খুঁজুন
                               
, ,
           

বার কাউন্সিলের সদস‍্য নির্বাচনের ভোটগ্রহণ ১৯ মে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ
বার কাউন্সিলের সদস‍্য নির্বাচনের ভোটগ্রহণ ১৯ মে

সারাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিল-এর সদস্য নির্বাচন-২০২৬ এর ভোটগ্রহণ আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে।

বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে শনিবার (৪ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)।

এছাড়া সভায় বার কাউন্সিলের বিভিন্ন কমিটির চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এ.এস.এম. বখতিয়ার আনোয়ার, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট আবদুল আল মামুন, রিলিফ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম, রোল ও পাবলিকেশন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মাহফুজ আহসানসহ অন্যান্য সদস্যরা অংশ নেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় উপস্থিত সদস্যদের সম্মতিতে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।

নির্ধারিত তারিখে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্টের পর নির্বাচন অনুষ্ঠিত না করে এডহক কমিটি গঠনের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

ইনস্টাগ্রামের নতুন ফিচারে বদলাবে প্রোফাইল সাজানোর ধরন

সোশ্যাল মিডিয়া ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
ইনস্টাগ্রামের নতুন ফিচারে বদলাবে প্রোফাইল সাজানোর ধরন

ব্যবহারকারীদের প্রোফাইল আরও নিজের মতো করে সাজানোর সুযোগ দিতে নতুন সুবিধা চালু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। এখন থেকে অন্য কেউ কোনো পোস্টে আপনাকে ট্যাগ করলে, চাইলে সেই পোস্টটি নিজের মূল প্রোফাইল গ্রিডেও যুক্ত করতে পারবেন।

নতুন এই সুবিধার ফলে বন্ধুদের পোস্ট করা ছবি বা ভিডিও নিজের প্রোফাইলে দেখানোর জন্য একই কনটেন্ট নতুন করে পোস্ট করার প্রয়োজন হবে না। কোনো পার্টি, কনসার্ট, ভ্রমণ কিংবা বিশেষ অনুষ্ঠানের ছবি বা ভিডিওতে আপনাকে ট্যাগ করা হলে সেটি সরাসরি নিজের প্রোফাইল গ্রিডে যুক্ত করা যাবে।

ইনস্টাগ্রাম জানিয়েছে, ট্যাগ করা পোস্ট গ্রিডে যুক্ত করার জন্য ব্যবহারকারীরা একাধিক পথ পাবেন। ট্যাগ হওয়ার পর পাওয়া ডিএম নোটিফিকেশন, সংশ্লিষ্ট পোস্ট অথবা প্রোফাইলের ‘ট্যাগড’ ট্যাব থেকে পোস্টটি গ্রিডে যোগ করা যাবে।

পরবর্তী সময়ে ইচ্ছা পরিবর্তন হলে পোস্টটি নিজের প্রোফাইল গ্রিড থেকে সরিয়েও দেওয়া যাবে। তবে এতে মূল পোস্টের কোনো পরিবর্তন হবে না। যিনি পোস্টটি প্রকাশ করেছেন, তাঁর প্রোফাইলেই সেটি আগের মতো থাকবে। নিজের গ্রিডে যুক্ত করলেও পোস্টটি নতুন করে প্রকাশ বা ডুপ্লিকেট হবে না।

কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও নতুন সুবিধাটি কার্যকর হতে পারে। কোনো কোলাবোরেশন বা ব্র্যান্ড ক্যাম্পেইনে একাধিক ক্রিয়েটরকে ট্যাগ করা হলে, তাঁরা একই পোস্ট নিজেদের প্রোফাইল গ্রিডে যুক্ত করতে পারবেন।

প্রোফাইল সাজানোর ক্ষেত্রে ইনস্টাগ্রামের সাম্প্রতিক উদ্যোগের অংশ হিসেবেই দেখা হচ্ছে ফিচারটিকে। এর আগে ‘রিঅর্ডার ইওর গ্রিড’ সুবিধার মাধ্যমে গ্রিডে থাকা পোস্টের অবস্থান পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছিল। পাশাপাশি ‘ফার্স্ট ড্রাফট’ ও ‘রিপ্লেস অডিও’-এর মতো সুবিধাও চালু করেছে প্ল্যাটফর্মটি।

সূত্র: টেকক্রাঞ্চ

কালের আলো/এসএ

ডেঙ্গু প্রতিরোধে হাসপাতালের আঙিনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

টাংগাইল সংবাদদাতা
প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
ডেঙ্গু প্রতিরোধে হাসপাতালের আঙিনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের আঙিনা নিজ হাতে পরিষ্কার করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে তিনি হাসপাতালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি অপ্রয়োজনীয় পানি জমে থাকা স্থান পরিষ্কার এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের কার্যক্রমে অংশ নেন।

এর আগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর পদক্ষেপগুলোর একটি হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসাসহ যেকোনো স্থানে পানি জমতে দেওয়া যাবে না। নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগকে সফল করতে সারা দেশে একযোগে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে এডিস মশার বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।

কর্মসূচিতে জেলা প্রশাসক শরীফা হক, জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার, জেলা সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আব্দুল কুদ্দুছ, জেনারেল হাসপাতালের উপ-পরিচালক খন্দকার সাদিকুর রহমানসহ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

বিভেদ-হানাহানি উন্নয়ন বাধাগ্রস্ত করে: সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুর সংবাদদাতা
প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
বিভেদ-হানাহানি উন্নয়ন বাধাগ্রস্ত করে: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেছেন, নিজেদের পরিবেশ সুন্দর ও শান্তিপূর্ণ রাখতে পারলে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সহজ হয়। অন্যদিকে বিভেদ, মারামারি ও হানাহানি উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ থাকলেই এলাকার উন্নয়ন কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়া সম্ভব। এ সময় সভায় বিপুলসংখ্যক মানুষের শান্তিপূর্ণ উপস্থিতির প্রশংসা করেন তিনি।

ডা. জাহিদ হোসেন বলেন, এলাকার ছেলে-মেয়েদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা পরিবার অর্থনৈতিক সংকটে পড়লে তাদের পাশে দাঁড়ানো সমাজের দায়িত্ব। এ ধরনের অসহায় মানুষের খোঁজখবর নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বিএনপির নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে মন্ত্রী বলেন, সঠিক তথ্য ও প্রয়োজনীয় পরামর্শ পাওয়া গেলে উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ স্থানীয় বিএনপি নেতা-কর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি