খুঁজুন
                               
, ,
           

ইরানে ১০ ‘বিদেশি গুপ্তচর’ গ্রেপ্তার, নিরাপত্তা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ২:১৪ অপরাহ্ণ
ইরানে ১০ ‘বিদেশি গুপ্তচর’ গ্রেপ্তার, নিরাপত্তা জোরদার

চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ১০ জন ‘বিদেশি গুপ্তচর’ গ্রেপ্তারের দাবি করেছে ইরানের শক্তিশালী সামরিক শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। মঙ্গলবার (১৭ মার্চ) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজাভি খোরাসান প্রদেশে পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছে আইআরজিসির গোয়েন্দা বিভাগ।

সংবাদ সংস্থা ইসনার বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানায়, আটক ব্যক্তিদের ‘ভাড়াটে’ ও ‘বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যায়িত করেছে ইরানি কর্তৃপক্ষ। তবে তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আইআরজিসি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন দেশের ‘সংবেদনশীল স্থাপনা’ ও অর্থনৈতিক অবকাঠামো সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে জড়িত ছিলেন। বাকি ব্যক্তিরা একটি ‘রাজতন্ত্রী সন্ত্রাসী গোষ্ঠীর’ সঙ্গে সম্পৃক্ত বলে সন্দেহ করা হচ্ছে।

ইরানের সীমান্তবর্তী এলাকায় পরিচালিত এই অভিযানের মাধ্যমে বিদেশি গোয়েন্দা তৎপরতা প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানানো হয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের পর থেকে ইরান অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারে বিশেষ পদক্ষেপ নিচ্ছে। তেহরানের অভিযোগ, পশ্চিমা শক্তি ও তাদের আঞ্চলিক মিত্ররা দেশটির ভেতরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এর মাধ্যমে সম্ভাব্য নাশকতা ও ষড়যন্ত্রের নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, চলমান উত্তেজনার মধ্যে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেছে আইআরজিসি।

সূত্র: দ্য গার্ডিয়ান

কালের আলো/এসএকে

ডপলার রিসার্চের জরিপ

প্রধানমন্ত্রীর কাজের প্রতি সন্তুষ্টির হার সরকারের কাজের তুলনায় বেশি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১:৫০ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীর কাজের প্রতি সন্তুষ্টির হার সরকারের কাজের তুলনায় বেশি

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট দেশের ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ। ডপলার রিসার্চ বাংলাদেশ লিমিটেড পরিচালিত ‘অ্যাপ্রুভাল রেটিং সার্ভে ২০২৬’-এ এ তথ্য উঠে এসেছে। বুধবার (১৯ আগস্ট) জরিপের ফল প্রকাশ করা হয়।

জরিপে অংশ নেওয়া ২১ দশমিক ৬ শতাংশ মানুষ জানিয়েছেন, প্রধানমন্ত্রী ভালো করছেন না। আর ১২ দশমিক ১ শতাংশ কোনো মতামত দেননি বা উত্তর দিতে চাননি।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কাজের প্রতি সন্তুষ্টির হার সরকারের কাজের তুলনায় বেশি। সরকারের কাজকে ভালো বলেছেন ৫৪ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা। অন্যদিকে ৩২ দশমিক ৯ শতাংশ সরকারের কাজকে খারাপ বলেছেন।

দেশ সঠিক পথে এগোচ্ছে বলে মনে করেন ৪৮ দশমিক ৬ শতাংশ মানুষ। বিপরীতে ৩৫ দশমিক ৬ শতাংশ মনে করেন দেশ ভুল পথে চলছে। এ প্রশ্নে ১৫ দশমিক ৮ শতাংশ কোনো মতামত দেননি।

জরিপে নাগরিকদের প্রধান উদ্বেগ হিসেবে উঠে এসেছে বিদ্যুৎ ও জ্বালানি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। ৫৯ দশমিক ৫ শতাংশ বিদ্যুৎ ও জ্বালানি এবং ৫৯ দশমিক ১ শতাংশ নিত্যপণ্যের মূল্যকে দেশের বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। এরপর আইনশৃঙ্খলা ও কর্মসংস্থানকে বড় সমস্যা হিসেবে উল্লেখ করা হয়েছে।

জরিপে আরও দেখা গেছে, ৭৮ দশমিক ৬ শতাংশ মানুষ ফ্যামিলি কার্ডকে সমর্থন করেন। করনীতির প্রতি সমর্থন রয়েছে ৭০ দশমিক ৭ শতাংশের এবং সরকারের গণভোটের রায় বাস্তবায়ন করা উচিত বলে মনে করেন ৭০ শতাংশ উত্তরদাতা।

জরিপের মাঠপর্যায়ের কাজ চলতি আগস্ট মাসে পরিচালিত হয়। প্রাপ্তবয়স্কদের একটি প্যানেলের সঙ্গে সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে তথ্য সংগ্রহ করা হয়। জরিপের সময় মোট ১০ হাজার ৪১৩টি কল করা হয়েছিল। গবেষণা প্রতিষ্ঠানটির ভাষায়, সামগ্রিক ফলাফলকে ‘সতর্ক আশাবাদ’ হিসেবে দেখা যায়।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

কোস্টগার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ
কোস্টগার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান

বাংলাদেশ কোস্টগার্ডের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।

‎বুধবার (১৯ আগস্ট) তাকে প্রেষণে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এজন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

‎অন্যদিকে, কোস্টগার্ডের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

প্রবাসী আয়ে বড় লাফ, ১৮ দিনে এলো ১৯৬ কোটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৯:০২ অপরাহ্ণ
প্রবাসী আয়ে বড় লাফ, ১৮ দিনে এলো ১৯৬ কোটি

২০২৬-২৭ অর্থবছরের আগস্ট মাসের প্রথম ১৮ দিনেই দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ১৯৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।

গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৫০ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবৃদ্ধি ৩১ শতাংশ বেশি।

বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে এমনটাই জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১৮ আগস্ট একদিনেই দেশে ৮ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

এদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৮ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ৪৮২ কোটি ৬০ লাখ ডলার। যা ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ের ৩৯৮ কোটি ডলারের তুলনায় ২১.৩ শতাংশ বেশি।

কালের আলো/আরডি/এমডিএইচ