ক্ষেত্রে যে তথ্যপ্রযুক্তিগত নিরাপত্তা প্রটোকল অনুসরণ করা প্রয়োজন ছিল, অভিযুক্ত কর্মকর্তা তা মানেননি। এ নিরাপত্তা ত্রুটির কারণেই আনুষ্ঠানিক প্রকাশের আগেই ফলাফল সাধারণ মানুষের নাগালে চলে যায়।

এ ঘটনার পর বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীর সই করা এক চিঠিতে সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে অনুরোধ জানানো হয়।

একই ঘটনায় কারণ অনুসন্ধানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে। পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. মিরাজুল ইসলাম উকিলকে আহ্বায়ক করে গঠিত এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন উপবৃত্তি বিভাগের শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল কবির সুমন এবং সদস্যসচিব হিসেবে সহকারী পরিচালক (প্রশাসন-২) রোকসানা হায়দার। তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করছে: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ প্রতিবেদক:
প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ
মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করছে: তথ্য প্রতিমন্ত্রী

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

তিনি বলেন, সরকার একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আধুনিক শিক্ষা অবকাঠামো নির্মাণের পাশাপাশি মান সম্পন্ন শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে।

শুক্রবার (১০ জুলাই) ময়মনসিংহের নান্দাইলে দিনের প্রথম কর্মসূচিতে দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। একটি মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সারাদেশে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন অব্যাহত রয়েছে। পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সময়মত বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

পরে তিনি নান্দাইলে শশা চাষিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। সেখানে প্রতিমন্ত্রী বলেন, কৃষকরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত, বাজার ব্যবস্থার উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার নিরলস কাজ করছে।

তিনি বলেন, কৃষকদের যেকোনো সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, কৃষক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এম/এএইচ

ফ্লোরিডা বিমানবন্দরের নতুন নাম ‘ট্রাম্প বিমানবন্দর’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ
ফ্লোরিডা বিমানবন্দরের নতুন নাম ‘ট্রাম্প বিমানবন্দর’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর’ রাখা হয়েছে। দেশটির সরকারি প্রতিষ্ঠানগুলোতে ট্রাম্পের ব্যক্তিগত উপস্থিতি আরও বাড়ানোর প্রক্রিয়ার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হল।

বৃহস্পতিবার (৯ জুলাই) ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস এই সংক্রান্ত একটি আইনি বিলে স্বাক্ষর করার মাধ্যমে নামটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করেন।

এদিন ট্রাম্প পরিবারের ব্যক্তিগত ‘ট্রাম্প ফোর্স ওয়ান’ নামে পরিচিত বোয়িং-৭৫৭ উড়োজাহাজ অবতরণের মাধ্যমে এই নাম পরিবর্তন উদযাপন করেন ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প। বিমানবন্দরটি ট্রাম্প পরিবারের মার-আ-লাগো গলফ রিসোর্ট ও আবাসনের কাছেই অবস্থিত।

এরিক ট্রাম্প বলেন, ‘পাম বিচের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মতো আর কেউ এতটা ওতপ্রোতভাবে জড়িত নন। সম্ভবত পুরো ফ্লোরিডাতেও নয়।’

তিনি আরও জানান, বিমানবন্দর থেকে বের হওয়া প্রধান সড়কের নাম আগেই ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প বুলেভার্ড’ রাখা হয়েছে।

এ পরিবর্তনের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার গভীর রাতে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘এটি শিগগিরই বিশ্বের সবচেয়ে সেরা ও দৃষ্টিনন্দন বিমানবন্দরগুলোর একটি হবে!’

এএফপি জানিয়েছে, প্রায় অর্ধশতাব্দী ধরে পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত এই বিমানবন্দরের এই নাম পরিবর্তনের পুরো প্রক্রিয়ায় এবং নতুন সাইন বোর্ড স্থাপনে প্রায় ৫ দশমিক ৫ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটিই প্রথম ঘটনা যেখানে দায়িত্বরত কোনো রাষ্ট্রপতির নামে কোনো বিমানবন্দরের নামকরণ করা হলো। এর আগে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রথা ভেঙে গত মাসে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে নিজের ছবিসংবলিত একটি বিশেষ স্মারক মার্কিন পাসপোর্টের নতুন নকশা উন্মোচন করেছেন ট্রাম্প। এছাড়া জাতীয় উদ্যানের প্রবেশ পাসে ইতোমধ্যে তাঁর ছবি ব্যবহার করা হচ্ছে। ‘ট্রাম্প ক্লাস’ নামে একটি নৌযানের নতুন শ্রেণিও ঘোষিত হয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, শিগগিরই এক ডলারের নোটেও ট্রাম্পের স্বাক্ষর যুক্ত করা হতে পারে।

কালের আলো/আরডি/এমডিএইচ

ওআইসি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ইসলামাবাদে ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৯:০৪ অপরাহ্ণ
ওআইসি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ইসলামাবাদে ডা. জাহিদ

ওআইসির (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) নারী বিষয়ক সম্মেলনে অংশ নিতে পাকিস্তানের ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে শুক্রবার (১০ জুলাই) দুপুরে তিনি ইসলামাবাদের উদ্দেশে রওনা হন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, ওআইসিভুক্ত ৫৭টি দেশের নারীদের ক্ষমতায়ন, অধিকার সুরক্ষা এবং আর্থসামাজিক উন্নয়ন নিয়ে পাকিস্তানের ইসলামাবাদে নবম নারী বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হবে।

ওই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

কালের আলো/জেএন/এমএসআইপি