বিদ্যুৎখাতে জবাবদিহি নিশ্চিতের দাবি রিজভীর
বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ তৈরি করতেই আওয়ামী লীগ সরকার দায়মুক্তির আইন পাস করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে রাষ্ট্রের প্রতিটি খাত ও প্রতিষ্ঠানে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে। সরকারের প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি থাকতে হবে; কোনো খাতই এর বাইরে থাকতে পারে না।
বুধবার (২৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ক্যাব যুব সংসদ আয়োজিত অনুষ্ঠানের বিষয় ছিল ‘রাজশাহী সিটি করপোরেশন ও শৈলকুপা পৌরসভা এলাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্ভাব্যতা যাচাই ও লাইফলাইন গ্রাহক সমীক্ষা: ফলাফল ও বাস্তবায়ন’।
বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহির তাগিদ
রিজভী বলেন, বিদ্যুৎ খাতে অতীতের অনিয়ম ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করা জরুরি। কোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় রাখতে হবে। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের কার্যক্রমের জবাবদিহি জনগণের কাছে থাকতে হবে। রাষ্ট্রের কোনো খাতে অনিয়মের সুযোগ থাকলে তা দূর করার জন্য কার্যকর ব্যবস্থা প্রয়োজন।
শতভাগ বিদ্যুতের দাবি, তবু বঞ্চিত অনেক মানুষ
দেশে শতভাগ বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার কথা বলা হলেও প্রত্যন্ত অঞ্চল ও চরাঞ্চলের অনেক মানুষ এখনো বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত বলে উল্লেখ করেন রিজভী। তাঁর ভাষ্য, অনেক দরিদ্র পরিবারকে বিদ্যুৎ ভাগাভাগি করে ব্যবহার করতে হয়। ফলে শুধু বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ দিয়ে হতদরিদ্র মানুষের প্রকৃত আর্থসামাজিক অবস্থা নির্ধারণ করা কঠিন। তিনি বলেন, বিদ্যুৎ ব্যবহারের পরিসংখ্যানের ভিত্তিতে দারিদ্র্য নিরূপণ করতে হলে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিতে হবে। বিদ্যুৎ সংযোগ থাকা এবং পরিবারের আর্থিক সক্ষমতা এক বিষয় নয়—তাই তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে মানুষের প্রকৃত জীবনযাত্রার পরিস্থিতিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
গবেষণার ফল যাচাইয়ের ওপর গুরুত্ব
বিদ্যুৎ ব্যবহার ও দারিদ্র্য নিরূপণ নিয়ে আয়োজকদের গবেষণাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন রিজভী। তাঁর মতে, গবেষণার মাধ্যমে নতুন ধারণা ও প্রশ্ন সামনে আসা প্রয়োজন। কোনো পরিসংখ্যানকে চূড়ান্ত সত্য হিসেবে ধরে না নিয়ে তা যাচাই-বাছাই করা জরুরি। তিনি বলেন, গবেষণার ফলাফল মূল্যায়নের সময় মাঠপর্যায়ের বাস্তবতা এবং মানুষের জীবনযাপনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে। এতে নীতিনির্ধারণে আরও বাস্তবসম্মত ধারণা পাওয়া সম্ভব হবে।
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে বিনিয়োগের সম্ভাবনা
ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাবনা তুলে ধরে রিজভী বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। এ খাতে বিদেশি বিনিয়োগকারীদেরও আগ্রহ আছে বলে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানো গেলে বিদ্যুতের চাহিদা পূরণে সহায়তা মিলতে পারে। উৎপাদিত বিদ্যুৎ নিজস্ব চাহিদা মেটানোর পর জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ তৈরি হলে সামগ্রিক উৎপাদন বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের ক্ষেত্রও সম্প্রসারিত হতে পারে। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে বিনিয়োগের সুযোগ কাজে লাগানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
বিশ্বজুড়ে জ্বালানি সংকট, বিকল্প উৎসের ওপর জোর
রিজভী বলেন, বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি সংকট চলছে, যার প্রভাব বাংলাদেশেও পড়ছে। তবে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহসহ সংকট মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে। তিনি এ পরিস্থিতিতে হতাশ না হয়ে সম্ভাব্য সমাধানের পথ খোঁজার আহ্বান জানান। দেশ এগিয়ে যাবে এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকট কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
গণসংলাপে ক্যাবের প্রতিনিধিরা উপস্থিত
ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংলাপে উপস্থিত ছিলেন সংগঠনটির জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম. শামসুল আলম। এ ছাড়া গবেষণার সঙ্গে যুক্ত শিক্ষক ও শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন। আলোচনায় বিদ্যুৎ ব্যবহারের বাস্তব চিত্র, দরিদ্র জনগোষ্ঠীর বিদ্যুৎপ্রাপ্তি, ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাবনা এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্ব পায়।
কালের আলো/এসকে/এমএসআইপি
আপনার মতামত লিখুন
[gs-fb-comments]