খুঁজুন
                               
, ,
           

সমুজ্জ্বল ৪ টি ইউনিটের পতাকা, সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকতে নির্দেশ সেনাপ্রধানের

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩, ৮:৫০ অপরাহ্ণ
সমুজ্জ্বল ৪ টি ইউনিটের পতাকা, সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকতে নির্দেশ সেনাপ্রধানের

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

২০১৪ সালের পহেলা জুলাই কুমিল্লা সেনানিবাসে প্রতিষ্ঠিত ১৮ ফিল্ড রেজিমেন্ট বা ভিগোরাস এইটিন। ৪ টি আর্টিলারি কোর্স সম্পন্ন, ২০১৮ সালে নির্বাচনী দায়িত্ব, ২০১৯-২০ সালে মৌলভীবাজারে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন, ২০২০-২১ সালে অপারেশন কোভিড শিল্ড এবং ২০২২ সালে সুনামগঞ্জ’র দোয়ারা বাজারে বন্যাকালীন দায়িত্ব পালন করে সফলতা দেখিয়েছে এই রেজিমেন্ট।

২১ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন বা গ্লোরিয়াস স্যাপার্স’র কথাও ধরা যাক। ২০১৪ সালের পহেলা জুলাই সিলেট সেনানিবাসে প্রতিষ্ঠিত এই ইউনিট ১৭ পদাতিক ডিভিশন গঠনের প্রধান কারিগরও। চলতি বছর তুরস্ক-সিরিয়া সীমান্তে ভয়াবহ ভূমিকম্প পরবর্তী উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ করে কুড়িয়েছে সুনাম। একইভাবে রামু সেনানিবাসে গোড়াপত্তন হওয়া ৩৭ বীর বা অগ্রণী সাইত্রিশ এবং ৩৮ বীর বা রণজয়ী আটত্রিশ মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের ত্রাণ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে।

এভাবেই দেশ ও দেশের গণ্ডি ছাপিয়ে দক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। দায়িত্ব যথাযথ পালনে বিশেষ অবদান, প্রশিক্ষণ ও অপারেশন কর্মকাণ্ডে সাফল্যের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর এই চারটি ইউনিট বা রেজিমেন্টকে রেজিমেন্টাল কালার প্রদান করা হয়েছে। মঙ্গলবার (০৩ অক্টোবর) চট্টগ্রাম সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে এসব ইউনিটকে কালার প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ। চৌকস ব্যান্ড দলের বাজনার তালে প্যারেড গ্রাউন্ড রাখা কালো মোড়কে ঢাকা চারটি পতাকা উন্মুক্ত করে চার ইউনিট প্রধানের হাতে তুলে দেন তিনি।

এ সময় সেনাপ্রধান বলেন, ‘আজকের এই কালারপ্রাপ্তি এই ইউনিটসমূহের জন্য অনুপ্রেরণার বিষয় হয়ে থাকবে। তাঁরা ভবিষ্যতে এখনকার চেয়ে আরও সুন্দর, দক্ষতা ও পেশাদারিত্ব’র সঙ্গে দায়িত্ব পালন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

জানা যায়, বিভিন্ন যুদ্ধের সময় দলনেতা বা অধিনায়কের অবস্থান নিশ্চিত করার জন্য বিভিন্ন দল বা ইউনিটের রেজিমেন্টাল কালার বা পতাকা বহন করার রেওয়াজ রয়েছে। এটি একটি রেজিমেন্টের শৌর্যবীর্য, তেজোদীপ্ততা ও কর্মশক্তির প্রতীকও বটে! সেই ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে গৌরবের সঙ্গে দায়িত্ব পালন করা বিভিন্ন ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান করে আসছে দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনী। প্রশিক্ষণের পাশাপাশি অপারেশনাল কার্যক্রমে গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য এবার চারটি ইউনিটকে দেওয়া পতাকা আগামীতেও পেশাগত কাজের মাধ্যমে সমুজ্জ্বল থাকবে বলেও আশা প্রকাশ করেছেন সেনাপ্রধান।

