খুঁজুন
                               
, ,
           

সম্পর্ক পুনরুদ্ধারের মিশনে আসছেন ডোনাল্ড লু

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৩ মে, ২০২৪, ১১:৪২ অপরাহ্ণ
সম্পর্ক পুনরুদ্ধারের মিশনে আসছেন ডোনাল্ড লু

কালের আলো রিপোর্ট :

দুই দিনের সফরে আজ মঙ্গলবার (১৪ মে) ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও তিনি ঢাকায় এসেছিলেন। নতুন করে তার ঢাকা আগমনের পেছনে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক জোরদার ও ভবিষ্যত নিয়ে আলোচনা করবেন বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। ঢাকা সফরকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তার মূল আলোচনা হবে। পররাষ্ট্রমন্ত্রী ড.হাছান মাহমুদ ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের এক নৈশভোজে অংশগ্রহণ করবেন তিনি বলে জানিয়েছে একাধিক সূত্র।

  • জোরদার হবে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক
  • আলোচনা হবে র‌্যাবের নিষেধাজ্ঞা ও ভিসানীতি নিয়ে
  • উচ্ছ্বাস দেখাচ্ছে না বিএনপি

চলতি বছরের জানুয়ারি মাসে নতুন সরকার গঠিত হওয়ার পর মার্কিন সরকারের কয়েকজন সরকারি কর্মকর্তা ঢাকা সফর করেছেন। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ সহকারী ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়া সংক্রান্ত জ্যেষ্ঠ পরিচালক এইলিন লুবাখার ঢাকা সফর করেন। যুক্তরাষ্ট্রের ইউএসএআইডির সহকারী প্রশাসক মাইকেল শিফার তার সফরসঙ্গী হিসেবে ঢাকায় আসেন। এছাড়া এপ্রিলে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া-বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন টিকফা বৈঠকের জন্য ঢাকা সফর করেন। মার্কিন কর্মকর্তাদের আলোচনার বিষয়বস্তু ছিল—জলবায়ু পরিবর্তন, শ্রম অধিকার, বাণিজ্য ও বিনিয়োগসহ অন্যান্য বিষয়।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সহযোগিতার বিষয়ে যুক্তরাষ্ট্র আগ্রহী। তারা ইতোমধ্যে আমাদের জানিয়েছে—তাদের ঢাকা দূতাবাসে জলবায়ু ফোকাল পয়েন্ট কর্মকর্তা পাঠাতে চায়। বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। কারণ বিষয়টি নিয়ে বাংলাদেশের আগ্রহ রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আগামী মাসগুলোতেও কর্মকর্তা পর্যায়ে যোগাযোগ অব্যাহত থাকবে।’

অপরদিকে, সোমবার (১৩ মে) পররাষ্ট্রমন্ত্রী ড.হাছান মাহমুদ ডোনাল্ড লু’র বাংলাদেশ সফর নিয়ে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো নির্বাচিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চিঠি দিয়ে এ সম্পর্ককে যে নতুন উচ্চতায় নেওয়ার কথা বলেছেন, মার্কিন প্রশাসনের যেই আসুন—সেই ধারাবাহিকতাতেই আলোচনা হবে।’ এ সময় যুক্তরাষ্ট্রের ভিসানীতি সহজীকরণ এবং র‍্যাবের কয়েকজন কর্মকর্তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এসব নিয়েও আলোচনা হবে।’ সরকারের অন্যতম নীতি নির্ধারক এ মন্ত্রীর বক্তব্য থেকেই স্পষ্ট র‌্যাবের নিষেধাজ্ঞা ও ভিসানীতি নিয়ে আলোচনাই হবে মূল উপজীব্য। খোলাসা করে ড.হাছান বলেছেন, ‘সেগুলো (র‌্যাবের নিষেধাজ্ঞা ও ভিসানীতি) যেন সহজীকরণ হয় বা উঠে যায় তা নিয়ে মার্কিন প্রশাসনে এরই মধ্যে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টে আলোচনা হয়েছে। আলোচনায় এ প্রসঙ্গগুলো স্বাভাবিকভাবে আসতেই পারে। আমাদের সম্পর্ক এগিয়ে নেওয়ার লক্ষ্যে উভয় দেশ কাজ করছি।’

নতুন সরকারের শুরুতে ডোনাল্ড লু’র সফরকে ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে- এটা কি সম্পর্ক পুনরুদ্ধারের মিশন? উত্তরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, ‘নতুন সরকার গঠিত হওয়ার পর লুর প্রথম সফর হবে এটা। তার আসার সেটাই উদ্দেশ্য নিশ্চয়ই। নির্বাচনের আগে যে চিত্র ছিল এখনকার চিত্র সম্পূর্ণ ভিন্ন। নতুন সরকার গঠিত হয়েছে। স্থিতিশীল একটি সরকার। সরকার রেগুলার কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছি। সুতরাং সব দেশ এখন আমাদের সঙ্গে এনগেজড হতে চায়।’

