খুঁজুন
                               
, ,
           

চট্টলায় নতুন অধ্যায়ের সূত্রপাত করলেন সেনাপ্রধান, যুক্ত হলো দু’টি বিশেষায়িত হেলিকপ্টার

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১১ অক্টোবর, ২০২১, ৭:১৬ অপরাহ্ণ
চট্টলায় নতুন অধ্যায়ের সূত্রপাত করলেন সেনাপ্রধান, যুক্ত হলো দু’টি বিশেষায়িত হেলিকপ্টার

বিশেষ সংবাদদাতা, কালের আলো :

দেশের উত্তরে অবস্থিত সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের পর এবার বন্দরনগরী চট্টগ্রামে যাত্রা শুরু করলো ‘আর্মি এভিয়েশন ফরোয়ার্ড বেস’। কৌশলগতভাবে আলাদা গুরুত্ব বহন করা বীর চট্টলার মাটিতে এই ফরোয়ার্ড বেস স্থাপনের মধ্যে দিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো।

যুক্তরাষ্ট্র থেকে কেনা দু’টি বিশেষায়িত বেল ফোর জিরো সেভেন জিএক্সআই হেলিকপ্টার সেখানে সংযোজনের মাধ্যমে সূত্রপাত হলো নতুন এক অধ্যায়ের। পাশাপাশি সক্ষমতা বৃদ্ধিতেও আরও একধাপ এগিয়ে গেলো আর্মি এভিয়েশন গ্রুপ।

উচ্ছ্বাস আর আনন্দমুখরতায় সোমবার (১১ অক্টোবর) সকালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর এলাকায় সুইচ বাটন চেপে এবং লাল ফিতা কেটে আর্মি এভিয়েশন ফরোয়ার্ড বেস ও অত্যাধুনিক বেল ফোর জিরো সেভেন জিএক্সআই হেলিকপ্টারের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ।

এরই মধ্যে দিয়ে ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের স্বাক্ষী হলেন তিন বাহিনীর উর্ধ্বতন সামরিক কর্মকর্তা থেকে শুরু করে চট্টগ্রামের গণমাধ্যমের কর্মীরাও।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নানা কারণেই বৃহত্তর চট্টগ্রামের ভূকৌশলগত গুরুত্ব রয়েছে। তিন পার্বত্য জেলায় সন্ত্রাস দমনের সঙ্গে সঙ্গে দুর্গম অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, সেখানে বসবাসরত জনসাধারণের আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নয়নের লক্ষে নিয়মিতভাবেই বিভিন্ন উন্নয়নমুখী কার্যক্রম পরিচালিত করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।

এই অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা প্রদানেও তাদের রয়েছে অনন্য ভূমিকা। কিন্তু এখানে ছিল না কোন এভিয়েশন বেস এবং বিশেষায়িত হেলিকপ্টার। এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই চট্টগ্রামের পতেঙ্গায় এবার ‘আর্মি এভিয়েশন ফরোয়ার্ড বেস’ স্থাপন করেছেন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন।

একই সূত্র জানায়, ২০৩০ সালের মধ্যে ফোর্সেস গোল অর্জনের অংশ হিসেবেই আধুনিক এই দু’টি হেলিকপ্টার কেনা এবং ফরোয়ার্ড এভিয়েশন বেস স্থাপন করা হয়েছে। এর আগে গত বছরের ৩ মার্চ দেশের প্রত্যন্ত অঞ্চলে সেনা সদস্যেদের সহায়তা প্রদানে লালমনিরহাট আর্মি এভিয়েশন ফরোয়ার্ড বেস’র পথচলা শুরু হয়।লালমনিরহাট সেনানিবাসে উদ্বোধন করা হয় আর্মি এভিয়েশন স্কুলের নবনির্মিত হ্যাঙ্গার কমপ্লেক্স।

নবীন বৈমানিকদের প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা
চট্টগ্রামে আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও আর্মি এভিয়েশন’র আধুনিকায়নের কাজ এগিয়ে চলেছে। এরই ধারাবাহিকতায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করা হয়েছে দু’টি অত্যাধুনিক বেল ফোর জিরো সেভেন জিএক্সআই হেলিকপ্টার।

