খুঁজুন
                               
, ,
           

সক্ষমতার নতুন উচ্চতায় দেশের অর্থনীতির সোনালি প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৮:৫৪ অপরাহ্ণ
সক্ষমতার নতুন উচ্চতায় দেশের অর্থনীতির সোনালি প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

দিনে দিনে সক্ষমতা বাড়ানো হচ্ছে চট্টগ্রাম বন্দরের। দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এই বন্দরের সক্ষমতা বাড়াতে এরই মধ্যে বাস্তবায়ন করা হয়েছে নানা প্রকল্প, কিছু প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। যোগ হচ্ছে অত্যাধুনিক যন্ত্রপাতি। যা বন্দরের কার্যক্রমকে করেছে গতিশীল। চলমান রয়েছে ১২টি হাইড্রোগ্রাফিক জাহাজ কেনার প্রক্রিয়াও। অন্তর্বর্তী সরকারের নিবিড় তদারকিতে বেড়েই চলেছে কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিং। বন্দরের প্রতিটি সূচক এখন ঊর্ধ্বমুখী। আমদানি-রপ্তানি পণ্য উঠা-নামায়ও রেকর্ড অতিক্রম করেছে। চলতি বছরের মার্চে রপ্তানি আয় গত বছরের মার্চ মাসের চেয়ে ১১.৪৪ শতাংশ বেড়েছে।

প্রতিযোগী বিশ্বে টিকতে হলে বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর কোন বিকল্প নেই বলে মনে করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান। তিনি জানিয়েছেন, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই থেকে মার্চ) কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ৫ দশমিক শূন্য ১ শতাংশ। আর জেনারেল কার্গো হ্যান্ডলিং বেড়েছে ৫ দশমিক ৯৬ শতাংশ। এ সময়ের মধ্যে বন্দরে মোট ৩ হাজার ৫৮টি জাহাজ হ্যান্ডলিং করা হয়েছে।

দেশের প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি চট্টগ্রাম বন্দরের ১৩৮তম বন্দর দিবস শুক্রবার (২৫ এপ্রিল)। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে বন্দরের শহীদ মো. ফজলুর রহমান মুন্সী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে একাধিক সুসংবাদ দিয়েছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। নানা তথ্য-উপাত্তে প্রাঞ্জল উপস্থাপন সংবাদ সম্মেলনটিকে করেছে অর্থবহ ও সমৃদ্ধ। রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরে জাহাজের গড় অপেক্ষমাণ সময় উল্লেখযোগ্য হারে কমে এসেছে। তিনি বলেন, ‘বর্তমানে অধিকাংশ কনটেইনার জাহাজ বহিঃনোঙরে আসার এক থেকে দুই দিনের মধ্যেই জেটিতে ভিড়ছে, কখনও কখনও অন-এ্যারাইভ্যাল ভিত্তিতেও জেটিতে ভিড়ানো সম্ভব হচ্ছে।’

  • কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ৫.০১ শতাংশ
  • এই মার্চে রপ্তানি আয় গত বছরের মার্চ মাসের চেয়ে ১১.৪৪ শতাংশ বেড়েছে
  • চলমান রয়েছে ১২টি হাইড্রোগ্রাফিক জাহাজ কেনার প্রক্রিয়া
  • বিভিন্ন দেশের সঙ্গে ট্রেড অ্যাগ্রিমেন্টের কারণে সম্ভাবনার দ্বার উন্মোচিত
  • জুনের মধ্যে বন্দরের পুরো কার্যক্রম অটোমেশন হচ্ছে
  • বন্দর কর্তৃপক্ষের হাতেই থাকছে এনসিটির মালিকানা

সভায় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, ‘২০২৪-২০২৫ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) ৩৭ হাজার ১৯১.৩২ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। যা ২০২৩-২০২৪ অর্থবছরের একই সময়ের তুলনায় ১০.৬৩ শতাংশ বেশি। রফতানি আয়ের ৮৫ শতাংশ পণ্য বন্দরের মাধ্যমে পরিবহন হয়েছে। চলতি বছরের মার্চে রপ্তানি আয় গত বছরের মার্চ মাসের চেয়ে ১১.৪৪ শতাংশ বেড়েছে।’

চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির সোনালি প্রবেশদ্বার
শত প্রতিকূলতার মধ্যেও দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। চট্টগ্রাম বন্দরের সার্বিক কার্যক্রম দেশের সামগ্রিক অর্থনীতির ইতিবাচক চালচিত্রকেই উপস্থাপন করছে। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির সোনালি প্রবেশদ্বার উল্লেখ করে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন বন্দরটিকে জঞ্জালমুক্ত করার উদ্যোগ গ্রহণ করেন। তাঁর দক্ষ নেতৃত্ব ও কর্মকুশলতায় কর্মচঞ্চল ও চাঙ্গা হয়ে ওঠেছে চট্টগ্রাম বন্দর। তিনি একাধিকবার বন্দরটি পরিদর্শন করেছেন।

নানা সমস্যা চিহ্নিত করে সমাধান করেছেন। উপদেষ্টার দিকনির্দেশনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের ঐকান্তিক প্রচেষ্টায় অনুন্নয়নের অচলায়তন ভেঙে নতুন উদ্যমে ঘুরে দাঁড়িয়েছে বন্দরটি। বন্দরের কর্মচাঞ্চল্য থমকে দেওয়ার যে কোনো অপচেষ্টা রুখে দিতেও সক্ষম হয়েছে বন্দর কর্তৃপক্ষ। পূর্ণোদ্যমে সচল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমও গতিশীল হয়েছে। তাতে দারুণ খুশি চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীরা।

বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দরের সংরক্ষিত এলাকায় ডেলিভারি না যাওয়ায় শেড ও ইয়ার্ডে লোহার বাক্স, রাসায়নিক পণ্য এবং কনটেইনার দীর্ঘদিন পড়েছিল। এই জাতীয় পণ্য বন্দরের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠে এবং স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয়। এ পর্যন্ত ৩৬৭ বাক্স ৬১৭ টিইইউএস কনটেইনার ধ্বংস করা হয় এবং ৩৫৭ বাক্স ৬৪০ টিইইউএস কনটেইনার অপসারণ করা হয়। এছাড়া গত ২৪ ডিসেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বন্দর পরিদর্শন করেন। তার নির্দেশে তাৎক্ষণিকভাবে শেডের মাঠ থেকে নিলাম যোগ্য ৩০৪টি গাড়ি সরানো হয়। গাড়িগুলো বর্তমানে বন্দরের বহুতল কার শেডে রয়েছে। কাস্টমস কর্তৃক গাড়িসমূহ নিলামের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ওই স্থানে ইয়ার্ড নির্মাণ করে কনটেইনার ধারণক্ষমতা বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বিভিন্ন দেশের সঙ্গে ট্রেড অ্যাগ্রিমেন্টের কারণে সম্ভাবনার দ্বার উন্মোচিত
১৩৮তম বন্দর দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বলেন, চট্টগ্রাম বন্দর দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বিভিন্ন দেশের সঙ্গে ট্রেড অ্যাগ্রিমেন্টের কারণে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। বিজনেস সামিটে নতুন বিনিয়োগ আসছে। এর জন্য বন্দরের সক্ষমতা বাড়াতে হবে। পাঁচ বছর পর ৫ মিলিয়ন টিইইউস কনটেইনারে হ্যান্ডলিং করতে হবে। মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরে টার্মিনাল ও বে টার্মিনাল নির্মাণে চুক্তি হয়েছে। এ মাস দেশ ও বন্দরের জন্য সৌভাগ্যের। ২০২৯ সালে মাতারবাড়ী সমুদ্র বন্দর অপারেশনে চলে যাবে। বন্দর ও কাস্টমসকে একসঙ্গে কাজ করতে হয়। এর সুফল দেখতে পাচ্ছেন। নিলামে গতি এসেছে।