এর আগে সেনাপ্রধান জেনারেল ড.এসএম শফিউদ্দিন আহমেদ ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের এমআর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল আহম্মেদ তাবরেজ শামস চৌধুরী এবং ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক তাকে অভ্যর্থনা জানান। এ সময় ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি’র অধিনায়কের নেতৃত্বে একটি চৌকস দল কুচকাওয়াজ প্রদর্শন এবং সেনাপ্রধানকে সালাম প্রদান করেন।

প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় সেনাবাহিনীর আধুনিকায়ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়ন হচ্ছে বলে মন্তব্য করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই যিনি বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে আমাদের ‘ফোর্সেস গোল-২০৩০’ অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা, দিকনির্দেশনা এবং পৃষ্ঠপোষকতা সার্বক্ষণিকভাবে করে যাচ্ছেন।’

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ শীর্ষস্থান দখল করে আছে এবং সেটি অক্ষুন্ন রাখার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, ‘জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ এখন এক নম্বরে অবস্থান করছে। এটা অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয় আমাদের জন্য। এই অর্জন একদিনে হয়নি। আমরা অনেক পরিশ্রম ও ত্যাগ শিকার করেছি।’

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সর্বদা প্রস্তুত থাকতে সেনা সদস্যদের নির্দেশ দেন সেনাপ্রধান। তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে সব সময়, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কাজ হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। এর পাশাপাশি আমরা শান্তিকালীন সময়েও ‘ইন এইড টু সিভিল পাওয়ারে অনেক দায়িত্ব পালন করে থাকি।’ সেনাপ্রধান সকলকে ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পরিক বিশ্বাস, সহমর্মিতা এবং ভাতৃত্ববোধ বজায় রেখে প্রশিক্ষণের মাধ্যমে সুশৃঙ্খল, দক্ষ ও যোগ্য সেনাসদস্য হিসেবে গড়ে উঠার নির্দেশনা প্রদান করেন।

এছাড়া একই দিনে সেনাপ্রধান চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় তিনি বলেন, ‘দেশের চিকিৎসা ব্যবস্থার যুগান্তকারী উন্নয়নের লক্ষ্যে ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫টি আর্মি মেডিকেল কলেজ এবং ৬টি সরকারি মেডিকেল কলেজের কার্যক্রম একযোগে শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো।’

কালের আলো/এমএএএমকে

এল নিনোর প্রভাবে পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪১ অপরাহ্ণ
এল নিনোর প্রভাবে পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মৃত্যুর আশঙ্কা

চলতি বছরের শক্তিশালী এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে রেকর্ড দাবদাহ, তীব্র খরা, দাবানল ও পানির সংকট দেখা দিয়েছে।

এর প্রভাবে আগামী পাঁচ মাসে বিশ্বজুড়ে অতিরিক্ত প্রায় সাড়ে চার লাখ মানুষের প্রাণহানি ঘটতে পারে। খবর এপির।

বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এই আশঙ্কার কথা জানানো হয়েছে।

ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের এই ভয়াবহ পূর্বাভাসে বলা হয়েছে, অন্যান্য স্বাভাবিক বছরের তুলনায় এ বছরের জুন থেকে আগামী বছরের ফেব্রুয়ারির শেষ পর্যন্ত এল নিনোর প্রভাবে অতিরিক্ত ৪ লাখ ৫১ হাজার মানুষের তাপমাত্রাজনিত মৃত্যু হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি প্রাণহানির ঝুঁকি রয়েছে দরিদ্র দেশগুলোতে, যেসব দেশ ইতোমধ্যে জলবায়ু পরিবর্তন ও ইরান যুদ্ধের প্রভাবে খাদ্যসংকট এবং জ্বালানির অতিরিক্ত মূল্যের সঙ্গে লড়াই করছে।

গবেষণার সহ-লেখক ও ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের সহ-প্রতিষ্ঠাতা মাইকেল গ্রিনস্টোন বলেন, ফেব্রুয়ারি নাগাদ এই এল নিনোর প্রভাব শেষ হওয়ার কথা থাকলেও গরমের ঝুঁকি ফেব্রুয়ারির পরও থাকতে পারে।