এ দু’টি হেলিকপ্টার নবীন বৈমানিকদের প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে আকাশ থেকে ভূমিতে অনুসন্ধান, পর্যবেক্ষণেও কাজ করবে।’

দেশের দক্ষিণাচল, সেন্টমার্টিন দ্বীপসহ পার্বত্য অঞ্চলের গুরুত্বের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘দুর্যোগ মোকাবেলা, চিকিৎসা সহায়তা, আভিযানিক ও প্রশাসনিক কাজ, পার্বত্য অঞ্চলে রসদ সরবরাহসহ গুরুত্বপূর্ণ কাজ এখন থেকে চট্টগ্রাম আর্মি এভিয়েশন বেস থেকে পরিচালনা করা সম্ভব হবে।’

প্রধানমন্ত্রী’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা
সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘সোনার বাংলা’ গড়ে তোলার পাশাপাশি একটি আধুনিক ও যুগোপযুগী সেনাবাহিনী গঠনের স্বপ্ন দেখেছিলেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সুযোগ্য ও গতিশীল নেতৃত্ব এবং আন্তরিকতায় জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন।’

প্রধানমন্ত্রী’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক উদ্যোগের কারণেই চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আর্মি এভিয়েশন ফরওয়ার্ড বেস নির্মান এবং অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন দু’টি বেল ফোর জিরো সেভেন জিএক্সআই হেলিকপ্টার আর্মি এভিয়েশন গ্রুপের বহরে অন্তর্ভূক্তি সম্ভব হয়েছে।’

বিমান অপারেশন খরচও উল্লেখযোগ্যহারে কমবে
আর্মি এভিয়েশনের গ্রুপ কমান্ডার মেজর জেনারেল আলমগীর হোসেন বলেন, ‘এতোদিন তেজগাঁও বিমানবন্দর থেকে ১০ পদাতিক ডিভিশন এবং পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় জরুরি সহায়তা পৌঁছানো আর্মি এভিয়েশনের জন্য একটি সময় সাধ্য বিষয় ছিল।

কিন্তু চট্টগ্রামে ‘আর্মি এভিয়েশন ফরোয়ার্ড বেস’ স্থাপনের মাধ্যমে একদিকে যেমন আমাদের সময় কমে আসবে তেমিন বিমান অপারেশন খরচও উল্লেখযোগ্যহারে কমে আসবে।’

সময়ের সঙ্গে তাল মিলিয়েই এগোচ্ছে আর্মি এভিয়েশন
সরকারপ্রধান শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নের মাধ্যমে যুযোপযোগী সামরিক সক্ষমতা অর্জন করছে বাংলাদেশ সেনাবাহিনী, বেশ গুরুত্বের সঙ্গেই এই কথা বলে আসছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আর্মি এভিয়েশন গ্রুপ বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য সেনাবাহিনীর আভিযানিক কার্যক্রমে প্রত্যক্ষভাবে বিমান সহায়তা প্রদান করা। ফলশ্রুতিতে আধুনিক সেনাবাহিনীর সঙ্গে মিল রেখে আর্মি এভিয়েশনে সংযোজিত হচ্ছে আধুনিক হেলিকপ্টার ও সামরিক বিমান।

এদিন দু’টি বেল ৪৭০ জিএক্সআই হেলিকপ্টার সংযোজনের আগে ২০১৯ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর বিমান বহরে সংযোজিত হয় ৪ টি ডায়মন্ড ডিএ৪০এনজি প্রশিক্ষণ বিমান।

এছাড়া আর্মি এভিয়েশন গ্রুপের বিমান বহরে রয়েছে সেসনা-১৫২ এ্যারোব্যাট, সেসনা গ্রান্ড ক্যারাভান সিই-২০৮বি বিমান, বেল-২০৬ এল ৪ হেলিকপ্টার, ইউরোকপ্টার ডফিন এএস ৩৬৫ এন৩+, এমআই ১৭১ এস এইচ হেলিকপ্টার এবং কাসা সি-২৯৫ ডব্লিউ বিমান।

কালের আলো/জিকেএম/এমএএএমকে

গর্ভবতী হওয়ায় ‘ইন্ডিয়ান আইডল’ থেকে বাদ, ক্ষোভের কথা জানালেন মিনি মাথুর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
গর্ভবতী হওয়ায় ‘ইন্ডিয়ান আইডল’ থেকে বাদ, ক্ষোভের কথা জানালেন মিনি মাথুর

দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করায় ‘ইন্ডিয়ান আইডল’-এর পঞ্চম মৌসুমের সঞ্চালকের দায়িত্ব হারিয়েছিলেন বলে জানিয়েছেন ভারতের জনপ্রিয় টেলিভিশন সঞ্চালক ও অভিনেত্রী মিনি মাথুর। ঘটনাটি তাঁকে ভীষণ হতাশ করেছিল বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি ‘হটারফ্রাই’-এর ‘দ্য মেল ফেমিনিস্ট’ অনুষ্ঠানে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেন মিনি। সেখানেই তিনি জানান, ‘ইন্ডিয়ান আইডল’-এর চতুর্থ মৌসুম শেষ হওয়ার পর দ্বিতীয় সন্তান সাইরাহর মা হতে যাচ্ছেন বলে জানতে পারেন তিনি।

পঞ্চম মৌসুমের প্রস্তুতির সময় আয়োজকদের নিজের গর্ভাবস্থার কথা জানান মিনি। তাঁর ধারণা ছিল, অডিশন পর্বে স্বাভাবিকভাবেই কাজ করতে পারবেন। তবে অনুষ্ঠানের ফাইনালের সময় গর্ভাবস্থা স্পষ্ট হয়ে উঠবে—এ বিষয়টিও তিনি আগেই প্রযোজনা দলকে জানিয়েছিলেন।

কিন্তু শেষ পর্যন্ত তাঁকে জানানো হয়, পঞ্চম মৌসুমে আর সঞ্চালকের দায়িত্ব দেওয়া হবে না। কারণ হিসেবে তাঁকে বলা হয়েছিল, “ভারতীয় দর্শক একজন গর্ভবতী সঞ্চালককে মেনে নিতে পারবেন না।”

বিষয়টি মেনে নিতে পারেননি মিনি। তিনি জানান, সিদ্ধান্তটি তাঁকে খুব হতাশ করেছিল। তাঁর মনে হয়েছিল, সময়ের সঙ্গে দর্শকদের মানসিকতা যে বদলেছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা সেটি বুঝতে পারেননি।

পরে ‘ইন্ডিয়ান আইডল’-এর ষষ্ঠ মৌসুমে তাঁকে আবার ফেরার প্রস্তাব দেওয়া হয়। তবে তত দিনে তাঁর আগ্রহ কমে গিয়েছিল। তাই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি।

‘টল মল কে বোল’ অনুষ্ঠানের মাধ্যমে টেলিভিশনে যাত্রা শুরু করেন মিনি মাথুর। পরে এমটিভির ভিডিও জকি হিসেবে কাজ করেন। ‘ইন্ডিয়ান আইডল’-এর সঞ্চালক হিসেবে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। টেলিভিশনের পাশাপাশি ওয়েব সিরিজ ও সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। ‘মাইন্ড দ্য মালহোত্রাস’ তাঁর উল্লেখযোগ্য কাজগুলোর একটি।

পরিচালক ও চিত্রনাট্যকার কবির খান-এর সঙ্গে মিনির দাম্পত্যের বয়স ২৮ বছর। তাঁদের পরিচয়ও হয়েছিল কাজের সূত্রে।

একটি অনুষ্ঠানের শুটিংয়ে প্রথম দেখা হয় তাঁদের। তখন মিনি ছিলেন উপস্থাপক, আর কবির ছিলেন ফ্রিল্যান্স ক্যামেরাপারসন। পরে অনুষ্ঠানটির কাজে ভারতের বিভিন্ন জায়গায় একসঙ্গে ভ্রমণ করতে গিয়ে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।

