খুঁজুন
                               
, ,
           

সেনাপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রসারিত হবে সহযোগিতার নতুন দিগন্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪৮ পূর্বাহ্ণ
সেনাপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রসারিত হবে সহযোগিতার নতুন দিগন্ত

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

নানাদিক থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে তিনদিনব্যাপী ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সেনাবাহিনী প্রধানদের এবারের সম্মেলন পেয়েছে বিশেষ গুরুত্ব। নিজেদের মধ্যকার সহযোগিতা সম্প্রসারণের মনোনিবেশ করেই ভবিষ্যৎমুখী সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার উচ্চারিত হয়েছে সম্মেলনটিতে।

পারস্পরিক সহযোগিতা আর সমৃদ্ধির নতুন দিগন্ত প্রসারিত করার ঐক্যমতে পৌঁছেই এক মঞ্চ ভাগাভাগি করেছেন ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ১৭টি দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা। এই অঞ্চলের ‘পাওয়ার হাউজ’ হিসেবে পরিচিত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদও বিশ্বমঞ্চে সহযোগিতার বিষয়গুলোতেই সবিশেষ গুরুত্ব দিয়েছেন।

কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে বাংলাদেশের গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে নিজেদের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককেও যেন নতুন মাত্রায় উন্নীত করেছেন। পারস্পরিক বন্ধুত্ব আরও গভীর এবং টেকসই করতে একমত হয়েছেন বাংলাদেশের সেনাপ্রধানসহ এই অঞ্চলটির জ্যেষ্ঠ সামরিক নেতারা। খবর সংশ্লিষ্ট সূত্রের।

সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড এবং পাপুয়া নিউগিনি ডিফেন্স ফোর্সের আয়োজনে চলতি বছরের ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সেনাবাহিনী প্রধানদের সম্মেলনে যোগ দিতে গত শনিবার (১১ সেপ্টেম্বর) রাত ১ টা ৪০ মিনিটে হাওয়াইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে তিনদিনের এই সম্মেলনে সিরিজ কর্মসূচিতে কাটিয়েছেন জেনারেল শফিউদ্দিন। মতবিনিময় করেছেন যুক্তরাজ্যের ফিল্ড আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রালফ উডইসহ বিভিন্ন দেশের বাহিনী প্রধান ও বাহিনীর জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে।

আন্তরিক পরিবেশে প্রতিটি বৈঠকই ছিল দ্বিপাক্ষিক। নিজেদের সম্পর্কের সার্বিক দিক পর্যালোচনা করে নানা সম্ভাবনার ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতার বৃদ্ধির বিষয়েও ‘ওয়ান টু ওয়ান বৈঠক’ এ জোর দেওয়া হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মেলনে যোগদান শেষে এদিন দেশে ফিরেছেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এর আগে তিনি কনফারেন্সের প্রথম দিনে মার্কিন সেনাবাহিনীর ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশনের সক্ষমতা এবং মার্কিন আর্মি প্যাসিফিক কমান্ড পরিচালিত একটি লাইভ ফায়ার মহড়া অবলোকন করেন।

আর্মি চিফস কনফারেন্সের দ্বিতীয় দিনে সেনাবাহিনী প্রধান ‘দ্য চেঞ্জিংফিজিক্যাল এনভায়রনমেন্ট অব ল্যান্ড অপারেশনস’ এবং ‘দ্য ইনভলভিং হিউম্যান এনভায়রনমেন্ট অব ল্যান্ড অপারেশনস’ বিষয়বস্তু দু’টির ওপর অনুষ্ঠিত প্লেনারি সেশনে অংশ নেন। প্লেনারি সেশনে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রধান জেনারেল জেমস মেকনভিল স্বাগত ভাষণ দেন।

এর পাশাপাশি ওই কনফারেন্সে যোগদানকারী যুক্তরাজ্যের ফিল্ড আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রালফ উডইসসহ বিভিন্ন দেশের বাহিনীপ্রধান এবং বাহিনীর জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গেও তিনি মতবিনিময় করেন।

কনফারেন্সের শেষ দিন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ মার্কিন আর্মি প্যাসিফিক কমান্ডের কমান্ডিং জেনারেল, জেনারেল চার্লস এ ফ্লিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এছাড়া ইন্দোনেশিয়ার সেনাপ্রধান জেনারেল আন্দিকা পেরকাসা, দক্ষিণ কোরিয়ার সেনাপ্রধান জেনারেল নাম ইয়ং শিন, রয়াল থাই আর্মির অ্যাসিস্ট্যান্ট কমান্ডার ইন চিফ জেনারেল পর্নসাক পুলসাওয়াদ, পাপুয়া নিউগিনির ডিফেন্স ফোর্স কমান্ডার মেজর জেনারেল গিলবার্ট টরোপো, মঙ্গোলিয়ান ল্যান্ড ফোর্স কমান্ডের কমান্ডার মেজর জেনারেল বুজিনভ আমগালানবাটার, সিঙ্গাপুর আর্মির চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল ফ্রেডেরিক চো এবং মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের সার্ভিস কোরের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল হামিদ শাফিকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।

আইএসপিআর বলছে, যুক্তরাষ্ট্রে সেনাবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে সম্মেলনে অংশগ্রহণকারী ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলো এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে বলে আশা করা যায়।

কালের আলো/এএএম/এনএন

নিউইয়র্কে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
নিউইয়র্কে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও হাইতির দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন তারা।

দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয় বৈঠকে।

এ ছাড়া বাণিজ্য, উন্নয়ন ও কূটনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও হাইতির বিদ্যমান সম্পর্ক সম্প্রসারণের নতুন সম্ভাবনা নিয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও সাইডলাইন বৈঠকে অংশ নিচ্ছেন তিনি।

কালের আলো/এমএসআইপি 

রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি, চ্যাম্পিয়ন দুর্গাপুর-গোদাগাড়ী

রাজশাহী সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি, চ্যাম্পিয়ন দুর্গাপুর-গোদাগাড়ী

রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে দুর্গাপুর থানা দল এবং নারী বিভাগে গোদাগাড়ী থানা দল চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজশাহী পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর ফাইনাল, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

চ্যাম্পিয়নশিপে জেলার আটটি পুরুষ দল ও চারটি নারী দল অংশ নেয়। ফাইনালে পুরুষ বিভাগে চারঘাট থানা দলকে হারিয়ে দুর্গাপুর থানা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নারী বিভাগে চারঘাট থানা দলকে পরাজিত করে শিরোপা জিতে নেয় গোদাগাড়ী থানা দল।

‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনাল ঘিরে পুলিশ লাইন্স মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম-সেবা। সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশীদ।

খেলা শেষে প্রধান অতিথি ও অনুষ্ঠানের সভাপতি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. আশিক সাঈদ যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠন ও কিশোর গ্যাং প্রতিরোধে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সমাপনী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কমিউনিটি পুলিশের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএসআইপি 

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লচনা এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারের মাজদিহি এলাকার অমৃত সিংয়ের ছেলে জয় সিং (২৩)। অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল থেকে মিরপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া ‘আলম এশিয়া পরিবহনের’ একটি বাস লচনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাসটি অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাভীদ রাইয়ান বিন শহিদ জানান, রাত ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়েছিল।

শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বলেন, দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়েছে। বাকি দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মরদেহগুলো বর্তমানে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

কালের আলো/আরডি/এমডিএইচ