জুনের মধ্যে বন্দরের পুরো কার্যক্রম অটোমেশন
বন্দর চেয়ারম্যান জানান, ই টিকিটিং চালু করায় সব সিস্টেমে চলে আসছে। মেরিটাইম সিঙ্গেল উইন্ডো চালু করছি। এতে বহির্বিশ্বে ভাবমূর্তি উজ্জ্বল হবে। পেমেন্ট ডিজিটাল হয়ে যাবে। ডিজিটালাইজেশন ও ডি কার্বোনাইজেশনের বিকল্প নেই। জুনের মধ্যে বন্দরের পুরো কার্যক্রম অটোমেশন করে ফেলব। গ্রিন মেরিটাইম করিডোর হবে চট্টগ্রাম বন্দর। মাতারবাড়ী, বে টার্মিনাল, লালদিয়া হবে গ্রিন পোর্ট। এই টার্মিনালগুলো চালু হলে নতুন শিপিং রুট খুলে যাবে। কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, আমাদের তরুণ প্রজন্ম বড় সম্ভাবনা। তাদের কর্মসংস্থান করতে হবে। চট্টগ্রাম থেকে কক্সবাজার হবে সিঙ্গাপুর। বিনিয়োগকারী প্রস্তুত। নিরাপত্তা, আস্থা, সুন্দর পরিবেশ চায় তারা। মেরিটাইম ও পোর্ট সিকিউরিটি নিয়ে নিশ্চিন্ত হতে চায়। ফ্রি ট্রেড জোন নেই উল্লেখ করে বলেন, এটা করতে পারলে দারুণ সম্ভাবনা তৈরি হবে। বছরে ১০-১২ বিলিয়ন ডলার আয় হবে। আমরা এক নম্বর তুলা ব্যবহারকারী দেশ। ফ্রি ট্রেড জোন হলে তুলা খাতে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। বিমানবন্দর, সমুদ্রবন্দর, শিল্পাঞ্চল থাকায় এ জোন চট্টগ্রামে হওয়া যৌক্তিক। বন্দরে ইউএস এইডের অর্থায়নে রেফার কনটেইনার ইয়ার্ড ও কোল্ড স্টোরেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বন্দর চেয়ারম্যান।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আরও বলেন, ‘আধুনিক পোর্ট ইকোসিস্টেম, পোর্ট কমিউনিটি সিস্টেম, ডিজিটালাইজেশনের মাধ্যমে এটিকে বিশ্বমানের বন্দরে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শতকরা ৮০ ভাগ কাজ ডি-নথি পদ্ধতিতে সম্পাদনের উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে বন্দরের সব কর্মকর্তা-কর্মচারীকে ডি-নথির ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পেনশনভোগীদের পেনশন নথিসমূহ ডিজিটাল আর্কাইভ করে সংরক্ষণ করা সংক্রান্ত কাজটি চালু হয়েছে। স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারি ক্রয় সম্পাদনের লক্ষ্যে ক্রয় সংক্রান্ত কাজ ই-জিপিতে সম্পাদনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দরপত্র প্রক্রিয়া যাতে অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক এবং বৈষম্যহীন হয় তা নিশ্চিত করা হচ্ছে।’

বন্দরের সক্ষমতা বাড়াতে নানাবিধ পদক্ষেপ
চট্টগ্রাম বন্দরের ভৌত ও প্রযুক্তিগত কাঠামো উন্নয়নের অংশ হিসেবে নতুন কনটেইনার ইয়ার্ড নির্মাণ, রাসায়নিক সংরক্ষণের জন্য আধুনিক শেড নির্মাণ এবং কর্ণফুলী নদীর পাড়ে ২৮৫০ মিটার রেভেটমেন্ট কাজ সম্পন্ন হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। তিনি জানান, এছাড়াও বন্দরে মোবাইল ক্রেন, হেডি ট্রাক্টর, লো বেড ট্রেইলার ও মাল্টি হ্যান্ডলারসহ নানা গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি সংগ্রহ করা হয়েছে। এসব উদ্যোগের ফলে বন্দরের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তিনি জানান, বে টার্মিনাল হলে টানেলের ব্যবহার বেড়ে যাবে। ৬৬৩ জনকে পদোন্নতি এবং ৩৬৩ জন নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা চেষ্টা করছি বন্দর যাতে ব্যবহারবান্ধব হয়।