কালের আলো/এসএ

শিক্ষা ক্যাডারের ৭ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৩:৫৮ অপরাহ্ণ
শিক্ষা ক্যাডারের ৭ কর্মকর্তাকে বদলি

শিক্ষা ক্যাডারের সাত কর্মকর্তাকে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে দুজন সহকারী অধ্যাপক এবং পাঁচজন প্রভাষক রয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নিয়মিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে সহকারী অধ্যাপক মল্লিকা রানী সরকারকে ঢাকা কলেজে পদার্থবিদ্যা বিভাগে এবং সহকারী অধ্যাপক মো. রেজাউল করিমকে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে রসায়ন বিভাগে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া প্রভাষক নাজিম উদ্দিন আহমেদকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল সরকারি ডিগ্রি কলেজে ভূগোল বিভাগে, মোছা. সালমা আক্তারকে সরকারি আজিজুল হক কলেজ বগুড়ায় দর্শন বিভাগে, ওসমান গণীকে শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুজিবনগর, মেহেরপুরে সমাজকর্ম বিভাগে; চয়ন চন্দ্র সরকারকে মুরারিচাঁদ সরকারি কলেজ, সিলেটে পদার্থবিজ্ঞান বিভাগে এবং মো. জালাজ উদ্দিনকে নরসিংদী সরকারি কলেজে সমাজবিজ্ঞান বিভাগে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৪ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায় ওই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন। তাদের আবশ্যিকভাবে নিজ নিজ পিডিএস-এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

কালের আলো/আরডি/এমডিএইচ

অস্ট্রেলিয়া দলে বাদ, কাউন্টিতে নতুন ঠিকানা জেক ওয়েদারাল্ডের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৩:৫৮ অপরাহ্ণ
অস্ট্রেলিয়া দলে বাদ, কাউন্টিতে নতুন ঠিকানা জেক ওয়েদারাল্ডের

বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে ব্যর্থ হয়ে অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়ার পর নতুন সুযোগ পেলেন জেক ওয়েদারাল্ড। আগামী মৌসুমে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে ওয়ারউইকশায়ারের হয়ে খেলবেন এই বাঁহাতি ওপেনার।

আগামী বছর ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজের আগে কাউন্টি ক্রিকেটে নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন ৩১ বছর বয়সী ওয়েদারাল্ড। অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফেরার পথ কঠিন হলেও এই চুক্তিকে তাঁর জন্য গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

গত অ্যাশেজে টেস্ট অভিষেক হয় ওয়েদারাল্ডের। প্রায় এক দশক প্রথম শ্রেণির ক্রিকেট খেলার পর জাতীয় দলে সুযোগ পেলেও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি তিনি। সিরিজের ১০ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র একটি ফিফটি।

এরপর বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে দুই ইনিংসে করেন ২৩ ও ০ রান। ব্যর্থতার পর ম্যাকাই টেস্টের অস্ট্রেলিয়া স্কোয়াড থেকে বাদ পড়েন তিনি।

তবে কাউন্টি ক্রিকেটে এরই মধ্যে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ওয়েদারাল্ড। চলতি মৌসুমের শুরুতে লেস্টারশায়ারের হয়ে ৯ ইনিংসে ৬০.৩৭ গড়ে করেছেন ৪৩৭ রান।

ওয়ারউইকশায়ারে যোগ দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ওয়েদারাল্ড। তিনি বলেন, “২০২৭ মৌসুমের জন্য ওয়ারউইকশায়ারের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা মাঠ এজবাস্টন এবং এমন একটি মর্যাদাপূর্ণ কাউন্টি দলের প্রতিনিধিত্ব করার সুযোগ আমি হাতছাড়া করতে পারতাম না।”

কাউন্টি চ্যাম্পিয়নশিপে ভালো পারফরম্যান্স করে আগামী বছরের অ্যাশেজের আগে অস্ট্রেলিয়া দলে ফেরার দাবি জোরালো করাই এখন ওয়েদারাল্ডের লক্ষ্য।

কালের আলো/এসএ