খুঁজুন
                               
, ,
           

তিনদিন অনলাইন ও তিনদিন অফলাইনে ক্লাস চালুর সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৪৯ অপরাহ্ণ
তিনদিন অনলাইন ও তিনদিন অফলাইনে ক্লাস চালুর সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর
মহানগরে মাধ্যমিক স্তরের কিছু স্কুলে পরীক্ষামূলকভাবে শিক্ষার্থীদের জন্য তিনদিন অনলাইন ও বাকি তিনদিন অফলাইনে (সশরীরে) ক্লাস চালুর সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে অনলাইন-অফলাইন ক্লাস চালুর বিষয়ে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। অন্যদিকে, শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হয়ে অফলাইন ক্লাসে অংশ নেবে।

এহছানুল হক মিলন বলেন, শনিবার স্কুলে ক্লাস হবে, এদিন ট্রাফিক কম। রোববার অনলাইনে ক্লাস করতে চাই, শিক্ষকরা স্কুলে এসে ক্লাস করবেন। সোমবার স্কুলে আনতে চাই। মঙ্গলবার স্কুলে আসব না, অনলাইনে ক্লাস। বুধবার আনতে চাই। বৃহস্পতিবার অনলাইনে ক্লাস। শুক্রবার অনলাইনে ক্লাস করালে বাবা-মায়েদের সমস্যা হবে। আমরা পাইলট হিসেবে চালু করব। কিন্তু শিক্ষকদের স্কুলে এসে ক্লাসে অংশ নিতে হবে।

তিনি বলেন, আমরা তিন দিন অনলাইনে ও তিন দিন স্কুলে এনে ক্লাস করব। আমরা কাউকে ফোর্স করছি না, বৃহৎ স্কুলগুলো, ভালো স্কুলগুলোকে ব্লেন্ডিং এডুকেশনে যাওয়ার জন্য আমরা এই কাজগুলো হাতে নিয়েছি। স্কুলগুলোকে প্রিভিলেজ দিচ্ছি যে ট্যাক্স ফ্রি গাড়ি কিনতে। আর ওয়াইফাই সুবিধা দেওয়ার জন্য মন্ত্রণালয়ে বসে কথা বলব।

অনলাইন ক্লাস কি সারা দেশে শুরু হবে– জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, মহানগরে যেখানে যানজট হয়। মহানগর বলতে বরিশালের বা ময়মনসিংহের কথা বলিনি। আমাদের শহরের রিনাউন স্কুলগুলো, যেটাতে গাড়ি নিয়ে আসে যায়, যানজট তৈরি করে। আমরা সারা বাংলাদেশ না, সারা মেট্রোপলিটন না। আমরা যদি প্রস্তুতি নিতে পারি, তাহলে সারা দেশে যাব। হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমরা ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেব।

নতুন এই পদ্ধতিতে কবে থেকে ক্লাস শুরু হবে– জানতে চাইলে এহছানুল হক মিলন বলেন, আগামী সপ্তাহ থেকে এই পদ্ধতিতে ক্লাস হবে।

কোন কোন স্কুলে অনলাইন-অফলাইন ক্লাস হবে, তার কোনো তালিকা করা হয়েছে কি না– জানতে চাইলে মন্ত্রী বলেন, শুনুন, এটা করোনা না যে আমরা জোর করে শুরু করব। এটা ব্লেন্ডিং এডুকেশন। যারা অ্যাফোর্ড করতে পারবে, যাদের অনেক বাচ্চা গাড়িতে করে আসে তারা করবে। আমি কাউকে জোর করে করতে বলিনি।

শিক্ষা সচিব আব্দুল খালেক বলেন, ঢাকা শহরের কিছু নির্দিষ্ট স্কুল, মহানগরীর কিছু নামকরা স্কুলে, যেখানে বাচ্চারা গাড়িতে করে যায়। সেসব স্কুলে অনলাইনে ক্লাস চালু করা হবে।

পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডের নাজিরাবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রোজিনা আক্তার শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমার স্কুলের বেশিরভাগ শিক্ষার্থী তৃণমূল পর্যায়ের। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মী, সবজি বিক্রেতার সন্তানেরা পড়ে, বেশিরভাগ শিক্ষার্থীর বাসায় অ্যান্ড্রয়েড মোবাইল– প্রতি ২০ জনের মধ্যে একজন পাব কি না? সেক্ষেত্রে আমি কী করতে যাব?