আবহাওয়ার এই চরম পরিবর্তনের প্রভাব আগামী বছরের গ্রীষ্মকাল পর্যন্ত অনুভূত হতে পারে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, এই গবেষণা স্পষ্ট করে, অতিরিক্ত তাপমাত্রা বিশেষ করে সেসব স্থানে বেশি বিপজ্জনক, যেগুলো আগে থেকেই তুলনামূলক উষ্ণ ও দরিদ্র।

গ্রিনস্টোন বলেন, “আপনি যদি আগে থেকেই কোনো তপ্ত অঞ্চলে থাকেন, তাহলে তাপমাত্রা আর কয়েক ডিগ্রি বাড়া মানেই তা জীবনের জন্য বহু গুণ বেশি বিপজ্জনক হয়ে ওঠা।”

তিনি বলেন, ধনী দেশগুলোতে সাধারণত শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি), নির্ভরযোগ্য পানি সরবরাহ ও উন্নত স্বাস্থ্যসেবার সুযোগ বেশি থাকে।

গবেষণায় বিশ্বজুড়ে ২৪ হাজারের বেশি অঞ্চলের স্থানীয় তাপমাত্রার প্রাক্কলন এবং তা মানুষের মৃত্যুতে কী ধরনের প্রভাব ফেলে, সেই তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

গবেষকরা গত তিন দশকের গড় তাপমাত্রার মৃত্যুর হারের সঙ্গে চলতি ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ফেব্রুয়ারির শেষ পর্যন্ত পুরো এল নিনো সময়ের সম্ভাব্য মৃত্যুর হারের তুলনা করে এই অতিরিক্ত প্রাণহানির হিসাব বের করেছেন।

গ্রিনস্টোন ও তার সহকর্মীদের গবেষণায় সতর্ক করা হয়েছে, জলবায়ুর এই অতিরিক্ত গরমের সবচেয়ে বড় ধকল যাবে গ্লোবাল সাউথের উন্নয়নশীল দেশগুলোর ওপর।

প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকার সাহারা মরুভূমির দক্ষিণ প্রান্তের শুষ্ক ‘সাহেল অঞ্চল’ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সেখানে এল নিনোর কারণে সৃষ্ট গরমে অতিরিক্ত প্রায় ৬৬ হাজার ৮০০ মানুষের প্রাণহানি ঘটতে পারে।

এ ছাড়া দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং লাতিন আমেরিকার বিভিন্ন অঞ্চলকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। গবেষকরা বলেছেন, ফিলিপাইন, ভিয়েতনাম, থাইল্যান্ড ও কম্বোডিয়া মিলিয়ে প্রায় ১৯ হাজার ৪০০ জন; ইন্দোনেশিয়ায় ১৯ হাজার ৩০০, ভারতে ১৫ হাজার ৮০০ এবং ব্রাজিলে ১৩ হাজার ৩০০ জন মানুষের অতিরিক্ত মৃত্যু হতে পারে।

এত বড় ধরনের প্রাণহানির আশঙ্কার বিপরীতে বিশ্বের বিভিন্ন দেশের সরকারের জন্য কিছু পদক্ষেপের কথা সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।

এর মধ্যে রয়েছে, দাবদাহের আগাম সতর্কবার্তা ব্যবস্থা, শীতলীকরণ কেন্দ্র, বিনামূল্যে খাবার পানির বুথ স্থাপন, উন্মুক্ত স্থানে কর্মরত শ্রমিকদের সুরক্ষা, হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি এবং বয়স্ক ও স্বাস্থ্যঝুঁকিতে থাকা মানুষদের বাড়তি নজরদারির আওতায় আনা।

পাশাপাশি, তাপমাত্রা চরম আকার ধারণ করার আগেই যেন সরকারগুলো জরুরি অর্থ ছাড় ও সম্পদ তৈরি রাখতে পারে, সে জন্য ‘পূর্বাভাসভিত্তিক অর্থায়নের’ আহ্বান জানিয়েছেন গবেষকরা।