লু’র এবারের সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছে আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘ডোনাল্ড লু বাংলাদেশের সরকারের সঙ্গে কথাবার্তা বলবেন। দুই দেশের মধ্যকার সম্পর্ক এগিয়ে নিতে তিনি আসবেন। বিএনপি মনে করেছে, আবার নতুন করে নিষেধাজ্ঞা দেবে কি না। এই ধরনের উদ্ভট চিন্তা করছে। এ রকম উদ্ভট চিন্তা তারা আগেও করেছিল।’

বিএনপি’র মোহভঙ্গে ফখরুলের বয়ান
গত বছর ডোনাল্ড লু’র ঢাকা সফর ছিল আলোচনার শীর্ষে। তার এবং ঢাকার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নানা পদক্ষেপ ও দৌড়াদৌড়ি ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশ সরকারের কাছে তাদের কর্মকাণ্ড ছিল ‘অযাচিত’। শেষমেশ বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়ে হয়েছে। আওয়ামী লীগ সরকার পঞ্চমবারের মতো ক্ষমতায় এসেছে। ভোটে অংশ না নিয়ে বিদেশিদের কাছে বারবার ধরর্না দিয়ে কোনো কিছুই করতে পারেনি বিএনপি। এজন্য লু’র ঢাকা সফর নিয়ে প্রকাশ্যে উচ্ছ্বাস দেখাচ্ছেনা বিএনপি। রাজনৈতিক বিশ্লেষক ও জ্যেষ্ঠ সাংবাদিক সুভাষ সিংহ রায় বলেন, নির্বাচনের দেশের জনগণের চেয়ে বিদেশিদের কাছেই বেশি গেছে বিএনপি। কারণ জনগণের মাঝে তাদের ভিত্তি নেই। বিএনপি বিভিন্ন দূতাবাসে রাত-বিরাতে ধর্না দিয়েছে। কিন্তু দেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন হওয়া এবং বর্তমান সরকারের সাথে কাজ করার ঘোষণা দেওয়ায় বিএনপির মোহভঙ্গ হয়েছে। তাই প্রকাশ্যে লু’র সফর নিয়ে উচ্ছ্বাস দেখাচ্ছে না বিএনপির নেতারা।

সুর পাল্টেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের ভাবখানা এমন এ সফর একেবারেই আমলে দিতে চায় না। মির্জা ফখরুল বলেন, ‘কে আসলো আর কে গেলো তা নিয়ে মাথাঘামানোর সময় নেই। তিনি বলছেন তার দলের প্রধান শক্তি হলো জনগণ।’

কী বলেছিল যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট
এর আগে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ডোনাল্ড লুর বাংলাদেশ সফরের কারণ জানায়। গত বৃহস্পতিবার (৯ মে) এক বিবৃতিতে জানানো হয়- ডোনাল্ড লু ১০-১৫ মে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সফর করবেন। তার সফর প্রতিটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করবে এবং মুক্ত-উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য মার্কিন সমর্থনের কথা প্রদর্শন করবে।
এতে আরও বলা হয়, প্রথমে ভারতের চেন্নাই সফর করবেন, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে কনস্যুলেট কর্মীদের সঙ্গে দেখা করবেন।

এরপর তিনি শ্রীলঙ্কার সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব আরও গভীর করতে কলম্বো সফর করবেন। সেখানে তিনি শ্রীলঙ্কার অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনের পাশাপাশি একটি মুক্ত ও গণতান্ত্রিক সমাজ গড়তে দেশটির রাজনৈতিক নেতৃত্ব ছাড়াও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

বিবৃতিতে বলা হয়, এসিস্ট্যান্ট সেক্রেটারি লু ঢাকা হয়ে তার সফর শেষ করবেন। সেখানে তিনি সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের নেতৃবৃন্দসহ অন্যান্য বাংলাদেশিদের সাথে জলবায়ু সংকট মোকাবেলা এবং অর্থনৈতিক সম্পর্ক গভীরকরণসহ মার্কিন-বাংলাদেশ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।

কালের আলো/এমএএএমকে

দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৮:২৫ পূর্বাহ্ণ
দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের নয়টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়।

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

এআই বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে: ইসমাইল জবিউল্লাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৮:১৫ পূর্বাহ্ণ
এআই বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে: ইসমাইল জবিউল্লাহ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে সরকারের কার্যক্রম আরও দক্ষ ও দ্রুত হবে এবং নাগরিক সেবা সহজ ও উন্নত করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

সোমবার (২৪ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাস্তবায়নাধীন ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ (ইডিজিই) প্রকল্পের যৌথ উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসমাইল জবিউল্লাহ বলেন, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তি। এর সঠিক ব্যবহারের মাধ্যমে সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে, প্রশাসনিক জটিলতা কমবে এবং নাগরিক সেবার মান আরও বাড়বে।

তিনি বলেন, শুধু প্রযুক্তির ব্যবহার দেখানো নয়, প্রযুক্তির মাধ্যমে মানুষের জীবনকে আরও সহজ করাই সরকারের লক্ষ্য। এমন একটি স্মার্ট সরকার ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে নাগরিকরা দ্রুত ও সহজে সেবা পাবেন, সিদ্ধান্ত হবে তথ্যভিত্তিক এবং প্রশাসন হবে আরও কার্যকর, দক্ষ ও জনবান্ধব।

জনপ্রশাসন উপদেষ্টা আরও বলেন, কৃষি, শিল্প ও ডিজিটাল বিপ্লবের পর বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে রাষ্ট্র পরিচালনা ও প্রশাসনিক কার্যক্রমে নতুন প্রযুক্তিকে গ্রহণ করতে হবে। এআই মানুষের বিকল্প নয়; বরং মানুষের সক্ষমতা ও দক্ষতা বাড়ানোর একটি শক্তিশালী হাতিয়ার।

তিনি জানান, এআইয়ের ব্যবহারে নিয়মিত ও পুনরাবৃত্তিমূলক কাজের চাপ কমবে। ফলে কর্মকর্তারা আরও গুরুত্বপূর্ণ ও সৃজনশীল কাজে মনোযোগ দেওয়ার সুযোগ পাবেন। এতে প্রশাসনিক দক্ষতা বাড়ার পাশাপাশি নাগরিকরা দ্রুত ও মানসম্মত সেবা পাবেন।

তবে প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে নতুন চ্যালেঞ্জও তৈরি হবে বলে উল্লেখ করেন তিনি। এ কারণে কর্মকর্তাদের এআই, ডিজিটাল প্রযুক্তি ও তথ্য বিশ্লেষণে দক্ষ করে তুলতে প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন তিনি। মানুষের দক্ষতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতাকে সমন্বয় করে ‘হিউম্যান-এআই’ সহযোগিতা বাড়ানো ভবিষ্যতের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা বলেন, সরকার কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি সাইবার নিরাপত্তা নিয়েও কাজ করছে। খুব শিগগিরই কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে একটি নীতিমালা প্রণয়ন করা হবে।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশ নেওয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তার মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ

ইরানকে একঘরে করতে যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক অভিযান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১:৫১ পূর্বাহ্ণ
ইরানকে একঘরে করতে যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক অভিযান

ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের বৈশ্বিক আর্থিক স্বার্থ ও আয়ের প্রধান উৎসগুলোকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

সোমবার (২৪ আগস্ট) মার্কিন ট্রেজারি বিভাগে এক সংবাদ সম্মেলনে বেসেন্ট বলেন, ইরানের তেল খাতসহ বিভিন্ন আয়ের উৎস বন্ধ করে দেওয়া এবং দেশটির সঙ্গে ব্যবসা করা থেকে অন্যান্য দেশ ও কোম্পানিগুলোকে বিরত রাখাই নতুন অভিযানের মূল লক্ষ্য।

তিনি জানান, ইরানের সঙ্গে তেল বাণিজ্য ও অন্যান্য ব্যবসা অব্যাহত রাখা দেশ ও প্রতিষ্ঠানগুলো মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়বে। তেহরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখা ব্যবসায়িক অংশীদারদের বিরুদ্ধেও মাধ্যমিক নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

মার্কিন প্রশাসন নতুন এই অর্থনৈতিক চাপের অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’। বেসেন্ট এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনীর ফ্রান্সে অবতরণের সঙ্গে তুলনা করে ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে উল্লেখ করেন।

মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, নতুন নিষেধাজ্ঞার আওতায় ইরানের গুরুত্বপূর্ণ পাঁচটি খাতকে লক্ষ্য করা হয়েছে। এগুলো হলো—ডিজিটাল সম্পদ, প্রযুক্তি, সোনা, বিমান চলাচল ও শিপিং।

বেসেন্ট আরও বলেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকবে তারা অংশীদারিত্বের সুফল পাবে। অন্যদিকে ইরানি প্রশাসনের সঙ্গে সম্পর্ক বজায় রাখা দেশ ও প্রতিষ্ঠানগুলোকে বিচ্ছিন্নতার মুখোমুখি হতে হবে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত এবং পাল্টাপাল্টি হামলার কারণে মধ্যপ্রাচ্যে বড় ধরনের উত্তেজনা তৈরি হয়। একই সঙ্গে হরমুজ প্রণালীর পরিস্থিতি ঘিরে বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের ওপর নতুন অর্থনৈতিক চাপের মাধ্যমে দেশটির পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং হরমুজ প্রণালীতে জলযানে হামলা বন্ধ করার জন্য তেহরানের ওপর চাপ বাড়ানো হবে।

সূত্র: আল জাজিরা

কালের আলো/এমএসআইপি