এসব শ্রেণির স্কুলের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, না। আপনাকে আমরা ইনক্লুড করিনি। আমরা বলছি নামিদামি স্কুলগুলো, যেখানে ৯০ শতাংশের বেশি গাড়ি নিয়ে আসে, সেই স্কুলগুলোর জন্য। আপনাকে আমরা এ ব্যাপারে ইনসিস্ট করছি না। যেগুলো ভালো স্কুল, সেগুলো আস্তে আস্তে শুরু করুক। তালিকাগুলো আমরা দেব।

অন্য স্কুলগুলো সপ্তাহে ৫ দিন না ৬ দিন স্কুল করবে– এমন প্রশ্নে এহছানুল হক মিলন বলেন, তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, তারা তাদের মতো করে ক্লাস করবে। অর্থাৎ আগের মতো পাঁচদিন ক্লাস করবে বলে জানান মন্ত্রী।

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর আগামী জুলাই থেকে ও লেভেল, এ লেভেল পরীক্ষা, তারা অনলাইনে যেতে চাইছে না– এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সবার সঙ্গে আমার আলোচনা হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের জন্য কী সিদ্ধান্ত– জানতে চাইলে মন্ত্রী বলেন, সেগুলো আরেকটি বিষয়। পরে আলোচনা করে সিদ্ধান্ত হবে। অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো হবে।

সংবাদ সম্মেলনে রাজধানীর ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে তাদের মতামত নেওয়া হয়। এসময় প্রতিষ্ঠান প্রধানরা অনলাইন ক্লাস চালুর জন্য প্রস্তুতি নিতে সময় চান।

কালের আলো/এসআর/এএএন

দীর্ঘমেয়াদি জনকল্যাণ নিশ্চিতে উন্নয়ন প্রকল্প নিতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৪:০৫ অপরাহ্ণ
দীর্ঘমেয়াদি জনকল্যাণ নিশ্চিতে উন্নয়ন প্রকল্প নিতে হবে: মির্জা ফখরুল

জনগণের জীবনমানের বাস্তব উন্নয়ন নিশ্চিত করতে জনস্বার্থ, জবাবদিহি, দক্ষতা এবং দীর্ঘমেয়াদি জাতীয় প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দৃশ্যমান অবকাঠামো নির্মাণের চেয়ে মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণ নিশ্চিত করে—এমন প্রকল্পই অগ্রাধিকার পাবে।

বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতায় ২০২৬–২৭ অর্থবছরের চলমান এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অন্তর্ভুক্ত অননুমোদিত নতুন প্রকল্পসমূহ পর্যালোচনা ও প্রয়োজন অনুযায়ী

পুনর্বিন্যাসসংক্রান্ত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

সভার শুরুতে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন ২০২৫–২৬ ও ২০২৬–২৭ অর্থবছরের এডিপির সার্বিক চিত্র উপস্থাপন করা হয়। পাশাপাশি চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং প্রয়োজন অনুযায়ী পুনর্বিন্যাসের সম্ভাব্য ক্ষেত্রগুলো তুলে ধরা হয়।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, প্রকল্প গ্রহণের ক্ষেত্রে শুধু দৃশ্যমান অবকাঠামো নয়, মানুষের জীবনমানের ওপর প্রকৃত প্রভাবকে বিবেচনায় নিতে হবে। জনপ্রিয়তার জন্য নয়, মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে কার্যকর হবে—এমন প্রকল্পকেই অগ্রাধিকার দিতে হবে। আগামী পাঁচ, ১০ কিংবা ৫০ বছর পর দেশের উন্নয়নের অবস্থান কোথায় দেখতে চাই, সেই লক্ষ্য সামনে রেখেই পরিকল্পনা প্রণয়ন করতে হবে।

তিনি বলেন, প্রকল্প প্রণয়নে আরও সতর্কতা, বাস্তবসম্মত পরিকল্পনা এবং ফলাফলভিত্তিক মূল্যায়নের ওপর গুরুত্ব দিতে হবে। প্রয়োজন অনুযায়ী নতুন প্রকল্প গ্রহণের পাশাপাশি চলমান প্রকল্প সংশোধন, পুনর্বিন্যাস কিংবা সমজাতীয় প্রকল্প একীভূত করে বাস্তবায়নের গতি বাড়াতে হবে।

মন্ত্রী বলেন, রাষ্ট্রীয় অর্থ জনগণের কষ্টার্জিত সম্পদ। তাই প্রতিটি টাকার সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রকল্প বাস্তবায়নে সময়ানুবর্তিতা, গুণগত মান, ব্যয়দক্ষতা এবং জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থানীয় সরকার বিভাগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের অন্যতম প্রধান বাস্তবায়নকারী প্রতিষ্ঠান। দেশের অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, গ্রামীণ উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে এ বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিকতা, দক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার বিকল্প নেই। এ খাতে টেকসই ও সময়োপযোগী প্রকল্প গ্রহণ এবং কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দৃশ্যমান পরিবর্তন আনতে হবে।

প্রশিক্ষণ ও গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দক্ষ মানবসম্পদ তৈরিই টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। প্রশিক্ষণের মাধ্যমে এমন দক্ষতা অর্জন করতে হবে, যা আত্মকর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে সহায়ক হবে। নারী উন্নয়ন ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে তিনি এসব উদ্যোগ আরও ব্যাপকভাবে জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানান। পাশাপাশি প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়েও গুরুত্বারোপ করেন।

সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী, পরিকল্পনা কমিশনের বিভিন্ন বিভাগের সদস্য, দুই বিভাগের সংশ্লিষ্ট অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিবসহ মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন এবং অধীনস্থ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার 