এই গবেষণার বাইরে থাকা ভারতভিত্তিক জলবায়ু বিশেষজ্ঞ অভিযন্ত তিওয়ারি বলেছেন, প্রতিবেদনটি আতঙ্ক ছড়ানোর জন্য নয়, বরং দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ হিসেবে দেখা উচিত।

তিনি বলেন, ভারতের মতো দেশগুলোর সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা এক জিনিস, আর তা মাঠপর্যায়ে বাস্তবায়ন ও প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করা সম্পূর্ণ অন্য চ্যালেঞ্জ।

এল নিনো মূলত একটি প্রাকৃতিক জলবায়ু চক্র। তবে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে ইতোমধ্যে উত্তপ্ত হয়ে থাকা এই পৃথিবীতে চলতি বছরের অস্বাভাবিক শক্তিশালী এল নিনো যুক্ত হয়ে চরম তাপমাত্রার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাব বলেছে, এল নিনোর সময়ে বিশ্বের স্থলভাগের তাপমাত্রা সাধারণ বছরের চেয়ে প্রায় ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে, যা স্বাভাবিক বছরের তুলনায় ৪৪ শতাংশ বেশি চরম তাপদাহের দিন তৈরি করবে।

সংস্থাটি বলেছে, এ বছরের তাপমাত্রা বৃদ্ধির চিত্রে বোঝা যাচ্ছে, আজ থেকে প্রায় ২০ বছর পর জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৃথিবীর স্বাভাবিক আবহাওয়া কেমন হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, সে কারণেই পৃথিবী আরও উত্তপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে ভবিষ্যতে কী ঘটতে যাচ্ছে, এই এল নিনো তারই একটি আগাম বার্তা দিচ্ছে।

একই সঙ্গে নীতি-নির্ধারকদের জন্য এটি একটি সুযোগ, “ঠিক কোন কোন জায়গায় এখনই জরুরি পদক্ষেপ নিয়ে হাজার হাজার মানুষের জীবন বাঁচানো সম্ভব, তা চিহ্নিত করা।”

কালের আলো/আরডি/এমডিএইচ

টহল-অভিযানেও বেপরোয়া ছিনতাই,  রাজধানীতে সক্রিয় সহস্রাধিক

কালের আলো রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৬ অপরাহ্ণ
টহল-অভিযানেও বেপরোয়া ছিনতাই,  রাজধানীতে সক্রিয় সহস্রাধিক

সন্ধ্যা নামার পর রাজধানীর ব্যস্ত সড়কগুলোতেই যেন বদলে যায় অপরাধের মানচিত্র। আলো-আঁধারির সুযোগ নিয়ে গুরুত্বপূর্ণ মোড়, নির্জন সড়ক কিংবা ব্যস্ত এলাকার আশপাশে ওত পেতে থাকে ছিনতাইকারীরা। সুযোগ পেলেই মোটরসাইকেল কিংবা প্রাইভেট কারে এসে পথচারীকে টার্গেট করে মুহূর্তেই কেড়ে নেয় মোবাইল ফোন, টাকা ও মূল্যবান সামগ্রী। বাধা এলেই ব্যবহার করছে চাপাতি, ছুরি, ক্ষুর, ব্লেড কিংবা আগ্নেয়াস্ত্র। সামান্য একটি ছিনতাই তাই পরিণত হচ্ছে প্রাণঘাতী হামলায়।

  • সন্ধ্যা নামলেই আতঙ্কের ছায়ায় ছিনতাইকারীদের দাপট 
  • মোবাইল-টাকার সঙ্গে যাচ্ছে প্রাণও
  • সাত মাসে সারা দেশে ছিনতাই-দস্যুতা ও ডাকাতির ১ হাজার ২৮৬ মামলা

