খুঁজুন
                               
, ,
           

গণভোটের রায় প্রত্যাখ্যানের দুঃসাহস দেখাবেন না, সরকারকে ডাকসু ভিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৪:০২ অপরাহ্ণ
গণভোটের রায় প্রত্যাখ্যানের দুঃসাহস দেখাবেন না, সরকারকে ডাকসু ভিপি

‘গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষের রায় প্রত্যাখ্যানের দুঃসাহস দেখাবেন না’— সরকারের উদ্দেশে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

সোমবার (৩০ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন হুঁশিয়ারি দেন তিনি।

পোস্টে ডাকসু ভিপি লেখেন, প্রায় ৭০ শতাংশ ভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ার পরও এই জনরায় প্রত্যাখ্যানে বিএনপি সরকার সর্বশক্তি প্রয়োগ করছে। এটি স্পষ্টত জাতির সঙ্গে তামাশা ও প্রতারণা।

সাদিক কায়েম বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, বিচারক নিয়োগ ও সচিবালয় অধ্যাদেশ কোনো রকম টালবাহানা ছাড়াই পাস করতে হবে।

সরকারকে সতর্ক করে ডাকসু ভিপি আরও বলেন, জনগণের রক্তের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করে, তাদের আকাঙ্ক্ষা ও রায়কে উপেক্ষা করে ফ্যাসিবাদী ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দুঃসাহস দেখাবেন না।

এর আগে সদ্যসমাপ্ত গণভোট যে অধ্যাদেশের অধীনে অনুষ্ঠিত হয়েছে, সেটির কার্যকারিতা শেষ হওয়ায় এটি বিল আকারে সংসদে পাস করার প্রয়োজনীয়তা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাতে সংসদ ভবনে বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বিশেষ কমিটির বৈঠক সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনায় অনেকগুলো যেভাবে আছে, সেভাবেই পাস করার সিদ্ধান্ত হয়েছে। কিছু অধ্যাদেশ সংশোধিত আকারে বিল হিসেবে আনা হবে। আগামী ২ এপ্রিল বিশেষ কমিটির রিপোর্ট সংসদে উত্থাপন করা হবে।

কালের আলো/এসআর/এএএন

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে রাষ্ট্রপতির মনোনয়ন বিষয়ে আলোচনা, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং আগামী দিনের কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

বৈঠকে দলের স্থায়ী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন।

কালের আলো/এসকে/এমএসআইপি 

মানবিক সমাজব্যবস্থা গড়লে থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণ সম্ভব: ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
মানবিক সমাজব্যবস্থা গড়লে থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণ সম্ভব: ডা. জুবাইদা রহমান

Oplus_131072

সবাই মিলে মানবিক সমাজব্যবস্থা গড়ে তুলতে পারলেই থ্যালাসেমিয়া রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির (বিটিএস) আয়োজনে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ‘রক্তদাতা সম্মাননা-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, থ্যালাসেমিয়ায় আক্রান্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা ও প্রয়োজনীয় আশ্বাস দেওয়া অত্যন্ত জরুরি। অনেকেই জানেন না যে এটি একটি প্রতিরোধযোগ্য ব্যাধি। সঠিক ও সময়োপযোগী চিকিৎসার মাধ্যমে মারাত্মকভাবে আক্রান্ত ব্যক্তিও সুস্থ জীবন যাপন করতে পারেন।

রোগটি মোকাবিলায় সারা দেশে থ্যালাসেমিয়া ও অন্যান্য জন্মগত বিরল রোগে আক্রান্তদের জন্য একটি নির্ভুল ডেটাবেজ (রেজিস্ট্রি) তৈরির প্রস্তাব দিয়ে তিনি বলেন, দেশজুড়ে এসব রোগীদের একটি কেন্দ্রীয় তালিকা তৈরি করা প্রয়োজন। থ্যালাসেমিয়া যোদ্ধাদের শতভাগ সুস্থ করা সব সময় সম্ভব না হলেও তাঁদের ও তাঁদের পরিবারকে আন্তরিক সহমর্মিতা ও সেবার হাত বাড়িয়ে দিতে হবে।

সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে তিনি জানান, গর্ভকালীন পরীক্ষা কিংবা যেকোনো বয়সে স্ক্রিনিং টেস্টের মাধ্যমে এ রোগ নির্ণয় করা সম্ভব। সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন ও গ্রাম পর্যায় পর্যন্ত থ্যালাসেমিয়া শনাক্তকরণ ও সচেতনতামূলক কার্যক্রম ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। এ ছাড়া নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের সময় তাদের এই রোগের উপসর্গ ও চিকিৎসা বিষয়ে বিশেষ প্রশিক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জুবাইদা রহমান নিজের কন্যা জাইমা রহমানের কথা উল্লেখ করে বলেন, জাইমা একজন নিয়মিত স্বেচ্ছায় রক্তদাতা এবং এ পর্যন্ত তিনি সাতবার রক্তদান করেছেন।

বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সভাপতি প্রকৌশলী এম এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এ ছাড়া বিশেষ আমন্ত্রণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন।

কালের আলো/এসএকে

দুই জেলার বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৭:১১ অপরাহ্ণ
দুই জেলার বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক বৈঠক

রাজশাহী বিভাগের দুই জেলার বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক আলোচনা সভায় যোগ দিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ আলোচনা সভা শুরু হয়।

দলীয় সূত্র জানায়, তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় জোরদার করা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে এ সভায় আলোচনা হচ্ছে। এতে জয়পুরহাট ও নওগাঁ জেলা বিএনপির নেতারা অংশ নেন।

সভায় দলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার পাশাপাশি তৃণমূলের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হচ্ছে বলে জানা গেছে।

কালের আলো/আরডি/এমডিএইচ