খুঁজুন
                               
, ,
           

এসআই আলতাফ হত্যায় সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
এসআই আলতাফ হত্যায় সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ

সাভারের আমিনবাজারে হামলায় স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপ-পরিদর্শক (এসআই) মো. আলতাফ হোসেন নিহত হওয়ার ঘটনায় মামলার সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে নিহত পুলিশ কর্মকর্তার পরিবারকে দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে নিহত এসআই আলতাফ হোসেনের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করতে গেলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পরিবারকে আর্থিক সহায়তা

সাক্ষাৎকালে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার সর্বাত্মক আশ্বাস দেন সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের সার্বিক কল্যাণে পুলিশ অধিদপ্তরের কল্যাণ তহবিল থেকে ইতোমধ্যে ৬ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া নিহতের পারিবারিক ব্যবসা সচল রাখতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে প্রয়োজনীয় ঋণসহ সার্বিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।

কর্মজীবনে সততা, নৈতিকতা ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে আলতাফ হোসেনকে মরণোত্তর ‘পুলিশ পদক (পিপিএম)’ দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় নিহতের স্ত্রী মোছা. শিউলী পারভীনের হাতে অনুদানের অর্থ তুলে দেন তিনি।

যেভাবে হামলার শিকার হন এসআই আলতাফ

গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভারের আমিনবাজারের বরদেশী পশ্চিমপাড়ায় একটি অটোরিকশা রাখা নিয়ে সৃষ্ট তর্ক-বিতর্ক মেটাতে গিয়ে হামলার শিকার হন এসআই আলতাফ হোসেন।

প্রাণ বাঁচাতে তিনি তার বড় ছেলের ব্যবসাপ্রতিষ্ঠানে আশ্রয় নেন। পরে রাত ৮টা ১০ মিনিটের দিকে দেশীয় অস্ত্র, রড, পাইপ, হাতুড়ি ও লাঠি নিয়ে সেখানে হামলা চালানো হয়।

বাবাকে বাঁচাতে গিয়ে হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন তার ছোট ছেলে মো. আরিফুল ইসলামও।

পরে স্থানীয়রা বাবা-ছেলেকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এসআই আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১৫ জনকে আসামি করে সাভার মডেল থানায় হত্যা মামলা করেন।

৪০ বছরের পুলিশি জীবন

মো. আলতাফ হোসেন ১৯৮৬ সালে সিরাজগঞ্জ জেলা থেকে কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ ৪০ বছরের কর্মজীবনে তিনি ডিএমপি, রাঙামাটি, আরআরএফ রাজশাহী, আরএমপি ও বরিশাল জেলায় দায়িত্ব পালন করেন।

২০১১ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকায় কর্মরত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, বড় ছেলে মো. শরিফুল ইসলাম (৩০) ও ছোট ছেলে মো. আরিফুল ইসলামকে (২৪) রেখে গেছেন। বড় ছেলে শরিফুল ইসলাম মানারাত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ফার্মাসি সম্পন্ন করেছেন। ছোট ছেলে আরিফুল ইসলাম ইউসেপ পলিটেকনিক ইনস্টিটিউটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত।

কালের আলো/এমএসআইপি/এসকে 

মালিবাগে পরপর ককটেল বিস্ফোরণ, ঘটনাস্থলে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
মালিবাগে পরপর ককটেল বিস্ফোরণ, ঘটনাস্থলে পুলিশ

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে নিচের সড়কে ককটেল নিক্ষেপ করা হয়। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে নিচে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। ওই সময় দোকানপাট বন্ধ থাকায় এবং সড়কে লোকজন না থাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিরুল ইসলাম জানান, দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে ফ্লাইওভারের ওপর থেকে সড়কে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। ঘটনায় জড়িত কাউকে এখনো শনাক্ত করা যায়নি।

কালের আলো/এমএসআইপি 

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, জার্মান প্রতিনিধিদলকে স্পিকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, জার্মান প্রতিনিধিদলকে স্পিকার

বাংলাদেশের জনগণের বাকস্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানে উন্নীত করতে বর্তমান সরকার সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্পিকারের কার্যালয়ে জার্মানির একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে স্পিকার বাংলাদেশ ও জার্মানির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, স্বাধীনতার সূচনালগ্ন থেকেই জার্মান সরকার বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করে আসছে। ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের দ্বিতীয় বৃহত্তম গন্তব্যও জার্মানি।

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা প্রসঙ্গে স্পিকার বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হলেও দীর্ঘদিন কাঙ্ক্ষিত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব হয়নি। তিনি অভিযোগ করেন, পরপর তিনটি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন করে গণতন্ত্রকে বিপর্যস্ত করেছিল।

তিনি আরও বলেন, গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও বিতর্কিত নির্বাচনের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সংঘটিত হয়। এর পর দেশে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

স্পিকার বাংলাদেশের নারীদের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথাও তুলে ধরেন। তিনি জানান, বর্তমান সংসদে জনগণের ভোটে নির্বাচিত ছয়জন নারী সংসদ সদস্য এবং সংরক্ষিত আসনে ৫০ জন নারী সংসদ সদস্য রয়েছেন।

বৈঠকে জার্মানি-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, সংসদীয় কূটনীতির প্রসার এবং বাংলাদেশে চলমান রোহিঙ্গা সংকট নিয়েও মতবিনিময় হয়।

জার্মানির ফেডারেল পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেস্ট্যাগের সদস্য নিকলাস কাপের নেতৃত্বে গেরোল্ড ওটেন, জোহান সাথফ, উলে শাউস এবং ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বৈঠকে অংশ নেন। এ সময় জার্মান দূতাবাস ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এম/এসআইপি

ডেঙ্গু প্রতিরোধে হাতে হাতে পরিচ্ছন্নতা, খাল পরিষ্কার করলেন হুইপ অপু

শরীয়তপুর সংবাদদাতা
প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
ডেঙ্গু প্রতিরোধে হাতে হাতে পরিচ্ছন্নতা, খাল পরিষ্কার করলেন হুইপ অপু

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে নিজ হাতে খালের ময়লা-আবর্জনা পরিষ্কার করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ভেদরগঞ্জ উপজেলায় আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন তিনি। এ সময় হুইপ অপু নিজ হাতে খালের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

কর্মসূচির শুরুতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় বাসিন্দাসহ অংশগ্রহণকারীদের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখার শপথ পাঠ করান হুইপ অপু।

এ সময় তিনি ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আশপাশ ও বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানান।

পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিজ নিজ এলাকার পরিবেশ পরিষ্কার রাখার বার্তা দেওয়া হয়।

কালের আলো/এমএসআইপি