খুঁজুন
                               
বুধবার, ২৭ মে, ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

লক্কড়-ঝক্কড় বাস ঠেকাতে আট-ঘাট বেঁধে মাঠে বিআরটিএ 

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২০ মে, ২০২৪, ২:৪৪ অপরাহ্ণ
লক্কড়-ঝক্কড় বাস ঠেকাতে আট-ঘাট বেঁধে মাঠে বিআরটিএ 

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানী ঢাকায় পুরনো লক্কড়-ঝক্কড় বাসগুলোকে রঙ করে আবার সড়কে নামানোর চর্চা মালিকদের দীর্ঘদিনের। এসব বাস সড়কে চলাচলে সুবিধার চেয়ে অসুবিধাই বেশি তৈরি করে। সড়ক দুর্ঘটনা ও যানজটের প্রধান কারণ হিসেবেও মেয়াদোত্তীর্ণ লক্কড়-ঝক্কড় গাড়িগুলোকেই দায়ী বলে মনে করে বিআরটিএ। এসব গাড়ি পরিবেশ বিপর্যয়েরও কারণ হয়ে উঠেছে। এসব বাস নিয়ে রোববার (১৯ মে) রাজধানীর একটি হোটেলে ‘ব্র্যান্ডিং সেমিনার অন ঢাকা মেট্রোরেল’অনুষ্ঠানে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘জরাজীর্ণ বাস চলাচল নিয়ে আমরা মিটিং করে বিআরটিএর সঙ্গে কথা বলেও সমাধান করতে পারিনি। রাস্তাঘাটে বাসগুলো দেখলে ভীষণ খারাপ লাগে।’

এবার এসব বাসমালিকদের এ ধরনের আচরণের লাগাম টানতে মাঠে নামার ঘোষণা দিয়েছে সরকারি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আঁট-ঘাট বেধেঁ মাঠে নামছে তাঁরা। রোববার (১৯ মে) বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে বলেছে, ঢাকা  মহানগরীতে ব্যাটারি অথবা মোটরচালিত রিকশা বা ভ্যান এবং রং চটা, জরাজীর্ণ, লক্কড়ঝক্কড় মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ। এসব চালানো বন্ধ করা না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ব্যাটারি ও মোটরচালিত রিকশা বা ভ্যান বা অনুরূপ শ্রেণির থ্রি-হুইলার ঢাকা মহানগরীতে চলাচলের কারণে সড়ক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে। সড়ক পরিবহণ আইন, ২০১৮ অনুযায়ী ব্যাটারি ও মোটরচালিত রিকশা বা ভ্যান বা অনুরূপ শ্রেণির থ্রি-হুইলার এবং ফিটনেসের অনুপযোগী, রং চটা, জরাজীর্ণ ও লক্কড়ঝক্কড় মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ।’

জানা যায়, অস্বাস্থ্যকর বায়ুর মানে প্রায় প্রতিদিনই রেকর্ড হচ্ছে রাজধানীর বাতাস। ফলে চরম ঝুঁকিতে পড়ছে জনজীবন। তবে এসব অস্বাস্থ্যকর বাতাস এবং অসহনীয় তাপপ্রবাহের কারণ হিসেবে গাছ কাটার পাশাপাশি কালো ধোঁয়া নির্গত মেয়াদোত্তীর্ণ লক্কর-ঝক্কর গাড়িগুলোকেও অন্যতম কারণ হিসেবে দেখছেন পরিবেশবিদরাও। পরিবেশবিদদের তথ্য মতে, পরিবেশ দূষণের অন্যতম তৃতীয় কারণ লক্কর-ঝক্কর মেয়াদোত্তীর্ণ এসব যানবাহন, যা বায়ু দূষণের জন্য ১৫ ভাগ দায়ী।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, রাজধানীতে চলাচলকারী ৭৪ কোম্পানির মধ্যে ৩৬টি কোম্পানির গাড়ি সড়কে চলচলের অযোগ্য। এরই মধ্যে ২১ বার চিঠি দিয়েও সড়কে ফিরছে না শৃঙ্খলা। তাই ঠিক না করে সড়কে গাড়ি নামালে কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মালিক সমিতির।

রাজধানীর গলার কাঁটা এসব যানবাহনের সমালোচনায় মুখর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাস মালিকদের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, ‘মেট্রোরেল থেকে নেমে গরিব, জীর্ণশীর্ণ বাস দেখতে কেমন লাগে? বাসের মালিকরা কি লজ্জা পায় না? তারা কি বিদেশে যান না? তারা সেখানকার বাসগুলো দেখেন না?’

