পাটগ্রাম সীমান্ত দিয়ে ৩ নারীকে পুশইনের চেষ্টা বিএসএফের
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে দিয়ে তিন নারীকে বাংলাদেশে পুশইনের (ঠেলে পাঠানো) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১১ জুলাই) ভোরে উপজেলার ধবলসূতি বর্ডার আউটপোস্ট (বিওপি) সীমান্তের ৮৩৩/৯-এস নম্বর পিলারের কাছে ঘটনাটি ঘটে।
বিজিবি সূত্র জানায়, ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে ভারতের ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের খরখড়িয়া ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের বেড়ার গেট খুলে তিন নারীকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়।
সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেন। বিজিবির তীব্র বাধার মুখে বিএসএফের পুশইনচেষ্টা ব্যর্থ হয়।
বর্তমানে ওই তিন নারী সীমান্ত পিলার ৮৩৩/৯-এস থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।
৬১ বিজিবির (তিস্তা ব্যাটালিয়ন-২) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, উদ্ভূত পরিস্থিতির পর বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডারের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করা হয়েছে।
সীমান্তে অবস্থান করা ওই নারীদের দ্রুত ভারতের অভ্যন্তরে ফেরত নিয়ে যাওয়ার জন্য বিএসএফকে কড়া বার্তা দেওয়া হয়েছে। সীমান্তে বিজিবির কড়া নজরদারি ও সতর্কতা জারি রয়েছে।
কালের আলো/জেএন/এমএসআইপি


আপনার মতামত লিখুন
Array