খুঁজুন
                               
শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৫ আষাঢ়, ১৪৩৩
           

জ্বালানি সংকট নিয়ে লুকোচুরির কী আছে: সরকারকে জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৯:০৬ অপরাহ্ণ
জ্বালানি সংকট নিয়ে লুকোচুরির কী আছে: সরকারকে জামায়াত আমির

জ্বালানি তেল সংকট নিয়ে সরকারের তথ্য প্রকাশে স্বচ্ছতার দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রশ্ন তুলেছেন—সংকট নিয়ে লুকোচুরির কী আছে। তিনি বলেন, বাস্তব পরিস্থিতি গোপন না করে খোলামেলা সত্য তুলে ধরলেই সমাধানের পথ খুঁজে পাওয়া সম্ভব।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর আসাদগেট এলাকায় একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, বিভিন্ন পাম্পে লাইনে দাঁড়িয়ে থাকা চালক ও মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি গাড়িকে একবারে সর্বোচ্চ ২ হাজার টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। মোটরসাইকেলের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০০ এবং সর্বনিম্ন ১৫০ টাকার তেল দেওয়া হচ্ছে। পাম্পভেদে এ পরিমাণ কিছুটা কমবেশি হচ্ছে বলেও জানান তিনি।

পাম্প ব্যবস্থাপনার সঙ্গে কথা বলার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আগে যেখানে প্রতিদিন তিন গাড়ি তেল সরবরাহ পেত, এখন সংকটের কারণে তা কমে এক গাড়িতে নেমে এসেছে। এই পরিমাণ দিয়ে ২৪ ঘণ্টার চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না। অথচ সরকারের পক্ষ থেকে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি তেল বিক্রির কথা বলা হচ্ছে, যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে দাবি করেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, জাতীয় সংসদকে পবিত্র ও সার্বভৌম প্রতিষ্ঠান বলা হলেও সেখানে দাঁড়িয়ে যদি সঠিক তথ্য উপস্থাপন না করা হয়, তাহলে তা জাতির জন্য দুর্ভাগ্যজনক। তিনি সাধারণ মানুষের ভোগান্তির কথাও তুলে ধরে বলেন, ঘণ্টার পর ঘণ্টা রোদ-বৃষ্টি উপেক্ষা করে মানুষকে তেলের জন্য অপেক্ষা করতে হচ্ছে। এই দুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

পরিদর্শনের অভিজ্ঞতা সংসদে তুলে ধরবেন জানিয়ে তিনি বলেন, বাস্তবতা যাচাই করেই কথা বলছেন, কোনো অনুমাননির্ভর বক্তব্য নয়। ডা. শফিকুর রহমান আরও বলেন, জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির প্রভাবেও তৈরি হয়েছে, তবে এ নিয়ে তথ্য গোপন করার কোনো কারণ নেই। সবাইকে নিয়ে সমাধানের পথ খুঁজতে হলে বাস্তবতা স্বীকার করা প্রয়োজন।

তিনি প্রশ্ন তোলেন, সংকট ধামাচাপা দিলে কৃষক কীভাবে সেচের জন্য প্রয়োজনীয় জ্বালানি পাবে। এ সময় মোটরসাইকেলভিত্তিক আয়ের ওপর নির্ভরশীলদের দুরবস্থার কথাও তুলে ধরেন তিনি। তার দাবি, আগে যেখানে দৈনিক দেড় হাজার টাকা আয় হতো, এখন তা কমে ৫০০-৬০০ টাকায় নেমে এসেছে। জ্বালানি বাজারের অস্থিরতা ও পরিবহন ব্যয় বৃদ্ধির পাশাপাশি চাঁদাবাজির প্রভাব সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে বলেও উল্লেখ করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে তিনি গাজীপুরের মাওনায় এক কিশোরী অপহরণের ঘটনার কথা উল্লেখ করেন এবং দ্রুত উদ্ধারের দাবি জানান। একই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সরকারের উদ্দেশে তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে সরকারের নৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ হবে। এ বিষয়ে দেশবাসীই চূড়ান্ত বিচার করবে বলে মন্তব্য করেন তিনি।

কালের আলো/এসআর/এএএন 

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ২:০০ অপরাহ্ণ
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির

সংবাদ সম্মেলনে কথা বলছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম। ছবি: ঢাকা মেইল
‎কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীতে কোনো ধরনের আশঙ্কা নেই। তবে, এ দিনটি ঘিরে পুরো রাজধানী জুড়ে সতর্ক অবস্থানে থাকবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

‎শুক্রবার (১৯ জুন) বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। এটিকে কেন্দ্র করে আমরা সতর্ক অবস্থানে আছি। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অতীতের মতোই প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে নিরাপত্তা চেকপোস্ট অব্যাহত রয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে।’

‎কোনো আতঙ্কিত না থেকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়িয়ে নগরবাসীকে সতর্ক অবস্থানে থাকতে পরামর্শ দিয়েছেন তিনি।

কালের আলো/এসআর/এএএন

দেশজুড়ে বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১:০১ অপরাহ্ণ
দেশজুড়ে বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

শুক্রবার (১৯ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল শনিবার (২০ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (২১ জুন) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার (২২ জুন) রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার (২৩ জুন) ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, পরবর্তী বর্ধিত পাঁচ দিনেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বৃহস্প‌তিবার (১৮ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ২০২৬ সালের ইকোসক হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় বক্তব্য প্রদানকালে তিনি এ আহ্বান জানান।

আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিতকরণ, সংঘাত প্রতিরোধে অধিক বিনিয়োগ এবং মানবিক, শান্তি ও উন্নয়ন কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদারের ওপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুরুত্বারোপ করেন।

তিনি নারী ও কিশোরীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান প্রযুক্তিনির্ভর হয়রানি ও অপব্যবহারের বিষয়টি তুলে ধরেন। এ ধরনের হুমকি মোকাবিলায় একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী রোহিঙ্গা নারী ও কিশোরীদের ওপর চলমান অর্থায়ন সংকটের নেতিবাচক প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা চলমান রাখার ওপর গুরুত্বারোপ করে তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবর্তনের আহ্বান জানান।

অনুষ্ঠানের ফাঁকে প্রতিমন্ত্রী ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রী নগুয়েন মিন ভুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং বহুপাক্ষিক অঙ্গনে সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি