খুঁজুন
                               
, ,
           

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ৮ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ
গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ৮ হাজারের বেশি

গাজা সিটিতে ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া একটি আবাসিক ভবনের নিচে চাপা পড়া ১৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার সিভিল ডিফেন্স এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

শনিবার (৮ আগস্ট) উদ্ধার কাজ শেষ হয়েছে। গাজায় ধ্বংসস্তূপের নিচে থেকে লাশ উদ্ধারের জন্য ধীরগতির ও কায়িক শ্রমনির্ভর চলমান অভিযানের এটি সর্বশেষ ঘটনা।

ভাঙা কনক্রিট সরাতে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির তীব্র সংকটের কারণে এ ধরনের উদ্ধার তৎপরতা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

উদ্ধার কাজের তদারকি করা মোহাম্মদ আবু দান জানান, গাজার পশ্চিমাঞ্চলের ‘কারাম’ ভবনে টানা চার দিন ধরে তল্লাশি চালানোর পর সেখানে উদ্ধার কাজ শেষ হয়েছে।

তিনি জানান, উদ্ধার অভিযান পুনরায় শুরু করার জন্য বিশেষায়িত চিকিৎসক ও সিভিল ডিফেন্সের কর্মীরা এখন গাজা সিটির অন্য কোনো নতুন স্থানে যাবেন।

সিভিল ডিফেন্সের কর্মকর্তারা বারবার জানিয়েছেন, উদ্ধারকর্মীরা অত্যন্ত সাধারণ সরঞ্জাম ও কায়িক শ্রমের ওপর ভরসা করে কাজ চালিয়ে যাচ্ছেন।

তবে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলোর অবশিষ্ট কংক্রিটের স্ল্যাবগুলো ভারী যন্ত্রপাতির অভাবে সরানো যাচ্ছে না।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনজুড়ে ধ্বংসস্তূপের নিচে এখনো আট হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছে।

মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত বছরের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে অন্তত ১,২৫৪ জন নিহত হয়েছেন, ৪১২১ জন আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপ থেকে ৮০৪টি লাশ উদ্ধার করা হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত সামগ্রিক মৃতের সংখ্যা বেড়ে ৭৩,৩০০ জনে দাড়িয়েছে এবং আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজারেরও বেশি মানুষ।

এর আগে ২০২৩ সালের নভেম্বরে ইসরায়েলি হামলায় গাজার সাবরা এলাকার একটি আবাসিক ব্লক ধ্বংস হয়ে গিয়েছিল। সেই ধ্বংসস্তূপ থেকে আবু শারিয়া ও আল-হাসায়না পরিবারের ১১২ জনের লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার গাজা সিটিতে তাদের গণজানাজা অনুষ্ঠিত হয়, যার পরপরই এই সর্বশেষ উদ্ধার অভিযানটি পরিচালিত হলো।

সূত্র: আল জাজিরা

কালের আলো/এসকে/এমএসআইপি 

‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যা জানাল সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৯:০৬ অপরাহ্ণ
‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যা জানাল সরকার

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, ‘র’ প্রধান পরাগ জৈনের ঢাকা সফর নিয়ে জল্পনা-কল্পনা করার কিছু নেই। তার এই সফর ভারত-বাংলাদেশের প্রতিরক্ষার নিয়মিত কার্যক্রমের অংশ।

মঙ্গলবার (১১ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘র’ প্রধান চীন থেকে ঢাকা এসেছেন। তার এই সফর নিয়মিত কার্যক্রমের অংশ। এটা জল্পনার কিছু নেই। হয়তো তার সফর শেষে সরকার কোনো বিবৃতি দিলেও দিতে পারে।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়তে হলে ভারতকে ফ্যাসিস্ট আমলের চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে। ভারতকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে।

সংবাদ সম্মেলনে দেশের বাইরে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী এবং পলাতক শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, পালিয়ে থাকা ব্যক্তিরা দেশে ফিরতে চাইলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাকিব আল হাসান প্রসঙ্গে কথা বলতে গিয়ে তাকে নষ্ট-পচে যাওয়া মানুষ হিসেবে উল্লেখ করেন তথ্যবিষয়ক উপদেষ্টা।

জ্বালানি খাত বেসরকারি খাতে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, জ্বালানি খাত কোনো একক প্রতিষ্ঠানের কাছে দেওয়া হবে না। বেসরকারি খাতে দেওয়ার জন্য নীতিমালা তৈরির কাজ চলছে।

কালের আলো/এসএকে

জ্বালাও-পোড়াও করে দেশ অস্থিতিশীল করবেন না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৯:০২ অপরাহ্ণ
জ্বালাও-পোড়াও করে দেশ অস্থিতিশীল করবেন না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘বিরোধী দলের উদ্দেশে বলতে চাই, আপনারা শান্ত হোন, হুঁশে আসুন, বেহুঁশ হবেন না। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার। এই সরকারকে হটাতে হলে পাঁচ বছর পর যে নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে অংশ নিয়ে জনগণের ভোটে বেশি আসন পেলে সরকার গঠন করবেন। নয়তো এই সরকারই আবার নির্বাচিত হবে।’

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, ‘আপনারা তো আবারও পাপাচার করবেন। যে ভোট দেন, বেহেশত দেব—নাউজুবিল্লাহ মিন জালিক। জনগণ বুঝেছে, এই বেহেশতের টিকিট মানে পাপাচার। এখানে আমরা যাব না বলেই জনগণ ৩০০ আসনের মধ্যে সোয়া ২০০ আসনে বিএনপিকে ভোট দিয়েছে।’

তিনি বলেন, ‘আজকে বিরোধী দল অযথা কাল্পনিক আস্ফালন করেছে। আমরা বিরোধী দলের উদ্দেশে বলতে চাই—শান্ত থাকুন, দায়িত্বশীল ভূমিকা পালন করুন। জ্বালাও-পোড়াও করে ফ্যাসিবাদের চরিত্রে যাবেন না। আমরা আর বাংলাদেশে জ্বালাও-পোড়াও দেখতে চাই না। আমরা কোনো সিলের নির্বাচন দেখতে চাই না, কোনো জোর-জবরদস্তির শাসনও দেখতে চাই না।’

মন্ত্রী বলেন, ‘আমাদের সরকার সেবকের সরকার। আমরা সেবা করব। পাঁচ বছর পর আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জনগণের কাছে যাব। জনগণ যদি আমাদের ভোট দেয়, আমরা আসব। আপনাদের ভোট দিলে আপনারা আসবেন। জ্বালাও-পোড়াও করে অযথা সচিবালয়-মন্ত্রণালয় ঘেরাও করে দেশকে অস্থিতিশীল করবেন না। কথা খুব পরিষ্কার।’

তিনি আরও বলেন, ‘যেমন পার্লামেন্টে দায়িত্বশীল আচরণ করেন, আমরা বারবার তার জন্য ধন্যবাদ জানিয়েছি। তেমনি পার্লামেন্টের বাইরে মাঠের আন্দোলনেও দায়িত্বশীল আচরণ করুন। এটাই বাংলাদেশের মানুষ চায়, বাংলাদেশের মানুষ আশা করে। আপনাদের বলব, আমাদের সরকারের সঙ্গে থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকুন। আমরা একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ আপনাদের ইনশাআল্লাহ উপহার দেব।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সৈয়দ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাবেক সভাপতি এনামুল করিম অটল, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ অনেকে।

কালের আলো/আরডি/এমডিএইচ

আদিবাসী পরিচয়কে বিভাজনের চোখে দেখার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৮:৪৮ অপরাহ্ণ
আদিবাসী পরিচয়কে বিভাজনের চোখে দেখার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আদিবাসী পরিচয়কে বিভাজনের চোখে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানে আয়োজিত ‘বাংলাদেশের বাস্তবতায় আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক’ শীর্ষক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ দেশের সব জনগণই বাংলাদেশি। তাই কাউকে আদিবাসী পরিচয়ের বিভাজনের চোখে দেখার সুযোগ নেই।’