তিনি আরও বলেন, ‘কনটেইনার টার্মিনাল-১ এবং কনটেইনার টার্মিনাল-২ নির্মাণের জন্য পিপিপি অংশীদার পিএসএ সিঙ্গাপুর এবং ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দরের কার্যক্রম চলমান আছে। গত ২০ এপ্রিল বে-টার্মিনালের ডিপিপি একনেকে অনুমোদিত হয়েছে। গত বুধবার বে-টার্মিনালের চ্যানেলে ব্রেক ওয়াটার নির্মাণের লক্ষ্যে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আশা করা যাচ্ছে বে-টার্মিনাল প্রকল্প আগামী ২০২৯-২০৩০ সালের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে। পাশাপাশি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পটির প্যাকেজ-১ (দুটি জেটি নির্মাণ)-এর জন্য জাপানিজ প্রতিষ্ঠান পেন্টাওশান কনস্ট্রাকশন কোম্পানি ও টোয়া করপোরেশনের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষর হয়েছে ২২ এপ্রিল। এটি দেশের ইতিহাসে যুগান্তকারী ঘটনা। মাতারবাড়ী সমুদ্রবন্দর ২০২৯ সাল নাগাদ অপারেশনে আসবে। বে-টার্মিনাল হয়ে গেলে টানেলে যানবাহন চলাচল বাড়বে।’

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আরও জানান, ১৬ মিটার ড্রাফট মেইনটেইনের উপযোগী দুইটি ড্রেজার কিনবে বন্দর। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সিটি করপোরেশনের জলাবদ্ধতা প্রকল্পে নানাভাবে সহায়তা করছে চট্টগ্রাম বন্দর। বহির্নোঙরে যৌথ অভিযান পরিচালনা করেছি।

বন্দর কর্তৃপক্ষের হাতেই থাকছে এনসিটির মালিকানা
চট্টগ্রাম বন্দরের চারটি টার্মিনালের মধ্যে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সবচেয়ে বড়। প্রায় ৪৬৯ কোটি টাকা ব্যয়ে ২০০৭ সালের ডিসেম্বরে পাঁচ জেটির এই টার্মিনালের নির্মাণ শেষ হয়। অভিযোগ আছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও নেতাদের হস্তক্ষেপে টার্মিনালটি আট বছরেও পুরোপুরি চালু করা যায়নি। অথচ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই টার্মিনালে আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে জেটি ও যন্ত্রপাতি স্থাপন করে। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া দেশি অপারেটর দিয়ে এনসিটি পরিচালনা করছে। তবে টার্মিনালটি এখন নতুন করে বিদেশি অপারেটরের হাতে দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও অভিযোগ ওঠেছে।

তবে সংবাদ সম্মেলনে এই বিষয়টিকে পুরোপুরি বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন বন্দরের চেয়ারম্যান চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান। তিনি বলেছেন, এনসিটির মালিকানা আমরা কাউকে দিয়ে দিচ্ছি না, মালিকানা আমাদেরই থাকছে, শুধুমাত্র টার্মিনালের অপারেটর নিয়োগ করছি।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান বলেন, ‘এনসিটি (নিউমুরিং কনটেইনার টার্মিনাল) ও সিসিটি (চিটাগং কনটেইনার টার্মিনাল) দিয়ে দেয়ার একটা কথা বলা হচ্ছে। যে কথাগুলো বলা হয়, এগুলো আসলে বিভ্রান্তিকর কথা। আমরা এনসিটির মালিকানা কাউকে দিয়ে দিচ্ছি না। আপনি যদি একটা বিল্ডিং বানান, যদি সেটা ভাড়া দেন, এটাও ঠিক ওরকমই। মালিকানা আমাদেরই থাকছে, আমরা শুধু তাদের (বিদেশি প্রতিষ্ঠান) টার্মিনালের অপারেটর হিসেবে নিয়োগ করছি, যেমনটা আমরা পিসিটিতে (পতেঙ্গা কনটেইনার টার্মিনাল) করলাম।’

