খুঁজুন
                               
, ,
           

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৮ অপরাহ্ণ
গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

রাজধানীর গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির প্রেস উইং সূত্র জানায়, বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং বিভিন্ন নীতি-নির্ধারণী বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

মিরপুরে বাসে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ
মিরপুরে বাসে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

রাজধানীর মিরপুরের কাফরুলে ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টার পর কাফরুল থানাসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ জানায়, রাত ১০টা ১৭ মিনিটে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস সদর দপ্তর। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ১০টা ২৩ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

প্রাথমিকভাবে বাসে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এদিকে, বাসে আগুন দেওয়ার কয়েক ঘণ্টা আগে শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, মালিবাগ, আগারগাঁও ও মহাখালীসহ বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

কালের আলো/এমএসআইপি 

মসজিদে গোপন বৈঠকের অভিযোগ, ফার্মগেটে আটক ২৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
মসজিদে গোপন বৈঠকের অভিযোগ, ফার্মগেটে আটক ২৩

রাজধানীর ফার্মগেটের তেজগাঁও মসজিদে গোপন বৈঠকের অভিযোগে ২৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কি না, তা যাচাই করা হচ্ছে। তাদের বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই চলছে।

তেজগাঁও বিভাগের এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মসজিদে অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করা হয়েছে। তবে তারা কোন সংগঠনের সঙ্গে যুক্ত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের উগ্রবাদী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে সন্দেহ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিটিটিসির একাধিক টিম কাজ করছে।

তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, গোপন বৈঠক চলাকালে সন্দেহজনক ২৩ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।

পুলিশ জানিয়েছে, যাচাই শেষে আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালের আলো/এম/এসআইপি 

দুদক দিয়ে এনসিপি ও বিরোধীদলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ
দুদক দিয়ে এনসিপি ও বিরোধীদলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিরোধীদলকে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে বিএনপি সরকারকে সাহস থাকলে ২০০১ থেকে ২০০৬ সালের দুর্নীতি ও অভিযোগগুলো তদন্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে এনসিপি আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ‘বিএনপি সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘনমূলক আইন পাস, বিরোধী মত দমন ও নাগরিকের মৌলিক অধিকার হরণের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধীদলকে টার্গেট করা হচ্ছে। যদি সাহস থাকে তাহলে ২০০১ থেকে ২০০৬ সালের দুর্নীতি ও অভিযোগগুলো আপনারা তদন্ত করুন।

বাংলাদেশে এখনো মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হয়নি দাবি করে তিনি বলেন, মানবাধিকার সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা সরকার এমন কিছু আইন ও প্রতিষ্ঠান তৈরি করছে, যেগুলো মানবাধিকার হরণের সুযোগ তৈরি করছে।

মিরাজ শেখ নিখোঁজ হওয়ার প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, পাঁচ মাস পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অথচ সরকারের মন্ত্রীরা বলছেন, বিগত সাত মাসে কোনো গুম হয়নি। মিরাজ শেখের নিখোঁজ হওয়ার ঘটনা পুরো বিশ্ববাসী জানে।

মিরাজ শেখের পরিবারকে হয়রানির অভিযোগ করে তিনি বলেন, পরিবারটি প্রথমে থানায় গেলে মামলা নেওয়া হয়নি। পরে সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হলেও সেখানে কোস্টগার্ডের নাম লিখতে দেওয়া হয়নি।

গাজী সালাহউদ্দিন তানভীরের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ারও সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, সরকারপ্রধানের নামে কটূক্তি করে গাজী সালাহউদ্দিন ভুল করেছিলেন এবং দল হিসেবে এনসিপি তা সমর্থন করেনি। এ কারণে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে।

গাজীপুরের সিফাতের বিরুদ্ধে একই আইনে মামলা দেওয়ার প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, তারেক রহমানের বিরুদ্ধে গালি দেওয়া বা মিম করা সন্ত্রাস নয়। মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার বন্ধের দাবি জানাই।

হবিগঞ্জে ছাত্রশক্তির কর্মী আলিফের ওপর হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, আমাদের ছাত্রশক্তির কিশোর আলিফের চোখ তারা কেড়ে নিয়েছে। বিরোধী দল-মত দমন করা শুরু হয়ে গেছে।

গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, মানবাধিকার কমিশন আইন এবং সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী নিয়েও আপত্তি জানান নাহিদ ইসলাম। তার দাবি, গুমের অভিযোগের তদন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমেই করা হলে একটি বাহিনীর বিরুদ্ধে অন্য একটি বাহিনী তদন্ত করবে। একই সঙ্গে অভিযোগ ভুল প্রমাণিত হলে অভিযোগকারীকে শাস্তির বিধান থাকলে মানুষ অভিযোগ করতে ভয় পাবে।

বিএনপির নেতাকর্মীদের গুম হওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সালাহউদ্দিন সাহেব গুম হয়েছেন, ইলিয়াস আলী গুম হয়েছেন। বিএনপি বিরোধীদলে থাকার সময় আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে। আর এখন তারা সরকারে এসে জাতীয় পর্যায়েও কোনো তদন্ত হতে দিচ্ছে না।

মানবাধিকার কমিশনকে ‘সরকারি মানবাধিকার কমিশনে’ পরিণত করা হয়েছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। গুমের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তিনি।

জাতিসংঘে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, ১৬ বছর বিএনপির নেতারা জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের কাছে গেছেন। এখন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তারা কী জবাব দেবেন।

তিনি আরও বলেন, আপনি সেখানে দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। আপনি সেখানে বিএনপির প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন না। ভালো হতো, যদি জাতীয় ঐক্য আপনি দেখাতে পারতেন।

পুলিশ সংস্কার কমিশন না করে পুলিশকে বিরোধীদল দমনের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং নির্বাচন কমিশনকেও দুর্বল করা হচ্ছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম।

সরকার তেল, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, এই সরকার তেল, গ্যাস, বিদ্যুৎ দিতে ব্যর্থ হয়েছে; সুশাসন দিতে ব্যর্থ হয়েছে এখন মানবাধিকার হরণ করে নিচ্ছে এবং গণভোটের গণরায় বাস্তবায়ন করেনি।

মানববন্ধন থেকে গুমের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, মানবাধিকার কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া এবং সাইবার সুরক্ষা আইনের সংশোধনীর মাধ্যমে মতপ্রকাশের অধিকার যাতে ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করার দাবি জানান নাহিদ ইসলাম।

জাতীয় নাগরিক পার্টির এই নেতা বলেন, অবিলম্বে এই আইনগুলো আপনারা সংশোধন করেন। সঠিকভাবে যাতে গুমের তদন্ত হয়, মানবাধিকার কমিশন যাতে নিরপেক্ষভাবে তদন্ত করতে পারে এবং সাইবার সুরক্ষা আইনের নামে যে সংশোধন আনা হচ্ছে, সেসব আইন সংশোধনের নামে যাতে কোনোভাবেই মতপ্রকাশের অধিকার হরণ না করা হয়।

কালের আলো/আরডি/এমডিএইচ