আঞ্চলিক সংবাদপত্র বাঁচাতে তথ্যমন্ত্রীর কাছে বিএএসপির তিন দফা দাবি
বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি) নেতৃবৃন্দ তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছে আঞ্চলিক ও স্থানীয় সংবাদপত্রের স্বার্থসংশ্লিষ্ট তিন দফা দাবি পেশ করেছেন।বুধবার (১৯ আগস্ট) বেলা ১টায় তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় এসব দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা। সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “স্বচ্ছ গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের আয়না।” গণমাধ্যম সরকারের ভুল-ত্রুটির সমালোচনা করার পাশাপাশি সরকারের ভালো দিকও জনগণের সামনে তুলে ধরবে বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে কোনো মহল বা গোষ্ঠীর প্রভাবে সরকারের বিরুদ্ধে নেতিবাচক বার্তা প্রচারের মাধ্যমে রাষ্ট্রকে দূষিত করা হচ্ছে কি না, সে বিষয়ে গণমাধ্যমকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, স্বচ্ছ ও দায়িত্বশীল সাংবাদিকতা রাষ্ট্রকে সঠিক পথে এগিয়ে নিতে সহায়তা করে। গণমাধ্যমের জন্য একটি নীতিমালা থাকা জরুরি উল্লেখ করে তিনি জানান, এ নীতিমালার কাঠামো তৈরির কাজ ইতোমধ্যে শুরু করেছে তথ্য মন্ত্রণালয়। গণমাধ্যমের সব স্তরের নেতৃবৃন্দের মতামতকে গুরুত্ব দিয়ে নীতিমালাটি চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।
বিএএসপির সভাপতি জাহাঙ্গীর হোসেন মনজুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের মহাসচিব জাফর আহমেদ, সহ-সভাপতি শামসুল আলম খান, শওকত হোসেন, গোলাম কিবরিয়া, মাহবুবুর রহমান, যুগ্ম-মহাসচিব মোবিনুল ইসলাম মবিন, আমজাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা আঞ্চলিক ও স্থানীয় সংবাদপত্র টিকিয়ে রাখতে বিদ্যমান বিজ্ঞাপন নীতিমালা সংশোধনের জোরালো দাবি জানান। বিএএসপির তিন দফা দাবি হলো ১.মিডিয়া তালিকাভুক্ত মফস্বলের পত্রিকায় সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিজ্ঞাপন সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী স্থানীয় পর্যায়ে কমপক্ষে দুটি পত্রিকায় প্রদান করতে হবে, ২. বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি কলাম ইঞ্চি বিজ্ঞাপনের হার ন্যূনতম ১,০০০ টাকা পুনর্নির্ধারণ করতে হবে। ৩. বিজ্ঞাপন প্রদানের ক্ষেত্রে পিপিআর ২০০৩ এবং বিজ্ঞাপন ও ক্রোড়পত্র নীতিমালা ২০০৮-এর ২ নম্বর ধারার (ঙ) উপধারা ও ৩ নম্বরে জাতীয় ও স্থানীয় পত্রিকার ক্ষেত্রে ব্যবহৃত পরস্পরবিরোধী ভাষা সংশোধন করে প্রজ্ঞাপন জারি করতে হবে।
কালের আলো/এএইচ/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array