‘তারপর বে-টার্মিনালে যেটা হবে, সিসিটি-ওয়ান যেটা হবে, সেটা করবে সিঙ্গাপুর। সিসিটি-টু করবে ডিপি ওয়ার্ল্ড (দুবাইয়ের প্রতিষ্ঠান)। ঠিক একইভাবে এনসিটির জন্য গভর্নমেন্ট লেভেলের নির্দেশনা অনুযায়ী যে চুক্তি হয়েছে, সে অনুসারে কাজ চলমান আছে। এটায় দুই দেশের কমিটমেন্ট অনুসারে কাজ চলছে। রাষ্ট্রীয়ভাবে নীতিনির্ধারক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া চলছে। এটার নিয়োগ প্রক্রিয়া এখনও ওভাবে ফাইনালাইজ হয়নি। আমাদের ট্রানজ্যাকশন অ্যাডভাইজার আছে, তাদের কাজ চলছে, তাদের প্রতিবেদন পেলে বুঝতে পারব।’

দেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা যা-ই করি না কেন, রাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করে, দেশের মানুষের স্বার্থ সংরক্ষণ করে করা হবে। আমরা এখানে যারা আছি, কেউই কিন্তু পার্মানেন্ট না। কাজেই আমাদের হাত দিয়ে যে কাজটা হবে, সেটা দিয়ে দেশ এবং দেশের মানুষ যেন উপকৃত হয়, রাষ্ট্রের যে স্বার্থ সেটা যেন নিশ্চিত হয়। সেটা নিশ্চিত করেই সর্বোচ্চ পর্যায় থেকে এটা সিদ্ধান্ত নেয়া হবে।’

বিদেশি টার্মিনাল অপারেটর নিয়োগের সুবিধা বর্ণনা করে বন্দর চেয়ারম্যান বলেন, ‘আমরা ফরেনারদের কাছে দেব, সেটা প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় দেব, আর্থিকভাবে আমরা যাতে সর্বোচ্চ বেনিফিটেড হই, সেভাবে দেব। দ্বিতীয়ত. এটার মাধ্যমে আমাদের দক্ষতা নিশ্চিত হবে। তখন টার্মিনাল-টার্মিনালে কম্পিটিশন হবে। তৃতীয়ত. এটার মাধ্যমে কনটেইনার হ্যান্ডলিং ও ডেলিভারি দ্রুত হবে। জাহাজের ভাড়া কমে যাবে, কনটেইনারের ভাড়া কমে যাবে।’

‘আমাদের টার্গেট হচ্ছে, ভবিষ্যতে জাহাজ ও কনটেইনার ভাড়া কত কমানো যায় আর কত দক্ষতা বাড়ানো যায়। এজন্য ফরেন টার্মিনাল অপারেটরদের দিলে কম্পিটিশন বাড়বে, তারা কার্গো জেনারেট করবে এবং রিজিওনাল হাব হিসেবে ব্যবহার হবে। এখান থেকে ট্রান্সশিপমেন্ট হবে, কোস্টাল কানেক্টিভিটি স্টাবলিশ হবে। নিজেরা করলে এসব অ্যাডভান্টেজ তো আমরা নিতে পারবো না। কিন্তু উনারা যেহেতু ইনভেস্ট করবেন, উনারা এটাকে আরও এফিশিয়েন্ট করার চেষ্টা করবেন।’

তিনি বলেন, ‘আমাদের কনটেইনার হ্যান্ডলিং রেট যে হারে বাড়ছে, আমাদের কিন্তু ভবিষ্যতে কনটেইনারাইজেশনে যেতে হবে। সেক্ষেত্রে অত্যন্ত আধুনিক টেকনোলজি লাগবে। আমাদের সিসিটি-এনসিটিতে যে ইক্যুইপমেন্টগুলো আছে, সেগুলোর বয়স অলরেডি শেষের দিকে। অলরেডি ওভারডিউ হয়ে গেছে। এখন নতুন টেকনোলজি যদি আমাদের আনতে হয়, ইক্যুইপমেন্ট চেঞ্জ করে যদি নতুন আনতে হয়, তাহলে কী পরিমাণ টাকা লাগবে একবার চিন্তা করেন। একটা নরমাল কী গ্যান্ট্রি ক্রেনেই তো ৭০-৮০ কোটি টাকার মতো খরচ হবে। সুতরাং আমাদের সবদিক ভেবেই সিদ্ধান্ত নিতে হবে।’