সংখ্যায়ও স্পষ্ট উদ্বেগ

পুলিশ সদর দপ্তরের মাসিক অপরাধ পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে সারা দেশে ছিনতাই বা দস্যুতা ও ডাকাতির ঘটনায় ১ হাজার ২৮৬টি মামলা হয়েছে। এর মধ্যে ছিনতাই বা দস্যুতার মামলা ১ হাজার ৬৮টি এবং ডাকাতির মামলা ৩১৮টি।রাজধানীর চিত্রও স্বস্তিদায়ক নয়। ডিএমপি সদর দপ্তরের হিসাবে, একই সময়ে ঢাকার বিভিন্ন থানায় ছিনতাই ও ডাকাতির ঘটনায় মামলা হয়েছে ২০০টি। এর মধ্যে ডাকাতির মামলা ২২টি এবং ছিনতাই বা দস্যুতার মামলা ১৭৮টি। দীর্ঘমেয়াদি পরিসংখ্যানেও ছিনতাইয়ের ধারাবাহিক উপস্থিতি দেখা যায়। ২০২৩ সাল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত তিন বছর সাত মাসে রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাই ও দস্যুতার অভিযোগে ১ হাজার ৭৪৩টি মামলা হয়েছে। এর মধ্যে ২০২৫ সালে ৫২৩টি মামলা হয়ে সংখ্যাটি সর্বোচ্চ ছিল। ২০২৪ সালে মামলা হয় ৩৯৫টি।

রাজধানীতে সহস্রাধিক সক্রিয়

পুলিশের হালনাগাদ তথ্য অনুযায়ী, রাজধানীর আটটি ক্রাইম জোনেই সক্রিয় ছিনতাইকারীর উপস্থিতি রয়েছে। মিরপুর ও তেজগাঁও বিভাগে পাঁচ শতাধিক, মতিঝিল ও ওয়ারী বিভাগে ৩১৩ জন, রমনা ও লালবাগ বিভাগে ২৮৭ জন এবং উত্তরা ও গুলশান বিভাগে ৪৭৩ জন ছিনতাইকারী সক্রিয় রয়েছে বলে পুলিশের কাছে তথ্য আছে। সব মিলিয়ে রাজধানীতে এক হাজারের বেশি ছিনতাইকারী সক্রিয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, এদের বড় একটি অংশ মাদকাসক্ত। মাদকের অর্থ জোগাড়, সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গে যোগাযোগ এবং দ্রুত পালিয়ে যাওয়ার সক্ষমতা—সব মিলিয়ে ছিনতাইয়ের ধরনও হয়ে উঠছে আগের চেয়ে বেশি সহিংস।

ছিনতাই থেকে হত্যাকাণ্ড

সাম্প্রতিক কয়েকটি ঘটনা পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট করেছে। গত ২৯ আগস্ট ভোরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা-সংলগ্ন এলাকায় রিকশায় থাকা শিক্ষিকা রনজিলা পারভিনকে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা হ্যাঁচকা টান দিলে তিনি রিকশা থেকে পড়ে নিহত হন। একই দিন পুরান ঢাকার কদমতলীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন জনি (৩৫)। ৯ সেপ্টেম্বর পল্লবীর এ ব্লক এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন সজীব নামে এক ব্যক্তি। এর আগে ২৬ জুলাই মোহাম্মদপুরের রায়েরবাজারে ছিনতাইকারীদের হামলায় প্রাণ হারান ফজলে রাব্বি নামের এক যুবক। অর্থাৎ ছিনতাই এখন আর কেবল অর্থ বা মালামাল হারানোর ঘটনা নয়; প্রতিরোধ কিংবা সামান্য বাধাও অনেক ক্ষেত্রে ডেকে আনছে প্রাণঘাতী পরিণতি।

বড় অঙ্কের টাকাও নিরাপদ নয়

ছিনতাইকারীদের লক্ষ্য শুধু পথচারী নয়, বড় অঙ্কের অর্থ বহনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানও। সম্প্রতি উত্তরা বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে ডিএল পেট্রল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা লুট করে দুর্বৃত্তরা। পালানোর সময় পাম্পের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করা হয়।মতিঝিলেও এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে বৈদেশিক মুদ্রাসহ ১৭ হাজার ডলার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গত ১ মে রাতে মালিবাগ রেলগেটের ইবনে সিনা হাসপাতালের সামনে তিন পোশাকশ্রমিক—করিমন, নবী ও রিফাত—ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।