দেশের সকল নাগরিকের সমান অধিকারের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, ‘সকল ধর্ম, বর্ণ, সংস্কৃতি ও ভাষাভাষীর মানুষ আমরা সবাই এই দেশের নাগরিক। নাগরিক হিসেবে আমাদের সাংবিধানিক অধিকার পুরোপুরি সমান এবং এই পরিচয়েই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

পার্বত্য চট্টগ্রাম নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই অঞ্চলে অতীতে যেমন ভিনদেশি উস্কানি ছিল, তেমনি এখনো বাংলাদেশের পূর্ব সীমান্ত ও আশপাশের অঞ্চলে আন্তর্জাতিক বিভিন্ন মহল নিজেদের স্বার্থে ষড়যন্ত্রমূলক পরিকল্পনা করছে। তবে এই ভূখণ্ডের ঐতিহ্য বহুকালের। লক্ষণ সেন বা পাল বংশের বহু আগে থেকেই এ দেশের মানুষ নিজস্ব আত্মনিয়ন্ত্রণাধিকারের জন্য সংগ্রাম করে আসছে। ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র ও আধুনিক নেশন স্টেট হিসেবে যাত্রা শুরু করলেও এ দেশের নিজস্ব জাতিসত্তা বহুকালের পুরনো।’

তিনি বলেন, ‘আমরা কেন নদী অববাহিকায় বাস করলাম, আর কেন আরেকজন পাহাড়ি উপত্যকায় বাস করল, তার ওপর ভিত্তি করে কোনো নেশন স্টেট হতে পারে না। তাই আমরা সবাই বাংলাদেশের অধিবাসী হবো, আদিবাসী কেউ হবো না।’

জুলাই চার্টার নিয়ে মন্ত্রী বলেন, ‘জুলাই চার্টারে রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে সবাই স্বাক্ষর করেছে। দলগুলোর মধ্যে যেসব দফায় কোনো দ্বিমত বা নোট অব ডিসেন্ট ছাড়াই ঐকমত্য তৈরি হয়েছে, তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশের ভূখণ্ডের ভেতরের সকল নাগরিকের মূল পরিচয় হবে বাংলাদেশি। এটি সংবিধানের পঞ্চম সংশোধনীর ভাষা, যা আগামী অষ্টম সংশোধনীতেও নিয়ে আসার জন্য রাজনৈতিক সমঝোতা ও অঙ্গীকার রয়েছে।’

এসময় মন্ত্রী সকলকে আহ্বান জানিয়ে বলেন, ‘বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে বসবাসকারী সকল নাগরিকের সাংবিধানিক পরিচয় হবে বাংলাদেশি এবং কোনো ভুল বা বিভ্রান্তিকর প্রশ্নের পেছনে না ছুটে দেশের সবাইকে আদিবাসী না হয়ে অধিবাসী হতে হবে।’

একইসঙ্গে পাহাড়ি অঞ্চলে সৃষ্ট ঐতিহাসিক বিভেদ ও ষড়যন্ত্রের পেছনে ভিনদেশি উস্কানি এবং আন্তর্জাতিক মহলের স্বার্থ রয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেস অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘বাংলাদেশের জননীতিকে অভিবাসীদের চশমা দিয়ে দেখা যাবে না। কারও পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না। দেশের সব জনগণ সমান। বাংলাদেশে বিভাজনের কোনো সুযোগ নেই।’

এ অনুষ্ঠানটির আয়োজন করে সিএইচটি রিসার্স ফাউন্ডেশন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, এনসিপি নেতা সারজিস আলম, আইনজীবী তাজুল ইসলাম, ব্যারিস্টার আসাদুজ্জামান আহমেদ, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান, সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, ড. হাসাহাব এনাম খান, লে.জে. (অব) আবদুল্লাহিল আযমী, ড. আবদুল্লাহ আল ইউসুফ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী উপদেষ্টা মোহাম্মদ রাশেদ খান, লে. (অব) জেনারেল মাফফুজুর রহমান, ড. সুফি মোস্তাফিজুর রহমান, ড. আনোয়ারউল্লাহ চৌধুরী ও ড. মাহমুদ পারভেজ প্রমুখ।

কালের আলো/আরডি/এমডিএইচ