কালের আলো/এমএএএমকে

আকস্মিক ভয়াবহ বন্যায় নেপালে মৃত্যু বেড়ে ৪৬৯

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ণ
আকস্মিক ভয়াবহ বন্যায় নেপালে মৃত্যু বেড়ে ৪৬৯

হিমবাহ ধস থেকে সৃষ্ট আকস্মিক ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে দেশটির পুলিশ। এ ছাড়া তিব্বতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুই দেশ মিলিয়ে পর্যটকসহ ১৪০০ এর বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

নেপাল-তিব্বত সীমান্তের এই ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। ধ্বংসস্তূপ ও কাদার মধ্যে ভারী যন্ত্রপাতি ও প্রশিক্ষিত কুকুর দিয়ে সন্ধান চালানো হচ্ছে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিখোঁজদের জীবিত অবস্থায় উদ্ধারের আশা কমে আসছে।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার তৎপরতা কঠিন হয়ে পড়েছে। দেশটির সেনাবাহিনী হেলিকপ্টারে করে দুর্গম এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে এবং জরুরি ত্রাণ পৌঁছে দিচ্ছে।

এদিকে বন্যার তোড়ে নেমে আসা ধ্বংসাবশেষে রাসুওয়া জেলার ভোতেকোশি নদীর একটি অংশ আটকে গিয়ে একটি হ্রদের সৃষ্টি হয়েছে। সেখানে পানির উচ্চতা ক্রমেই বাড়ছে। নেপালের কর্তৃপক্ষ সতর্ক করেছে, পানির উচ্চতা বেশি বেড়ে গেলে ভাটির দিকে নতুন করে বন্যা দেখা দিতে পারে। এ কারণে আশেপাশের বাসিন্দা ও উদ্ধারকর্মীদের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

শুধু নেপালেই নয়, তিব্বতেও নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তিব্বতে বাঁধ দিয়ে অবরুদ্ধ একটি হ্রদে আগামী তিন দিনে প্রায় ৩০ লাখ ঘনমিটার পানি প্রবেশ করতে পারে। ১ সেপ্টেম্বর পানির প্রবাহ সর্বোচ্চ থাকতে পারে। এতে করে হ্রদটির বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে বন্যার্তদের জরুরি চিকিৎসা, আশ্রয় ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে প্রাথমিকভাবে ২০ লাখ ডলার সহায়তা বরাদ্দ করেছে জাতিসংঘ। এ ছাড়া বিভিন্ন দেশ নিখোঁজ নাগরিকদের সন্ধান ও উদ্ধার কার্যক্রমে নেপালকে সহায়তা করার উদ্যোগ নিয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

হবিগঞ্জে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জ প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ
হবিগঞ্জে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর পৃথক অভিযানে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য ও দুটি যানবাহন জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে এনিমেল মেডিসিন, খাবার, শ্যাম্পু, মেহেদি, চা পাতা ও জিরা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার সকালে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধীন সিন্দুরখান বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সীমান্ত পিলার ১৯৪৬-এম থেকে আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গান্ধীছড়া চা-বাগান এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় এনিমেল মেডিসিন, খাবার ও শ্যাম্পুসহ একটি পিকআপ জব্দ করা হয়।

অন্য একটি অভিযানে নির্দিষ্ট একটি কাভার্ড ভ্যানে করে ভারতীয় অবৈধ পণ্য পরিবহনের তথ্য পায় বিজিবি। এর ভিত্তিতে বিজিবির একটি আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা ২০ নম্বর চা-বাগান এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অবস্থান নেয়।

এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কাভার্ড ভ্যানটি সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা কাভার্ড ভ্যানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন। তল্লাশি করে মাছের খাবারের বস্তার মোড়কের আড়ালে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় চা পাতা, কাবেরী মেহেদি ও জিরা পাওয়া যায়। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দ করা পণ্য ও যানবাহন কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, দেশের অর্থনীতি ও নিরাপত্তা সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদারের পাশাপাশি সীমান্তবর্তী মানুষের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।

