খুঁজুন
                               
, ,
           

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

রংপুর প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১:৩২ অপরাহ্ণ
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এ ঘটনা নিশ্চিত করেছেন।

নিহত শরিফুল ইসলামের (৩৫) বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। এ সময় আহত আরও একজনকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন নিহত শরিফুল। মঙ্গলবার সকালে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির দিকে রওনা দেন। পাটগ্রামের মির্জারকোট এলাকায় আসলে বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও ছেলে নিহত হন। গুরুতর আহত মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কালের আলো/এম/এএইচ

ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে লাইনে দাঁড়িয়ে খাবার কিনলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে লাইনে দাঁড়িয়ে খাবার কিনলেন তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পথে তুরস্কের ইস্তাম্বুল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের সঙ্গে বিমানবন্দরের একটি রেস্টুরেন্টে লাইনে দাঁড়িয়ে খাবার কিনেছেন তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা ছাড়ে। স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে যাত্রাবিরতিকালে প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকে রেস্টুরেন্টে খাবার কেনার জন্য লাইনে দাঁড়াতে দেখা যায়। খাবার কেনার পর প্রধানমন্ত্রী নিজেই খাবার নিয়ে টেবিলে বসেন।

পরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান, ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা নিউইয়র্কের উদ্দেশে ইস্তাম্বুল ত্যাগ করেন।

প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি নিউইয়র্ক স্থানীয় সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নিউইয়র্কে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

কালের আলো/এমএসআইপি 

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করছে তিন মার্কিন সংবাদমাধ্যম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করছে তিন মার্কিন সংবাদমাধ্যম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছে তিনটি জাতীয় সংবাদমাধ্যম—CNN, MS NOW ও Politico। হোয়াইট হাউসে তাদের সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিলের সিদ্ধান্তকে মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর লঙ্ঘন দাবি করে আদালতের দ্বারস্থ হচ্ছে তারা।

শুক্রবার ট্রাম্প CNN, MS NOW ও Politico-কে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করার ঘোষণা দেন। পরদিন ওই তিন প্রতিষ্ঠানের সাংবাদিকরা হোয়াইট হাউসে প্রবেশ করতে গেলে তাদের প্রেস পাস নিষ্ক্রিয় থাকার কথা জানানো হয় এবং প্রবেশে বাধা দেওয়া হয়।

সোমবার তিন সংবাদমাধ্যম এক যৌথ বিবৃতিতে জানায়, তারা ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে মামলা করছে। একই সঙ্গে হোয়াইট হাউসে তাদের সাংবাদিকদের প্রবেশাধিকার দ্রুত পুনর্বহালের জন্য জরুরি আদালতীয় আদেশ চাওয়া হচ্ছে।

মামলায় সংবাদমাধ্যমগুলো যুক্তি দিচ্ছে, সরকারের সমালোচনামূলক বা অপছন্দের সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের সরকারি স্থাপনায় সংবাদ সংগ্রহের সুযোগ থেকে বঞ্চিত করা হলে তা প্রথম সংশোধনীতে থাকা সংবাদমাধ্যমের স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। তারা আরও বলেছে, কোনো আগাম নোটিশ বা প্রক্রিয়া ছাড়াই সাংবাদিকদের পরিচয়পত্র বাতিল করা হয়েছে।

ট্রাম্প অবশ্য নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তিনি সংবাদমাধ্যমগুলোর কিছু প্রতিবেদনকে ‘ফেক নিউজ’ হিসেবে উল্লেখ করে বলেছেন, তারা চাইলে প্রতিবেদন প্রকাশ করতে পারে, তবে হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি দেওয়ার বাধ্যবাধকতা তাঁর নেই।

