খুঁজুন
                               
, ,
           

দ্বিচারিতার পরিণতি কখনোই ভালো হয় না, সরকারকে সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ
দ্বিচারিতার পরিণতি কখনোই ভালো হয় না, সরকারকে সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, প্রতিশ্রুতি ভেঙে রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া থেকে বিএনপি সরকার সরে যাচ্ছে। গণভোটে জনগণের স্পষ্ট সমর্থন থাকা সত্ত্বেও সংবিধান সংস্কার ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গঠনের অঙ্গীকার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো এখন দ্বিচারিতার আশ্রয় নিচ্ছে। দ্বিচারিতার পরিণতি কখনোই ভালো হয় না।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসি: সরকারের দায় ও জবাবদিহিতা’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে সাদিক কায়েম এসব বলেন।

সাদিক কায়েম বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণবিপ্লবের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো ভেঙে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা। দীর্ঘ সময় ধরে চলা নিপীড়ন, গুম-খুন, অবাধ নির্বাচনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে এই আন্দোলন গড়ে ওঠে। এই আন্দোলনে হাজারো মানুষের আত্মত্যাগের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি হয়েছে।

ডাকসু ভিপি বলেন, ওই আন্দোলনের ধারাবাহিকতায় রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে একাধিক কমিশন গঠন করা হয় এবং পরে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়। এই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে গণভোট আয়োজন করা হয়, যেখানে বিপুলসংখ্যক মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে মত দেয়। এটি জনগণের স্পষ্ট ম্যান্ডেট হলেও বর্তমানে সেই ম্যান্ডেট বাস্তবায়নে অনীহা দেখা যাচ্ছে।

সাদিক কায়েম অভিযোগ করেন, যেসব রাজনৈতিক দল ঐকমত্য কমিশনে অংশ নিয়ে সংবিধান সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলেছিল, তারা এখন সেই অবস্থান থেকে সরে এসেছে। একদিকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, অন্যদিকে বাস্তবে তা অস্বীকার করা হচ্ছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

এই ছাত্রনেতা বলেন, সাধারণ মানুষ, এমনকি গ্রামের কৃষকরাও গণভোটের বিষয়বস্তু বুঝেছে এবং রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে। কিন্তু রাজনৈতিক নেতৃত্বের একাংশ এখন সেই বিষয়গুলো নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে, যা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে।

বিএনপি জনগণের চোখে ধুলো দিয়ে বা বাস্তবতা আড়াল করে এই প্রক্রিয়া থেকে সরে যাওয়ার সুযোগ নেই জানিয়ে ডাকসু ভিপি বলেন, অহংকার ও দ্বিচারিতার পরিণতি কখনোই ভালো হয় না এবং জনগণ শেষ পর্যন্ত তাদের অধিকার আদায়ে সোচ্চার হবে। জুলাই বিপ্লবের মাধ্যমে যে নতুন প্রজন্ম রাজনীতিতে সক্রিয় হয়েছে, তারা রাষ্ট্র পুনর্গঠনের প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। প্রয়োজনে আবারও রাজপথে নামার প্রস্তুতি রয়েছে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, গণভোটে প্রকাশিত জনগণের রায়কে সম্মান জানিয়ে সংবিধান সংস্কার প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় এটি জনগণের আকাঙ্ক্ষার প্রতি অবমাননা হিসেবে বিবেচিত হবে।

কালের আলো /এসাআর /এএএন 

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে রাষ্ট্রপতির মনোনয়ন বিষয়ে আলোচনা, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং আগামী দিনের কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

বৈঠকে দলের স্থায়ী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন।

কালের আলো/এসকে/এমএসআইপি 

মানবিক সমাজব্যবস্থা গড়লে থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণ সম্ভব: ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
মানবিক সমাজব্যবস্থা গড়লে থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণ সম্ভব: ডা. জুবাইদা রহমান

Oplus_131072

সবাই মিলে মানবিক সমাজব্যবস্থা গড়ে তুলতে পারলেই থ্যালাসেমিয়া রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির (বিটিএস) আয়োজনে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ‘রক্তদাতা সম্মাননা-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, থ্যালাসেমিয়ায় আক্রান্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা ও প্রয়োজনীয় আশ্বাস দেওয়া অত্যন্ত জরুরি। অনেকেই জানেন না যে এটি একটি প্রতিরোধযোগ্য ব্যাধি। সঠিক ও সময়োপযোগী চিকিৎসার মাধ্যমে মারাত্মকভাবে আক্রান্ত ব্যক্তিও সুস্থ জীবন যাপন করতে পারেন।

রোগটি মোকাবিলায় সারা দেশে থ্যালাসেমিয়া ও অন্যান্য জন্মগত বিরল রোগে আক্রান্তদের জন্য একটি নির্ভুল ডেটাবেজ (রেজিস্ট্রি) তৈরির প্রস্তাব দিয়ে তিনি বলেন, দেশজুড়ে এসব রোগীদের একটি কেন্দ্রীয় তালিকা তৈরি করা প্রয়োজন। থ্যালাসেমিয়া যোদ্ধাদের শতভাগ সুস্থ করা সব সময় সম্ভব না হলেও তাঁদের ও তাঁদের পরিবারকে আন্তরিক সহমর্মিতা ও সেবার হাত বাড়িয়ে দিতে হবে।

সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে তিনি জানান, গর্ভকালীন পরীক্ষা কিংবা যেকোনো বয়সে স্ক্রিনিং টেস্টের মাধ্যমে এ রোগ নির্ণয় করা সম্ভব। সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন ও গ্রাম পর্যায় পর্যন্ত থ্যালাসেমিয়া শনাক্তকরণ ও সচেতনতামূলক কার্যক্রম ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। এ ছাড়া নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের সময় তাদের এই রোগের উপসর্গ ও চিকিৎসা বিষয়ে বিশেষ প্রশিক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জুবাইদা রহমান নিজের কন্যা জাইমা রহমানের কথা উল্লেখ করে বলেন, জাইমা একজন নিয়মিত স্বেচ্ছায় রক্তদাতা এবং এ পর্যন্ত তিনি সাতবার রক্তদান করেছেন।

বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সভাপতি প্রকৌশলী এম এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এ ছাড়া বিশেষ আমন্ত্রণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন।

কালের আলো/এসএকে

দুই জেলার বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৭:১১ অপরাহ্ণ
দুই জেলার বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক বৈঠক

রাজশাহী বিভাগের দুই জেলার বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক আলোচনা সভায় যোগ দিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ আলোচনা সভা শুরু হয়।

দলীয় সূত্র জানায়, তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় জোরদার করা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে এ সভায় আলোচনা হচ্ছে। এতে জয়পুরহাট ও নওগাঁ জেলা বিএনপির নেতারা অংশ নেন।

সভায় দলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার পাশাপাশি তৃণমূলের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হচ্ছে বলে জানা গেছে।

কালের আলো/আরডি/এমডিএইচ