কালের আলো/আরডি/এমডিএইচ

ইরান-যুক্তরাষ্ট্র সংলাপে মধ্যস্থতার ভূমিকায় এগিয়ে এলো কাতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৯:৪৬ পূর্বাহ্ণ
ইরান-যুক্তরাষ্ট্র সংলাপে মধ্যস্থতার ভূমিকায় এগিয়ে এলো কাতার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে মধ্যস্থতার দায়িত্ব এতদিন অনেকটা এককভাবেই পালন করে এসেছে পাকিস্তান। এবার পাকিস্তানের পাশাপাশি এই ভূমিকায় এসেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারও।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) তেহরান সফরে গিয়েছিলেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা-সংলাপ চালিয়ে যেতে আর আগ্রহী নয় যুক্তরাষ্ট্র। গত ২৪ আগস্ট যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অভিযান ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ শুরুর ঘোষণা দেন। এদিন হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মত-বিনিময়ের সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমরা তাদের (ইরান) সঙ্গে আর কথা বলতে চাই না। (ভবিষ্যতে ইরানের সঙ্গে) বৈঠক কিংবা এ জাতীয় কোনো কিছুর পরিকল্পনাও আমাদের নেই।”

তবে আলোচনার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেছেন. “আমরা চাই, ইরান একটি ফলপ্রসূ আলোচনার সিদ্ধান্ত নিক। যতদিন তা না হচ্ছে, ততদিন আমাদের এই অর্থনৈতিক অভিযান চলবে।”

ইরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে মার্কিন বাহিনী। সেই অভিযান থেকে সূত্রপাত হওয়ার পর প্রায় ৬ মাস পেরিয়েছে যুদ্ধের। এতদিন মার্কিন এবং ইরানি প্রতিরক্ষা বাহিনী পরস্পরকে লক্ষ্য করে অভিযান-পাল্টা অভিযান পরিচালনা করেছে, মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রচেষ্টায় দু’টি যুদ্ধবিরতি চুক্তি করেছে, আবার সেই চুক্তি থেকে বেরিয়ে এসে পরস্পরকে লক্ষ্য করে অভিযানও পরিচালনা করেছে।

তবে ২৪ আগস্ট ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ঘোষণার কয়েক দিন আগে ট্রাম্প ঘোষণা দেন, ইরানে সামরিক অভিযান পরিচালনার পরিবর্তে দেশটির অর্থনীতির ওপর সীমাহীন চাপ প্রয়োগের নীতি নিয়েছে ওয়াশিংটন।

এমন পরিস্থিতিতেই তেহরান সফর করলেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র কাতারের প্রধামন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুলরহমান আল-থানি। ওয়াশিংটন ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ঘোষণার চার দিন পর তেহরানে পৌঁছে দেশটির শীর্ষ আলোচক এবং ক্ষমতসীন ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের অন্যতম মুখপাত্র মোহাম্মদ বাকের ঘালিবাফের সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী এবং সে বৈঠকে ইরানকে ফের কূটনৈতিক আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

আল-থানির এ আহ্বানের উত্তরে ঘালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা সম্পূর্ণ বন্ধের সিদ্ধান্ত নেয়, তাহলে তেহরান ফের কূটনৈতিক আলোচনায় আসতে পারে।

আল-থানি এবং ঘালিবাফের বৈঠকে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নির্বাহী প্রধান মেজর জেনারেল মোহসিন রেজায়িও ছিলেন। তিনি বলেছেন, ইরান শিগগিরই হরমুজ প্রনালী খুলে দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে আসবে এবং যুক্তরাষ্ট্র যদি সত্যিই আলোচনা চায়— তাহলে ইরানের হরমুজ বিষয়ক পদক্ষেপ গ্রহণের আগেই তা শুরু করতে হবে।

আলোচনার নামে যুক্তরাষ্ট্র যদি কোনো ‘ষড়যন্ত্র’ করে, তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে কঠোর হামলা পরিচালনা করা হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন রেজায়ি।

কালের আলো/আরডি/এমডিএইচ