নিষেধাজ্ঞার ফলে শুধু সাংবাদিকদের প্রবেশাধিকারই নয়, CNN ও MS NOW-এর হোয়াইট হাউস চত্বরে টেলিভিশন সরঞ্জাম ব্যবহারের সুযোগও সীমিত হয়েছে। CNN-কে সংবাদমাধ্যমগুলোর যৌথ প্রেস পুলের দায়িত্ব থেকেও বাদ দেওয়া হয়েছে বলে প্রতিবেদন এসেছে।

এ ধরনের নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রে আগেও আইনি বিরোধ হয়েছে। ২০১৮ সালে CNN-এর সাংবাদিক জিম অ্যাকোস্টার প্রেস পাস বাতিলের ঘটনায় আদালতে মামলা হয়েছিল। পরবর্তী সময়ে আদালতের আদেশে তাঁর প্রবেশাধিকার পুনর্বহাল করা হয়। বর্তমান মামলাতেও আগের এসব আইনি নজির গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

তিন সংবাদমাধ্যম জানিয়েছে, মামলা চললেও তারা ট্রাম্প প্রশাসনের কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশ অব্যাহত রাখবে। এখন আদালত হোয়াইট হাউসের এই প্রবেশাধিকার বাতিলের সিদ্ধান্তের বৈধতা এবং প্রথম সংশোধনীর সঙ্গে এর সামঞ্জস্য নিয়ে কী সিদ্ধান্ত দেয়, সেটিই নজরে থাকবে।

সূত্রঃ রয়টার্স 

কালের আলো/এসএ

শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দিলেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরে মানবিক উদ্যোগেও পাশে দাঁড়ালেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। শিশুদের জন্য ক্যান্সার হাসপাতাল নির্মাণে তাঁর দাতব্য প্রতিষ্ঠান ‘মেসি ফাউন্ডেশন’ ২৬ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ কোটি ৬৩ লাখ টাকা, অনুদান দিয়েছে।

স্পেনের বার্সেলোনায় নির্মাণ করা হবে হাসপাতালটি। শহরটির সঙ্গে মেসির দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ২০২১ সালে বার্সেলোনা ছাড়লেও শহরটির প্রতি তাঁর টান এখনো অটুট। এবার শিশু ক্যান্সার রোগীদের চিকিৎসায় বড় ধরনের সহায়তা দিয়ে সেই সম্পর্কের আরেকটি দৃষ্টান্ত তৈরি করলেন তিনি।

ফরাসি ওয়েবসাইট ‘ফুট মার্কাতো’র প্রতিবেদনের বরাতে জানা গেছে, হাসপাতাল নির্মাণ প্রকল্পে মেসির ফাউন্ডেশন এই অর্থ সহায়তা দিয়েছে। ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম ‘গোল’-এর তথ্য অনুযায়ী, হাসপাতালটিতে বছরে প্রায় ৪০০ শিশু ক্যান্সার রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব হবে।

প্রকল্পটির লক্ষ্য হলো ক্যান্সারে আক্রান্ত শিশুরা যেন একই জায়গায় প্রয়োজনীয় চিকিৎসা ও অন্যান্য সহায়তা পেতে পারে। হাসপাতালটি শিশুদের চিকিৎসার পাশাপাশি তাদের পরিবারের জন্যও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও খেলাধুলায় সহায়তার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন উদ্যোগে যুক্ত মেসি। তাঁর ‘মেসি ফাউন্ডেশন’-এর মাধ্যমে এর আগেও শিশুদের লিউকেমিয়া গবেষণায় সহায়তা, আর্জেন্টিনার রোজারিওর একটি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম প্রদান এবং মোজাম্বিকে শিশুদের অপুষ্টি মোকাবিলায় সহায়তা করা হয়েছে।

ফুটবল মাঠে অসংখ্যবার সতীর্থদের গোলের সুযোগ তৈরি করেছেন মেসি। এবার মাঠের বাইরেও তাঁর এই উদ্যোগ ক্যান্সারে আক্রান্ত শিশুদের চিকিৎসার সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কালের আলো/এসএ