খুঁজুন
                               
, ,
           

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কিউবা 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কিউবা 

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় ও রাজনৈতিক উত্তজনাপূর্ণ পরিস্থিতির মাঝেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে কিউবা।

মঙ্গলবার(১৭ মার্চ) স্থানীয় সময় রাতে দেশটির উপকূলে ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কিউবার পূর্বাঞ্চলের মাইসি পৌর এলাকা থেকে প্রায় ৪৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১১.৬ কিলোমিটার।

স্থানীয় সময় রাত ১২টা ২৮ মিনিটে যখন বাসিন্দারা ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখনই এই কম্পন অনুভূত হয়। তবে শক্তিশালী এই কম্পনের পর তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কিউবা বর্তমানে এক নজিরবিহীন সংকটের মধ্য দিয়ে সময় পার করছে। গত সোমবার থেকে দেশজুড়ে চলা বিদ্যুৎ বিপর্যয়ের পর সরকার দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এই অন্ধকারের মধ্যেই ভূমিকম্পের আঘাত জনমনে নতুন করে আতঙ্ক তৈরি করেছে।

জ্বালানি সংকটের কারণে কিউবার পাওয়ার গ্রিডগুলো এমনিতেই নড়বড়ে অবস্থায় রয়েছে। মার্কিন এই অর্থনৈতিক ও জ্বালানি অবরোধ কিউবার সাধারণ মানুষের কষ্টকে আরও দীর্ঘায়িত করছে বলে অভিযোগ করেছে স্থানীয় প্রশাসন। ভূমিকম্পের ফলে বিদ্যুৎ অবকাঠামোর কোনো নতুন ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইউএসজিএস তাদের প্রাথমিক বিশ্লেষণে জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতির ঝুঁকি বর্তমানে ‘সবুজ’ বা নিম্ন পর্যায়ে রয়েছে। সমুদ্রের তলদেশে গভীরতা কম হওয়ায় বড় ধরনের কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি। তবে উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কিউবায় সাম্প্রতিক সময়ে ভূমিকম্পের প্রবণতা কিছুটা বেড়েছে। এর আগে গত ৬ মার্চ দ্বীপটির উপকূলে ৫.০ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল।

কালের আলো/এসএকে

ডপলার রিসার্চের জরিপ

প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টিতে এগিয়ে তারেক রহমান: ডপলার জরিপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১:৫০ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টিতে এগিয়ে তারেক রহমান: ডপলার জরিপ

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট দেশের ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ। ডপলার রিসার্চ বাংলাদেশ লিমিটেড পরিচালিত ‘অ্যাপ্রুভাল রেটিং সার্ভে ২০২৬’-এ এ তথ্য উঠে এসেছে। বুধবার (১৯ আগস্ট) জরিপের ফল প্রকাশ করা হয়।

জরিপে অংশ নেওয়া ২১ দশমিক ৬ শতাংশ মানুষ জানিয়েছেন, প্রধানমন্ত্রী ভালো করছেন না। আর ১২ দশমিক ১ শতাংশ কোনো মতামত দেননি বা উত্তর দিতে চাননি।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কাজের প্রতি সন্তুষ্টির হার সরকারের কাজের তুলনায় বেশি। সরকারের কাজকে ভালো বলেছেন ৫৪ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা। অন্যদিকে ৩২ দশমিক ৯ শতাংশ সরকারের কাজকে খারাপ বলেছেন।

দেশ সঠিক পথে এগোচ্ছে বলে মনে করেন ৪৮ দশমিক ৬ শতাংশ মানুষ। বিপরীতে ৩৫ দশমিক ৬ শতাংশ মনে করেন দেশ ভুল পথে চলছে। এ প্রশ্নে ১৫ দশমিক ৮ শতাংশ কোনো মতামত দেননি।

জরিপে নাগরিকদের প্রধান উদ্বেগ হিসেবে উঠে এসেছে বিদ্যুৎ ও জ্বালানি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। ৫৯ দশমিক ৫ শতাংশ বিদ্যুৎ ও জ্বালানি এবং ৫৯ দশমিক ১ শতাংশ নিত্যপণ্যের মূল্যকে দেশের বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। এরপর আইনশৃঙ্খলা ও কর্মসংস্থানকে বড় সমস্যা হিসেবে উল্লেখ করা হয়েছে।

জরিপে আরও দেখা গেছে, ৭৮ দশমিক ৬ শতাংশ মানুষ ফ্যামিলি কার্ডকে সমর্থন করেন। করনীতির প্রতি সমর্থন রয়েছে ৭০ দশমিক ৭ শতাংশের এবং সরকারের গণভোটের রায় বাস্তবায়ন করা উচিত বলে মনে করেন ৭০ শতাংশ উত্তরদাতা।

জরিপের মাঠপর্যায়ের কাজ চলতি আগস্ট মাসে পরিচালিত হয়। প্রাপ্তবয়স্কদের একটি প্যানেলের সঙ্গে সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে তথ্য সংগ্রহ করা হয়। জরিপের সময় মোট ১০ হাজার ৪১৩টি কল করা হয়েছিল। গবেষণা প্রতিষ্ঠানটির ভাষায়, সামগ্রিক ফলাফলকে ‘সতর্ক আশাবাদ’ হিসেবে দেখা যায়।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

কোস্টগার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ
কোস্টগার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান

বাংলাদেশ কোস্টগার্ডের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।

‎বুধবার (১৯ আগস্ট) তাকে প্রেষণে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এজন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

‎অন্যদিকে, কোস্টগার্ডের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

প্রবাসী আয়ে বড় লাফ, ১৮ দিনে এলো ১৯৬ কোটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৯:০২ অপরাহ্ণ
প্রবাসী আয়ে বড় লাফ, ১৮ দিনে এলো ১৯৬ কোটি

২০২৬-২৭ অর্থবছরের আগস্ট মাসের প্রথম ১৮ দিনেই দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ১৯৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।

গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৫০ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবৃদ্ধি ৩১ শতাংশ বেশি।

বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে এমনটাই জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১৮ আগস্ট একদিনেই দেশে ৮ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

এদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৮ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ৪৮২ কোটি ৬০ লাখ ডলার। যা ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ের ৩৯৮ কোটি ডলারের তুলনায় ২১.৩ শতাংশ বেশি।

কালের আলো/আরডি/এমডিএইচ