চট্টগ্রাম প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার 

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮) দিবাগত রাত ৩টার দিকে যশোরের ধুমধুমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডেভিড ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মো. মুসার ছেলে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।

জেলা পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধুমধুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ অভিযানে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

পরে তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, একসময় সাধারণ জীবনযাপন করলেও শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ গ্রুপে যোগ দেওয়ার পর চট্টগ্রামে সংঘটিত একাধিক হত্যাকাণ্ডে ডেভিড ইমনের নাম উঠে আসে।

বিদেশি পিস্তল হাতে তার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তিনি সাজ্জাদ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিতি পান। দুবাইয়ে অবস্থান করে সেখান থেকে চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করতেন বলে অভিযোগ রয়েছে।

দাবি অনুযায়ী চাঁদা না দিলে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসভবনে গুলিবর্ষণ ও হামলার ঘটনাও ঘটানো হতো বলে জানিয়েছে পুলিশ।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’র ইতিহাস

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৩:২৫ অপরাহ্ণ
ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’র ইতিহাস

মুক্তির মাত্র ১০ দিনেই বিশ্বব্যাপী ৬৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৯৫০ কোটি টাকা) আয় করে বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে খ্যাতনামা পরিচালক ক্রিস্টোফার নোলানের নতুন চলচ্চিত্র ‘দ্য ওডিসি’। প্রায় তিন হাজার বছরের পুরোনো গ্রিক মহাকাব্য অবলম্বনে নির্মিত এই সিনেমার অবিশ্বাস্য বাণিজ্যিক সাফল্য চলচ্চিত্র বিশ্লেষকদেরও বিস্মিত করেছে।

মুক্তির প্রথম সপ্তাহান্তেই উত্তর আমেরিকার বাজার থেকে ছবিটি সংগ্রহ করে ১২ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার। একই সময়ে আন্তর্জাতিক বাজারসহ বিশ্বব্যাপী এর মোট আয় দাঁড়ায় ২৬ কোটি ৪১ লাখ ডলারে। ২৫ কোটি মার্কিন ডলার বাজেটে নির্মিত এই ছবিটি ইতোমধ্যেই চলতি বছরের অন্যতম সেরা ব্যবসাসফল সিনেমায় পরিণত হয়েছে।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, গ্রিক কবি হোমারের মহাকাব্যভিত্তিক একটি ভাবগম্ভীর চলচ্চিত্রের এই অভাবনীয় সাফল্যের পেছনে মূলত পাঁচটি বড় কারণ রয়েছে:

নোলানের ব্র্যান্ড ভ্যালু: ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’ কিংবা ‘ওপেনহাইমার’-এর মতো কালজয়ী সিনেমা উপহার দিয়ে ক্রিস্টোফার নোলান নিজেই এক বিশ্বস্ত ব্র্যান্ডে পরিণত হয়েছেন। সিনেমাটি তাঁর ক্যারিয়ারে সর্বোচ্চ বৈশ্বিক উদ্বোধনী আয়ের রেকর্ডও গড়েছে।

আইম্যাক্সের নতুন অভিজ্ঞতা: ‘দ্য ওডিসি’ বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যা সম্পূর্ণভাবে আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা হয়েছে। উদ্বোধনী সপ্তাহান্তেই শুধু আইম্যাক্স সংস্করণ থেকে আয় এসেছে ৫ কোটি ১৮ লাখ ডলার।

তারকাবহুল অভিনয়শিল্পী: প্রধান চরিত্র ওডিসিউসের ভূমিকায় অভিনয় করেছেন ম্যাট ডেমন। এছাড়া টম হল্যান্ড, অ্যান হ্যাথাওয়ে, জেন্ডায়া, লুপিতা নিয়ঙ্গ’ও, রবার্ট প্যাটিনসন, শার্লিজ থেরন ও জন বার্নথালের মতো তারকাদের উপস্থিতি দর্শকদের প্রেক্ষাগৃহে টেনে এনেছে।

সব বয়সী দর্শকের আগ্রহ: সিনেমাটি কেবল প্রাপ্তবয়স্কদের আকর্ষিত করবে বলে প্রাথমিক ধারণা করা হলেও বাস্তবে দেখা গেছে, উদ্বোধনী সপ্তাহান্তের দর্শকদের প্রায় অর্ধেকই ছিলেন ১৮ থেকে ৩৪ বছর বয়সী তরুণ-তরুণী।

ইতিবাচক পর্যালোচনা (পজেটিভ রিভিউ): সমালোচক ও সাধারণ দর্শক—উভয় পক্ষের প্রশংসার ঝড় এবং সামাজিক যোগাযোগমাধ্যমের জোরালো প্রচার টিকিট বিক্রি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

চলচ্চিত্র বিশেষজ্ঞদের ধারণা, যেভাবে দর্শক ও সমালোচকদের মন জয় করে নিয়েছে ছবিটি, তাতে আগামী কয়েক সপ্তাহজুড়ে বিশ্বব্যাপী বক্স অফিসে ‘দ্য ওডিসি’-র এই আধিপত্য অব্যাহত থাকবে।

কালের আলো/এসএ