সেতুমন্ত্রী বলেন, যে শহরে মেট্রোরেলের মতো আধুনিক প্রযুক্তিসম্পন্ন যান চলছে, সেখানে এ ধরনের গরিব ও জীর্ণশীর্ণ চেহারা লক্কর-ঝক্কর বাসগুলো দেখলে আসলেই লজ্জা লাগছে।’

কালের আলো/এমএএইচ/ইউএইচ 

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে ঢাকার ডিসি-এসপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ৭:১১ অপরাহ্ণ
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে ঢাকার ডিসি-এসপি

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও যানজট পরিস্থিতি পর্যবেক্ষণে হঠাৎ সাভারের বাইপাইল বাসস্ট্যান্ড পরিদর্শন করেছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) মিজ ফরিদা খানম।

বুধবার (২৭ মে) বাইপাইল বাসস্ট্যান্ডে পৌঁছে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং অতিরিক্ত ভাড়া আদায়, যানবাহন চলাচল ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় না করার নির্দেশ দেন। একই সঙ্গে যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেন।

পরে দুপুর সাড়ে ১২টায় তিনি টাকসুর মাঠ গরুর হাট পরিদর্শন করেন। সেখানে কোরবানির পশুর হাটের নিরাপত্তা, ব্যবস্থাপনা ও সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। এরপর রেডিও কলোনি পশুর হাটও পরিদর্শন করেন। দুপুর ১টা ১৫ মিনিটে তিনি সাভারে পৌঁছান।

এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে কেরানীগঞ্জের মিলেনিয়াম সিটিতে সুলতানী হাটও পরিদর্শন করেন তিনি।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক মিজ ফরিদা খানম বলেন, ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে জেলা প্রশাসন মাঠে কাজ করছে। কোনো পরিবহন থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি গরুর হাট ও মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

ঢাকার পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোথাও অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজি বা বিশৃঙ্খলার চেষ্টা হলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

 কালের আলো/এসআর/এএএন

ফ্রান্সে গেলেন ড. ইউনূস, পেলেন ভিআইপি প্রোটোকল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
ফ্রান্সে গেলেন ড. ইউনূস, পেলেন ভিআইপি প্রোটোকল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সকালে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

বুধবার (২৭ মে) সকাল সোয়া ৭টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। পথে তুরস্কের ইস্তাম্বুলে ট্রানজিট নিয়ে তার প্যারিসে পৌঁছানোর কথা রয়েছে।

বিমানবন্দরে তিনি ভিআইপি মর্যাদা পেয়েছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক (ইডি) গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঢাকা পোস্টকে জানান, সকালে ড. ইউনূস টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

বিমানবন্দর সূত্র তার প্যারিসে যাওয়ার কথা নিশ্চিত করেছে। তবে তার এ সফরের উদ্দেশ্য বা নির্ধারিত কর্মসূচি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত

কালের আলো/এসকে/এমএসআইপি 

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬০ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

বুধবার (২৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৪৭২ জন শিশু এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৮৮ জন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে দুইজন ঢাকা বিভাগে, দুইজন ময়মনসিংহ বিভাগে এবং একজন রাজশাহী বিভাগের বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

একই সময়ে নতুন করে ৯৩৩ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩৮৫ জন ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৬৬ জন, বরিশাল বিভাগে ১৪০ জন এবং খুলনা বিভাগে ৯৮ জন শিশু ভর্তি হয়েছে।

তবে আশার খবর হলো, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১০৩ জন শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হওয়ার পর গত ৭৩ দিনে মোট ৬৭ হাজার ৭৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৩ হাজার ৪৬৩ জন। নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৮৩৪ জনের শরীরে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৯ হাজার ৯০৩ জন।

কালের আলো/এএইচ/এমএসআইপি