বাড়ছে টহল, কাটছে না আতঙ্ক

ছিনতাই নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। আটটি ক্রাইম জোনের ওসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন ডিএমপি কমিশনার। অপরাধপ্রবণ এলাকায় টহল বাড়ানোর পাশাপাশি সিটিটিসি, ডিবি ও ক্রাইম বিভাগের সমন্বয়ে ২৪ ঘণ্টা নজরদারি ও অভিযান চালানোর কথা জানিয়েছেন তিনি।

ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলামও বলেছেন, ডাকাতি-ছিনতাইসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা পুলিশ তৎপর রয়েছে।তবে মাঠের বাস্তবতা বলছে, অভিযান ও টহলের পাশাপাশি ছিনতাইকারীদের পুনরায় অপরাধে ফিরে আসা ঠেকানোও বড় চ্যালেঞ্জ। মাদক, সংঘবদ্ধ অপরাধচক্র, ঝুঁকিপূর্ণ এলাকা এবং দ্রুত পালিয়ে যাওয়ার সুযোগ—এসব কারণ চিহ্নিত করে সমন্বিতভাবে ব্যবস্থা না নিলে শুধু অভিযান দিয়ে পরিস্থিতি কতটা বদলানো যাবে, সেটিই এখন বড় প্রশ্ন।

রাজধানীবাসীর কাছে তাই সন্ধ্যার পরের শহর ক্রমেই হয়ে উঠছে অনিশ্চয়তার জায়গা। রাস্তা ব্যস্ত থাকলেও নিরাপত্তার নিশ্চয়তা মিলছে না—আর সেই ফাঁকেই ছিনতাইকারীরা খুঁজে নিচ্ছে তাদের পরবর্তী ‘শিকার’।

কালের আলো/এসআর/এএএন

হাসিনার দেশত্যাগ নিয়ে কলকাতায় টেলিছবি, প্রদর্শনী ২৬ সেপ্টেম্বর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩২ অপরাহ্ণ
হাসিনার দেশত্যাগ নিয়ে কলকাতায় টেলিছবি, প্রদর্শনী ২৬ সেপ্টেম্বর

এবার বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছবি নির্মাণ করেছেন তার অনুসারী প্রবাসীরা।

তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ শেখ হাসিনার দল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে কলকাতা ও নয়াদিল্লিতে এই টেলিছবি প্রদর্শীত হবে।

ছয় দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা। তার অংশ হিসেবে টেলিছবি ‘আমি শেখ মুজিবের মেয়ে’-র উদ্বোধন হবে কলকাতায়।

আগামী ২৬ সেপ্টেম্বর, শনিবার সল্টলেকে উন্নয়ন ভবনে সন্ধ্যায় মিনিট পঞ্চাশের ছবিটি দেখানো হবে।

গত এক বছর ধরে কলকাতায় ওই ছবির শুটিং হয়েছে। ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সহিদ রাহমান।

তিনি বলেন, ‘এটা কোনও রাজনৈতিক ছবি নয়। কেন ও কোন পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হল, তা তুলে ধরা হয়েছে।’

বুধবার (২৩ সেপ্টেম্বর) সল্টলেকে এক সাংবাদিক সম্মেলনে আমেরিকা, কানাডা, গ্রিস, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের আওয়ামী লীগপন্থি প্রবাসী বাংলাদেশিরা ছিলেন।

তারা জানিয়েছেন, তারা যেসব দেশে থাকেন, সেখানের প্রশাসন ও বিভিন্ন রাষ্ট্রদূতদের কাছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরছেন।

অস্ট্রেলিয়া আওয়ামী লীগের প্রতিনিধি মোল্লা হক বলেন, অস্ট্রেলিয়ার তিনজন মন্ত্রী এবং একজন সিনেটরের সঙ্গে আমি নিজে যোগাযোগ করে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরেছি।

কানাডার আওয়ামী লীগের সভাপতি সারওয়ার হোসেন বলেন, শেখ হাসিনার সঙ্গে ডিসেম্বরে আমরাও বাংলাদেশে ফিরব। কেউ আটকাতে পারবে না।

কালের আলো/আরডি/এমডিএইচ